ক্রুইফও চুক্তি বাড়াতে আগ্রহী
খবরটায় চমক আছে। দুই ডাচ কোচের সঙ্গে চুক্তি বাড়াতে চায় বাফুফে!
বাফুফে আর্থিক সংকটে ভুগছে। তাই লোডভিক ডি ক্রুইফ ও রেনে কোস্টারকে সময়মতো বেতন দেওয়া যাচ্ছে না। এ অবস্থায় উচ্চ বেতনের দুই কোচের চুক্তি বাড়ানোর ব্যাপারটা বেশ কৌতূহল জাগাচ্ছে ফুটবল মহলে।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও সরাসরি কিছু বলতে নারাজ এ ব্যাপারে, ‘চুক্তি বাড়াব কি না এ নিয়ে এখনি কিছু বলব না।’ তবে বাফুফের জাতীয় দল কমিটির সদস্য তাবিথ আউয়াল সংবাদমাধ্যমের কাছে বলেছেন, কোচের সঙ্গে চুক্তি বাড়ানোর ব্যাপারে আগ্রহ আছে বাফুফের।
দুই কোচের সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হবে আগামী বছর জুনে। আগামী বছর ডিসেম্বরে সাফ ফুটবল। ওই টুর্নামেন্ট পর্যন্ত ডি ক্রুইফকে রেখে দেওয়ার পরিকল্পনা বাফুফের।
কিন্তু ডি ক্রুইফ কী ভাবছেন? হল্যান্ড থেকে কাল ফোনে বললেন, ‘আমি জানি বাফুফের আর্থিক সমস্যা আছে। তার পরও কর্মকর্তাদের মধ্যে ভালো করার আগ্রহ দেখছি। সামনে ব্যস্ত সময়। ২০১৫ সালের জুনে আমাদের চুক্তি শেষ। তারপর অনেক খেলা আছে বাংলাদেশ দলের। তাই বাফুফে চাইলে চুক্তি বাড়াতে আমার আপত্তি নেই।’
বাফুফের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে জানিয়ে তাঁর সংযোজন, ‘ফেডারেশন আমাকে চুক্তি বাড়ানোর কথা বলেছে। এ নিয়ে শীর্ষ কর্মকর্তারা আলোচনা করেছেন আমার সঙ্গে। আমি বলেছি, হাতে এখনো অনেক সময়। তবে চুক্তি বাড়াব না এমন কোনো মনোভাব আমি তাঁদের দেখাইনি।’
বাংলাদেশের কোচের চাকরিটা ডি ক্রুইফের কাছে উপভোগ্য হয়েছে, ভাবার কারণ নেই। আর্থিক ব্যাপারটা বাদ দিলেও কাজ ছাড়াই কাটছে বেশির ভাগ সময়। এমন অবস্থায় ধারণা করা হচ্ছিল, হয়তো বা এক বছর পূর্তির পর চুক্তির ধারা অনুযায়ী দুই পক্ষে সমঝোতার ভিত্তিতে বিচ্ছেদ হয়ে যেতে পারে। বাফুফে ধন্যবাদ জানিয়ে দিতে পারেন ডি ক্রুইফকে। কোচ নিজেও বিদায় বলতে পারেন।
কিন্তু তেমন কিছু হওয়ার আশঙ্কা এখন কম। ঢাকায় কাজ না থাকায় দেশে ছুটি কাটাতে যাওয়া কোচ জানালেন, ‘১৫-১৬ মে ঢাকা ফিরব। অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলা উচিত আমাদের। সেপ্টেম্বরে এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল খেলবে। সেটির জন্য ৩০ জন খেলোয়াড় তালিকা ঠিক করেছি। এসেই কাজ শুরু করব।’