ক্রুইফ এখনো সন্দিহান, নেইমার নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি-নেইমার জুটি সফল হবে কি না, এ নিয়ে এখনো সংশয়ে আছেন ক্রুইফ। তবে নেইমার আত্মবিশ্বাসী, অভিষেক মৌসুমটাই স্মরণীয় করে রাখবেন তিনি। ফাইল ছবি
মেসি-নেইমার জুটি সফল হবে কি না, এ নিয়ে এখনো সংশয়ে আছেন ক্রুইফ। তবে নেইমার আত্মবিশ্বাসী, অভিষেক মৌসুমটাই স্মরণীয় করে রাখবেন তিনি। ফাইল ছবি

যেকোনো কারণেই হোক, নেইমারকে কিনে আনাটা ঠিক শতভাগ পছন্দ হয়নি তাঁর। নেইমারকে যখন বার্সেলোনা কিনেছেই, এখন তবে লিওনেল মেসিকে বিক্রি করে দিক—এমন মন্তব্য করে আলোচিতও হয়েছিলেন। ইয়োহান ক্রুইফ এখনো নিজের ধারণায় অটল। তিনি মনে করেন, মেসি-নেইমার জুটি হয়তো সোনার ডিমপাড়া হাঁস। কিন্তু সেই ডিম পাড়তে সময় লাগবে ঢের। মেসি-নেইমার, এই আকাঙ্ক্ষিত জুটিটা আরও পরে তৈরি করাই ঠিক হতো বলেও মত তাঁর।
পেরুর ‘দ্য ট্রেড’ পত্রিকাকে এই ডাচ কিংবদন্তি বলেছেন, ‘এরা দুজনই বিরল প্রতিভা। কিন্তু সবার আগে আমাদের দেখতে হবে এ দুজন একে-অন্যের সঙ্গে কীভাবে খেলে, বাকি দলটার সঙ্গেই বা খেলে কীভাবে। একই জাহাজের দুটো ক্যাপ্টেন অবশ্যই সমস্যা তৈরি করতে পারে। বোর্ডের (বার্সার) সিদ্ধান্তকে সম্মান করতেই হবে, তবে আমার পর্যবেক্ষণ হলো, এ দুজনকে আরও কয়েক বছর পরে একসঙ্গে করলেই ভালো হতো।’
খেলোয়াড় হিসেবে নেইমার এখনো পরিপূর্ণ নন বলেই দোনোমনায় আছেন ক্রুইফ, ‘আমি আশা করেছিলাম, মেসির বয়স আরেকটু বেশি হওয়ার পর দুজনকে একসঙ্গে করে কী হয় দেখার জন্য। খেলোয়াড় হিসেবে নেইমারের অনেক গুণ আছে, কিন্তু ২১ বছর বয়সে ওর এখনো পরিপক্বতা আসেনি।’
ক্রুইফের এই সংশয়বাণী হয়তো পৌঁছে গেছে ব্রাজিল তারকার কাছেও। এ প্রসঙ্গে সরাসরি কিছু বলেননি নেইমার। তবে তাঁর বিশ্বাস, প্রথম মৌসুমেই বার্সাকে প্রত্যাশার প্রতিদান দিতে পারবেন। নিজের নতুন মৌসুমটির দিকে তাই উন্মুখ হয়ে তাকিয়ে আছেন নেইমার, ‘এই মৌসুমের দিকে আমি তাকিয়ে আছি। আমার আশাটা খুবই উচ্চ। আমি আত্মবিশ্বাসী, দারুণ একটা মৌসুমই কাটবে আমাদের।’