ক্রীড়ামন্ত্রীর পুরস্কার ঘোষণা এবং...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই এক চল চালু হয়েছে। বাংলাদেশের ম্যাচে কেউ সেঞ্চুরি-টেঞ্চুরি করলে ম্যাচের মাঝখানেই তাঁর জন্য অর্থ পুরস্কার ঘোষণা করে বসেন ক্রীড়ামন্ত্রী। তা করতেই পারেন। কিন্তু প্রশ্নটা জাগেই, ক্রীড়ামন্ত্রী কি ক্রিকেটের ক্রীড়ামন্ত্রী, নাকি বাংলাদেশের সব খেলার?নইলে হকি খেলোয়াড়েরা টুর্নামেন্ট জিতে এসেও কেন এই সময়ে পাঁচ হাজার টাকা করে ‘পুরস্কার’ পান! অর্থাভাবে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলতেও কেন জাতীয় হকি দলকে সড়কপথে পাশের দেশে যেতে হয়! ফুটবল দল নেপালে গিয়ে নেপালকে হারিয়ে আসার পরও তো পুরস্কার মেলে না। সেখানে ক্রিকেট ম্যাচে কেউ সেঞ্চুরি করলেই ব্যাটসম্যানের উদ্যাপন শেষ হওয়ার আগেই ক্রীড়ামন্ত্রী এক লাখ-দুই লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়ে দেন। যেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ক্রিকেটাররাই আর্থিকভাবে সবচেয়ে অসচ্ছল!ঘটনা তো এখানেই শেষ নয়। কাল গল টেস্ট শেষে সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম অনুযোগ করলেন, এসব ঘোষণা নাকি ঘোষণাই হয়ে থাকে। এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ম্যাচের মাঝখানে এমন পুরস্কার ঘোষণা করা ঠিক কি না? ক্রিকেটাররা টাকা পাচ্ছেন, গল টেস্টে ডাবল সেঞ্চুরি করায় তাঁর জন্যও পুরস্কার ঘোষণা করেছেন ক্রীড়ামন্ত্রী, মুশফিকুর কেন তা নিয়ে আপত্তি করবেন! তাঁর আপত্তি অন্যখানে। এটি অনুপ্রেরণার কাজ করে বলার পর অবশ্য বললেন, ‘এ রকম ঘোষণা আমরা আগেও শুনেছি। তবে আমি আশা করব, যিনিই এমন ঘোষণা দেন, তিনি যেন তা বাস্তবায়নও করেন। আগে এমন হয়েছে বলেই আমি বলছি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সেঞ্চুরি করার পর রাজু (আবুল হাসান) ও এনামুল হক বিজয়ের জন্যও পুরস্কার ঘোষণা করা হয়েছিল, কিন্তু ওরা টাকা পায়নি।’ তাতে কী, ক্রীড়ামন্ত্রীর ‘মহানুভবতা’র খবর তো পত্রিকায় ছাপা হয়েই গেছে!