ক্রীড়াবিদই থাকবেন টেন্ডুলকার
অবশেষে মুখ খুললেন ‘সাংসদ’ শচীন টেন্ডুলকার। ধর্ম-বর্ণ-গোত্রনির্বিশেষে সব শ্রেণীর মানুষের নায়ক থেকে একটি দলের হয়ে যাওয়া, ভারতের ক্রিকেট-দেবতার রাজ্যসভার সদস্য হওয়া হতাশ করেছিল অনেককেই। টেন্ডুলকার জানালেন, কোনো দলের নয়, এখনো তিনি সবারই আছেন। এখনো তাঁর পরিচয় ক্রিকেটার টেন্ডুলকার, রাজনীতিবিদ নয়। রাজনীতিতে নামার কোনো ইচ্ছাও নেই।আন্তর্জাতিক ক্রিকেটে ২২ বছর কাটানোর জন্য পুনে-ভিত্তিক একটি নির্মাণ সংস্থা গত মঙ্গলবার সংবর্ধনা দিয়েছে টেন্ডুলকারকে। দেওয়া হয়েছে সোনা-রুপায় মোড়ানো সুদৃশ্য এক ব্যাট। ওই অনুষ্ঠানেই গণমাধ্যমের সঙ্গে প্রায় ৪৫ মিনিট কথা বলেছেন টেন্ডুলকার, যার বেশির ভাগ জুড়ে ছিল অবশ্যই সাম্প্রতিক আলোচিত ইস্যু।‘বছর দেড়েক আগে ভারতের এয়ারফোর্স আমাকে গ্রুপ ক্যাপ্টেন সম্মানে ভূষিত করেছিল, আমি কিন্তু এখনো বিমান চালানো শিখিনি। রাজনীতি শেখার ইচ্ছাও আমার নেই।’ শুরুতেই সবাইকে হাসিয়ে যেন পরিবেশটাই অন্য রকম করে দিলেন টেন্ডুলকার। এরপর জানালেন নিজের ভাবনা, ‘লতা দিদিও (লতা মুঙ্গেশকর) মনোনীত সদস্য ছিলেন। আমার যতদূর মনে পড়ে, পৃথ্বীরাজ কাপুরও। আমি সাড়ে ২২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি বলেই আমাকে মনোনীত করা হয়েছে। নিজের জগতে অবদানের জন্য যখন কোনো স্বীকৃতি দেওয়া হয়, তখন সেটা বড় সম্মান। রাষ্ট্রপতি মহোদয়ের মনোনয়ন পেলে তো আর না করা যায় না! সত্যি বলতে, মনোনীত হয়ে আমি রোমাঞ্চিত।’সবার শচীন থেকে একটি দলের হয়ে যাওয়া, এই হাহাকারটিকেও হেসে উড়িয়ে দিয়েছেন, ‘আমি একজন ক্রীড়াবিদ, ক্রীড়াবিদই থাকব। ক্রিকেট ছেড়ে রাজনীতিতে নামার কোনো ইচ্ছা আমার নেই। ক্রিকেট আমার জীবন, সব সময় তা-ই থাকবে। ক্রিকেট খেলেই যাব।’সম্পূরক প্রশ্নও সঙ্গে সঙ্গে উঠেছে, যে প্রশ্ন অনেকের মনেই। দুই জগতের সঙ্গে সমন্বয় করবেন কীভাবে! এমনকি শিবসেনার প্রধান বাল ঠাকরেও স্বভাবসুলভ কণ্ঠে বলেছেন, ‘টেন্ডুলকার ওখানে কী করবে? ওখানে ওর কোনো কাজ নেই।’ টেন্ডুলকার জানালেন, দুটো জগেক এক করেই তিনি কাজ করবেন, ‘আমার ওপর অনেক দায়িত্ব আছে। আমি অবশ্যই খেলাধুলার জগৎনিয়ে কিছু করতে চাইব, কারণ আমি এটাই ভালো করে জানি। অবসরের পর আমি ভালো করে চেষ্টা করব ক্রীড়ায় যা পারি করতে।’ ওয়েবসাইট।অধ্যাপক বাবার ছেলে কথা বললেন শিক্ষার গুরুত্ব নিয়েও, ‘শিক্ষা সহায়তা করে সারা জীবন। এই জগতে কোনো উত্থান-পতন নেই। শিক্ষা সব সময় সঙ্গে থেকে যায়। আমার পরিস্থিতি ছিল ভিন্ন, কারণ একদম ছেলেবেলা থেকেই ক্রিকেট শুরু হয়েছে। কিন্তু আমার বাড়ির পরিবেশ ছিল ভিন্ন। বাবা ছিলেন অধ্যাপক ও কবি, বড় ভাই কবিতা লিখতেন। আমি পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করি, জীবনের সর্বোচ্চ সমন্বয়ের জন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম।’