এত দিন বাইরে থেকে শুনেছেন লোডভিক ডি ক্রুইফের কথা। এবার সরাসরি ডাচ কোচের সংস্পর্শে যাওয়ার ‘ভাগ্য’ হচ্ছে ওঁদের। উপলক্ষটা এনে দিয়েছে জাতীয় দলের সাফ ক্যাম্প। প্রাথমিকভাবে ডাক পাওয়া ৩৫ জনের মধ্যে একেবারেই নবীনদের চোখে এখন তাই স্বপ্নের মায়াঞ্জন।গতকাল বাফুফে ভবনে রিপোর্টিং করতে এসে মোহামেডানের তরুণ স্ট্রাইকার ওয়াহেদ যেমন বলছিলেন, ‘ক্রুইফের ক্যাম্পে থাকব। কাছ থেকে দেখব তিনি কীভাবে কী করেন। অনেক কিছু শিখতে পারব। আশা ছিল এই ডাচ কোচের নজর কাড়ব। সুপার কাপে সেটা পেরেছি মনে হচ্ছে। এখন মূল দলেও সুযোগ করে নিতে চাই।’মূল দলে সুযোগ পাওয়াই সব নবীনের লক্ষ্য। ১-১১ সেপ্টেম্বর কাঠমান্ডুতে অনুষ্ঠেয় অষ্টম সাফ ফুটবলের মূল দলে জায়গা লড়াইয়ের প্রস্তুতি নিয়েই এসেছেন বলে জানালেন বিজেএমসির মিডফিল্ডার ওমর ফারুক। তাঁর কাছেও আপাতত বড় আকর্ষণ ডি ক্রুইফ, ‘ডাচ কোচের অধীনে ক্যাম্পে থাকা একটা সৌভাগ্যের ব্যাপার। তাঁর কাছ থেকে শিখব, জানব। এটা আমার জন্য অনেক বড় সুযোগ।’সুপার কাপ দেখে খেলোয়াড় বাছাই করেছেন ডি ক্রুইফ নিজেই। পুরোপুরি দেশজ খেলোয়াড় নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে নজর কেড়েছেন অনেক নবীন, লিগে যাঁদের ঠিকানা ছিল বেঞ্চ। সাফ ক্যাম্পে ডাক পেয়ে আপ্লুত মোহামেডানের ডিফেন্ডার তপু বর্মণ। লাল-সবুজ জার্সি গায়ে জড়ানোর একটা আকাঙ্ক্ষা তাঁর অনেক দিনের। ডি ক্রুইফকে কোচ হিসেবে পাচ্ছেন এটাও তাঁকে বাড়তি আনন্দ জোগাচ্ছে। তপুর কথা, ‘ক্রুইফের ট্রেনিং আমি দেখেছি। খুবই উঁচু মানের কোচ। ডাচ স্টাইলে তিনি বাংলাদেশ দলকে খেলাতে চান। আমার তো খুবই আগ্রহ তাঁর সঙ্গে কাজ করার।’এই নবীনদের ভিড়ে ছিলেন পুরোনো একজন—বিপ্লব ভট্টাচার্য। সবার আগে বাফুফে ভবনে এসেছেন অভিজ্ঞ গোলরক্ষক। দেড় বছর পর জাতীয় দলে ফেরার চ্যালেঞ্জটা নিয়েছেন শেখ রাসেল অধিনায়ক, ‘আমি এখন মূল দলে থাকতে কোচের মন জয় করার সব চেষ্টাই করব।’রাত নয়টা পর্যন্ত ৩৫ জনের মধ্যে ২৫ জন রিপোর্ট করেছেন বাফুফে ভবনে। ওয়ালি ফয়সাল আছেন ভারতে। দু-এক দিনের মধ্যেই ফিরবেন। শেখ জামালের গোলরক্ষক মোস্তাক রিপোর্ট করেই অবশ্য চলে গেছেন। চোটের কারণে ক্রুইফের ক্যাম্পে থাকার সুযোগটা আপাতত হাতছাড়া হয়ে গেল এই তরুণের। ক্যাম্পে ডাক পাওয়া তিন প্রবাসীর একজন জামাল ভূঁইয়া (ডেনমার্ক) ঢাকা আসছেন আগামীকাল। বাকি দুজন আনন্দ রহমান (অস্ট্রেলিয়া) ও রিয়াসাত খাতন (জার্মানি) জুলাইয়ের প্রথম সপ্তাহে ঢাকা আসবেন। ক্রুইফ আসছেন ১ জুলাই, তাঁর জন্যই যত অপেক্ষা খেলোয়াড়দের।