ক্রুইফ-গার্দিওলা ‘লড়াই’
খেলোয়াড় গার্দিওলা বার্সেলোনার হয়ে জিতেছেন ১৬টি শিরোপা। এর পরও বার্সার বিখ্যাত খেলোয়াড়দের তালিকা করলে পেপ গার্দিওলার নাম শুরুর দিকে থাকবে না। তবে বার্সার সফল কোচদের তালিকা করতে গেলে সবার ওপরেই থাকবেন গার্দিওলাকে। খেলোয়াড় ইয়োহান ক্রুইফের পাশে তাঁর নাম হয়তো কেউ লিখবে না কোনো দিন, তবে কোচ ক্রুইফের পাশে এরই মধ্যে বসে গেছেন গার্দিওলা।বার্সেলোনার হয়ে কোচ হিসেবে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডটা ক্রুইফের সঙ্গে তাঁরও। দুজনই জিতেছেন ১১টি করে শিরোপা। কাল হয়ত কোচ গার্দিওলা ছাড়িয়েই গেছেন কোচ ক্রুইফকে। পর্তুগালের স্টাডে লুইস টু স্টেডিয়ামে পোর্তোর বিপক্ষে উয়েফা সুপার কাপের ম্যাচ ছিল বার্সেলোনার। ম্যাচটি জিতে থাকলেই গার্দিওলা ১২টি শিরোপা জিতে হয়ে গেছেন বার্সেলোনার সবচেয়ে সফল কোচ।একটি জায়গায় অবশ্য এখনই ক্রুইফের চেয়ে অনেক এগিয়ে গার্দিওলা। ক্রুইফ বার্সেলোনাকে ১১টি শিরোপা জিতিয়েছেন ৮ বছরে। আর গার্দিওলা এই পরিমাণ শিরোপা জিততে সময় নিয়েছেন মাত্র ৩ মৌসুম। বার্সেলোনার সাবেক মিডফিল্ডার ও অধিনায়ক কাতালানদের কোচ হয়েছেন ২০০৮ সালে। ১১ শিরোপার অর্ধেকের বেশি (৬টি) জিতেছেন ২০০৯ সালে। এ মৌসুমটাও শিরোপা জয় দিয়েই শুরু করেছে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপ শিরোপা তারা জিতেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। এর পর নাপোলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে জিতেছে হুয়ান গাম্পার ট্রফি। পোর্তোর বিপক্ষেও ফেবারিট হয়েই খেলতে নেমেছে গার্দিওলার দল। তবে পোর্তোও ছেড়ে কথা বলার দল নয়। গত মৌসুমটা দারুণ কেটেছে পর্তুগিজ ক্লাবটির। স্বদেশি ক্লাব ব্রাহাকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছে। এরপর জিতেছে লিগ ও কাপ ডাবল। তবে যে দুজনের হাত ধরে এই সাফল্য, সেই দুজন কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস ও কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও এখন আর নেই। ভিলাস-বোয়াস চেলসির কোচ হয়ে গেছেন, আর ফ্যালকাও পাড়ি জমিয়েছেন স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদে। এএফপি।