ক্রুইফই দল নিয়ে যাবেন লন্ডনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ ও ৭ জুন লন্ডনে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। এই তিন দেশকে নিয়ে ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ আয়োজন করছে ত্রিদেশীয় সিরিজ। দুই প্রবল প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এই সফরে বাংলাদেশের কোচ থাকছেন লোডভিক ডি ক্রুইফই। সহকারী রেনে কোস্টারও তাঁর সঙ্গী হবেন।বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাল ক্রুইফ-কোস্টারের সঙ্গে আলোচনায় বসেছিলেন। ঠিক হয়েছে, মে মাসের মাঝামাঝি ঢাকায় আসবেন দুই কোচ। ১৫ দিনের প্রস্তুতি নিয়ে তাঁরা দল নিয়ে লন্ডনে যাবেন। খেলা শেষ করে লন্ডন থেকেই হল্যান্ডে যাবেন। পুরো প্রস্তুতি নিয়ে কয়েক দিন পর ঢাকায় আসবেন।পূর্বনির্ধারিত সূচিটা এ কারণেই বদলে যাচ্ছে। জুনের পরিবর্তে জুলাইতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের দায়িত্ব নেবেন দুই কোচ। তবে এরই মধ্যে বাংলাদেশের ফুটবলে অভিষেক হয়ে গেছে ক্রুইফের। গত মাসে কাঠমান্ডুতে এএফসি চ্যালেঞ্জ কাপের দল নিয়ে গিয়েছিলেন এই ডাচ কোচ। তখন দুই পক্ষে একটা অন্তর্বর্তীকালীন চুক্তি হয়েছিল। এবারও লন্ডন সফরের জন্য দুই পক্ষে আরেকটি চুক্তি হবে বলে জানিয়েছে বাফুফে।দুই কোচই এখন সস্ত্রীক ঢাকায়। নতুন কর্মস্থলে স্কুল, হাসপাতালসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেখে তাঁদের পছন্দ হয়েছে। রেনে কোস্টার আজ রাতেই ফিরে যাচ্ছেন। ক্রুইফ যাবেন ১৪ এপ্রিল।