ক্রীড়াজগতের অন্যতম সেরা উদ্ভাবন একদিনের ক্রিকেট: লয়েড
৪০ বছর আগে অনেকটা দুর্ঘটনার মধ্য দিয়েই জন্ম হয়েছিল সীমিত ওভারের ক্রিকেটের। ১৯৭১ সালের ৫ জানুয়ারি অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বৃষ্টিবিঘ্নিত একটি টেস্টের ফল নির্ধারণের জন্যই প্রথম সীমিত ওভারের একটা খেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। ৪০ ওভারের সেই ম্যাচটিতে অস্ট্রেলিয়া জিতেছিল ৫ উইকেটে। এ রকম একটা দুর্ঘটনাই যে পরবর্তী সময় ক্রিকেট দুনিয়ার মোড় ঘুরিয়ে দেবে, জন্ম দেবে ক্রীড়াজগতের অন্যতম উত্তেজনাপূর্ণ একটা প্রতিযোগিতার, সেটা হয়তো তখন কেউই ভাবেননি। প্রথম প্রথম অনেকেই নাক সিঁটকেছিল, সংশয় প্রকাশ করেছিল ক্রিকেটের এই নবতম সংস্করণটির ভবিষ্যত্ নিয়ে। কিন্তু সেসব সংশয় ধোপে টেকেনি। জনপ্রিয়তার শীর্ষে উঠতেও খুব বেশি সময় লাগেনি একদিনের ক্রিকেটের। ক্রীড়ামোদীদের মন জয় করে আগামি জানুয়ারীতে সদর্পেই ৪০ বছর পূর্ণ করতে যাচ্ছে একদিনের ক্রিকেট। দুর্ঘটনার মধ্য দিয়ে জন্ম হলেও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্লাইভ লয়েড তো একদিনের ক্রিকেটকে আখ্যায়িত করলেন ক্রীড়াজগতের অন্যতম সেরা উদ্ভাবন বলে।একদিনের ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ দলটা। গর্ডন গ্রিনিজ, ভিভ রিচার্ডস, রোহান কানহাই, ম্যালকম মার্শাল, মাইকেল হোল্ডিংরা ক্রিকেটপ্রেমীদের মাতিয়েছিলেন নতুন উন্মাদনায়। খেলাটাকে করে তুলেছিলেন অনেক উত্তেজনাপূর্ণ। এরপর একে একে অনেক রথী-মহারথীরই জন্ম হয়েছে বিশ্ব ক্রিকেটের আঙ্গিনায়। সবাই মিলে একদিনের ক্রিকেটের জনপ্রিয়তাকে নিয়ে গেছেন গগনচুম্বী উচ্চতায়। একদিনের ক্রিকেটের ৪০ বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ সাক্ষাত্কারে ক্লাইভ লয়েড বলেছেন, ‘আমার মনে হয়, আমরা যে দৃষ্টিভঙ্গি নিয়ে খেলাটা শুরু করেছিলাম, সেটাই এটাকে অনেকখানি এগিয়ে দিয়েছে। আমরা খেলাটা খুব উপভোগ করতাম। আমরা সব সময় চিন্তা করতাম, অনেক শট খেলতে হবে, দর্শকদের আনন্দ দিতে হবে। মানুষ এজন্যই একদিনের ক্রিকেট দেখতে পছন্দ করে। এখন তো ব্যাটসম্যানরা অনেক নতুন নতুন শট খেলছে। রিভার্স সুইপ, স্লগ সুইপ। দর্শক ঠিক এটাই চায়। এগুলোই একদিনের ক্রিকেটকে দিন দিন আরও জনপ্রিয় করে তুলছে।’সীমিত ওভারের ক্রিকেটের প্রথম যুগে একরকম একচ্ছত্র আধিপত্য ছিল ওয়েস্ট ইন্ডিজের। ১৯৭৫ আর ১৯৭৯ সালের প্রথম দুইটি বিশ্বকাপই উঠেছিল ক্লাইভ লয়েডের হাতে। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে অনেক ম্যাচই জিতেছে তারা। কিন্তু ৪০ বছর পর সেরা ওয়ানডে ম্যাচটা নির্বাচন করতে গিয়ে ক্লাইভ লয়েড বলেছেন প্রথম বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটার কথা। জয়ের জন্য ১৪ ওভারে ৬০ রান দরকার ছিল উইন্ডিজের। হাতে ছিল মাত্র ১ উইকেট। শেষ উইকেটে অসাধারণ ব্যাটিং করে দুরুহ জয় এনে দিয়েছিলেন ডারেক মারে ও অ্যান্ডি রবার্টস। সর্বকালের সেরা দলটি নির্বাচনের ক্ষেত্রে কিছুটা কৌশলের আশ্রয় নিয়েছেন দুইবারের বিশ্বকাপজয়ী এই উইন্ডিজ অধিনায়ক। সরাসরি একাদশ নির্বাচনের ঝামেলায় না গিয়ে তিনি বলেছেন কারা কারা থাকতে পারেন তাঁদের নাম। ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্স হেইন্স, গর্ডন গ্রিনিজ, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং, জোয়েল গার্নার, ম্যালকম মার্শাল ছাড়াও তিনি বলেছেন শচীন টেন্ডুলকার, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরলিধরন, ড্যানিয়েল ভেট্টরি, জয়সুরিয়া, রিচার্ড হ্যাডলি, ইমরান খান, কপিল দেব, ইয়ান বোথাম, জাভেদ মিয়াঁদাদ, ধোনি, অ্যাডাম গিলক্রিস্ট ও ওয়াসিম আকরামের কথা। অধিনায়কত্বের দায়িত্বটা অবশ্য নিজের কাঁধেই রাখতে চেয়েছেন ক্লাইভ লয়েড। তবে নিজে থাকতে না পারেলে সেই জায়গায় ইমরান খানকেই বসাতে চেয়েছেন তিনি। —ওয়েবসাইট