ক্রুইফকে পেতে ঘাম ঝরছে বাফুফের
কাজী সালাউদ্দিন ভেবেছেন এক রকম। কিন্তু বাস্তব পরিস্থিতি অন্য রকম। দুই ডাচ কোচ সোমবার ঢাকায় নেমেই নানা রকম চাহিদাপত্র দিয়ে ব্যতিব্যস্ত করে ফেলেছেন বাফুফেকে। ঢাকায় কোথায় থাকবেন, বাচ্চারা কোথায় পড়বে, এখানকার হাসপাতাল কেমন, অবসর কাটানোর ব্যবস্থা কী? এসব দেখতে মঙ্গলবার সরেজমিন ঘুরেছেন গুলশান-বনানী। ঢাকায় ডাচ ক্লাব, ডাচ দূতাবাস, কানাডিয়ান স্কুলে গিয়েছেন বলে খবর। একই সঙ্গে আর্থিক বিষয়টা নিয়েও দর-কষাকষি চলছিল। যেটির সুরাহা কালও হয়নি। মূলত আর্থিক দিকটায় এসে দুই পক্ষে সমঝোতা আটকে আছে। তবে দিন শেষে দুই পক্ষই চুক্তির ব্যাপারে আশাবাদ ধরে রেখেছে। এদিন আবাহনী-বিজেএমসি ম্যাচের বিরতির সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসেন দুই কোচ। দ্বিতীয়ার্ধটা তাঁরা দেখেন। যাওয়ার সময় ‘এই দুই দিনে এখানকার সবকিছু দেখে আমাদের ভালো লেগেছে, ইতিবাচকই আছে সবকিছু, এখনো চূড়ান্ত কিছু বলার সময় হয়নি’ বলে যান জাতীয় দলের সম্ভাব্য কোচ লোডভিক ডি ক্রুইফ।এটা আসলে ওপরের দৃশ্য। ভেতরে ভেতরে কিন্তু একটা বড় গিট্টু লেগে গেছে। মূল ব্যাপার তো টাকা, সেই টাকা কোত্থেকে আসবে? লন্ডনে দুই কোচের সঙ্গে সালাউদ্দিনের আলোচনায় যেমনটা ঠিক হয়েছিল, এখানে এসে তাঁরা নানা কিছু চাওয়ায় টাকার অঙ্কটা বেড়ে যাচ্ছে। সালাউদ্দিনের কপালে তাই চিন্তার রেখা। বাফুফে সভাপতি দুই কোচকে নিয়ে স্টেডিয়ামে এসে জানালেন, ‘দুই কোচের পেছনে দুই বছরে ৭-৮ কোটি টাকা খরচ হবে, কথাবার্তা সেভাবেই হয়েছে। কিন্তু এখন ওরা এটা-ওটা চাওয়ায় অতিরিক্ত আরও দুই কোটি টাকা লাগবে।’ সালাউদ্দিন জানাচ্ছেন, ‘ওদের চাওয়ার শেষ নেই। ক্রুইফ বলছে সে জাতীয় দলের প্রতিপক্ষের খেলা প্রয়োজনে আগেই দেখতে চলে যাবে। তাকে টিকিট দিতে হবে। এটা একটা উদারহরণ মাত্র। ধরে নিয়েছি, ৫-৬টা টিকিট ওকে দিতে হবে বাড়তি। সে পেশাদার কোচ, এগুলো চাইতেই পারে। কিন্তু আমাদের সাধ্য তো দেখতে হবে। তবু সবকিছুতে আমি ইয়েস, ইয়েস করে যাচ্ছি।’ বড় সমস্যা হলো, ডাচ ক্লাব পিএসভি আইন্দহোফেনের সঙ্গে এ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি আছে ক্রুইফের। ওই চুক্তিটা শেষ করে আসতে চাইলে আইন্দহোফেনকে টাকা দিতে হবে। ক্রুইফ এই টাকাটা বাফুফের কাছে চাইছেন। জাতীয় দলে তাঁর সম্ভাব্য সহকারী রেনে কোস্টার জুন-জুলাই পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন আয়াক্সের একটা একাডেমির সঙ্গে। তাঁকেও আগে পেতে বাফুফেকে বাড়তি টাকা গুনতে হবে। সোজা বাংলায়, দুই কোচকে কিনে আনতে হবে। দুই কোচই আজ সিলেটে বিকেএসপি দেখতে যাবেন। সেখানে সবকিছু পছন্দ হবে কি না, সেটাও একটা ব্যাপার। একাডেমির প্রধান কোচ হিসেবে কাজ করার কথা রেনে কোস্টারের। রেনে সিলেট থাকতে রাজি না হলে ক্রুইফ থাকবেন কি না কে জানে। অনেকে তো বলছেন, বাংলাদেশে এসে মিডিয়ার এত হুড়োহুড়ি দেখে দুই ডাচ কোচের মাথা ঘুরে গেছে। বিমানবন্দরের মতো কালও মাঠে মিডিয়ার ভিড়। সেই ভিড়ে দাঁড়িয়ে ক্রুইফ বললেন, ‘আইন্দহোফেনের সঙ্গে আমার চুক্তি এই মৌসুম পর্যন্ত। কাজেই আমি এখানে কী আলোচনা করছি, তা এখনই বলতে পারব না। এটা সম্পূর্ণ প্রাইভেট।’ তবে ঢাকার সুযোগ-সুবিধা দেখে অখুশি নন ক্রুইফ, ‘এখানে সবই পজিটিভ। ঢাকা বড় শহর। ট্র্যাফিক জ্যামটা খুব বেশি। তবে এটা শুধু আমার সমস্যা হবে না, আপনাদেরও (হাসি)।’ আবাহনী-বিজেএমসি ম্যাচ দেখে ক্রুইফের প্রতিক্রিয়া, ‘জয়ী দলের হয়ে খেলা জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়কে ভালো লেগেছে। খেলোয়াড়দের ব্যাপারে ভালো ধারণাই পেয়েছি। আমরা একসঙ্গে কাজ করতে পারব আশা করি।’এসব চুক্তির পক্ষেই কথা বলে। কিন্তু শেষ পর্যন্ত চুক্তি হবে তো? এটাই বড় প্রশ্ন।