ক্রীড়াবিদদের ভারত যেতে নতুন নিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সরকার সম্প্রতি ক্রীড়াবিদদের সে দেশে খেলতে যাওয়ার ব্যাপারে নতুন একটা নিয়ম করেছে। ওই নিয়ম জানা না থাকায় বাংলাদেশের বেশ কয়েকটি ক্রীড়া দল ভারতে খেলতে যেতে পারেনি।

এখন থেকে ভারতের কোথাও খেলতে চাইলে স্থানীয় আয়োজকদের আমন্ত্রণপত্রের পাশাপাশি কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরও (নয়াদিল্লি) একটি চিঠি লাগবে। ভারতের কোনো খেলোয়াড়কেও বাংলাদেশে আসতে হলে নিয়মটি প্রযোজ্য, মানে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চিঠি লাগবে।

২৪ ডিসেম্বর দুটি আমন্ত্রণমূলক আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে কলকাতা ও মুম্বাইয়ে গিয়েছিল বাংলাদেশের কারাতে দল, সেটি অবশ্য পর্যটক ভিসায়। ১৮ সদস্যের ওই দলের ১৩ জন পর্যটক ভিসা নিয়ে খেলে আসেন। বাকি পাঁচজন খেলতে যাওয়ার জন্য আবেদন করেন। কিন্তু নতুন নিয়ম না জানায় তাঁরা ঢাকাতেই থেকে যান, ভারতে যেতে পারেননি।

 ১৪ থেকে ১৮ জানুয়ারি ভারতের অন্ধ্র প্রদেশে আমন্ত্রণমূলক কাবাডি খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ মহিলা কাবাডি দলের। নতুন নিয়ম জানা না থাকায় তাদেরও ভিসা মেলেনি। কাবাডি ফেডারেশনের কর্মকর্তা আবদুল মান্নান বলছিলেন, ‘জিও এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নোট ভারবালও ভারতীয় হাইকমিশনে জমা দিই আমরা। কিন্তু দূতাবাস থেকে বলা হয়, ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ের চিঠি ছাড়া ভিসা দেওয়া যাবে না।’

 মার্শাল আর্ট কনফেডারেশনের কর্মকর্তা হুমায়ুন কবির জুয়েলও জানালেন একই কথা, ‘ভারতে খেলতে যেতে জিও নেওয়া হয়েছিল আমাদের। কিন্তু আমন্ত্রণমূলক টুর্নামেন্টের জন্য দিল্লি থেকেও আরেকটি চিঠি আনার ব্যাপারটা ওই দেশের কর্মকর্তারাই জানতেন না। অন্তত এক মাস আগেই ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ের চিঠি আনার প্রয়োজন ছিল। সেটা সম্ভব না হওয়ায় ভিসা মেলেনি।’

 হকির ক্লাব কাপ ও লিগে খেলাতে ঊষা ক্রীড়াচক্র চুক্তি করেছিল চার ভারতীয় খেলোয়াড় অজিতেশ রায়, রোশান মিনজ, দিবাকর রাম ও সুখজিৎ সিংয়ের সঙ্গে। ১৪ জানুয়ারি ঢাকায় আসার কথা থাকলেও এখনো আসতে পারেনি ওই খেলোয়াড়েরা। বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতিপত্র নিয়ে তবেই তাদের আসতে হবে ঢাকায়।

ঢাকার ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা (কাউন্সিলর, পলিটিক্যাল ও ইনফরমেশন) সুজিত ঘোষের কাছে এ ব্যাপারে জানতে চাইলে বলেন, ‘প্রতিদিন বাংলাদেশ থেকে অন্তত তিন হাজার লোক ভারতের ভিসা পাচ্ছে। তবে ভারতের কোথাও খেলতে গেলে ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয় ও স্থানীয় আয়োজকদের দুটি চিঠিই জমা দিতে হবে। তাহলেই ভিসা মিলবে।’