দুয়ারে বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে আলো ছড়াতে পারেন এমন ৩০ জন তারকাকে নিয়ে আমাদের নতুন ধারাবাহিক। আজ থাকছে হল্যান্ডের আরিয়েন রোবেনকে নিয়ে বিশেষ রচনা—

তাঁর ক্যারিয়ার শুরু গ্রোনিনের হয়ে। ১৬ বছরের টগবগে তরুণ। ডাচ ক্লাবটির হয়ে খেলার সময় তাঁকে দেখেছিলেন দেশটির ইতিহাসের সেরা ফুটবলার ইয়োহান ক্রুইফ। এই তরুণটিকে নিয়ে অনেক কথা হচ্ছে দেখার পর ক্রুইফ আগ্রহভরে পর্যবেক্ষণ করে রায় দিয়েছিলেন, ‘নিঃসন্দেহে সে প্রতিভাবান, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সে শুধু বাঁ পা দিয়েই খেলে। ডান পাও ব্যবহার করতে না শিখলে সে কখনোই সাফল্যের শীর্ষ চূড়ায় উঠতে পারবে না।’
ডাচ ফুটবলে ক্রুইফই শেষ কথা। কিন্তু ক্রুইফের কথাও কি শেষ কথা? ক্রুইফের অনেক ভবিষ্যদ্বাণী সফল হয়েছে। খুব টাটকা উদাহরণ হিসেবে মেসি-নেইমার জুটির কথাই ধরুন। ক্রুইফ বলেছিলেন, এই জুটি সফল হবে না। প্রথম মৌসুমে অন্তত ক্রুইফের কথাই সত্যি প্রমাণ হয়েছে। কিন্তু ফুটবলের সবচেয়ে প্রখর মস্তিষ্কের অধিকারীটি অন্তত একটি ভবিষ্যদ্বাণীর বেলায় ফেল মেরে গেছেন। সেদিন যে তরুণটিকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন, সেই তরুণ এক বাঁ পায়ের কারিশমা দিয়েই আজ বিশ্বের সেরা ফুটবলারদের একজন। তাঁর নাম রোবেন, আরিয়েন রোবেন।
দুর্দান্ত গতি, অসাধারণ স্কিল, মোহনীয় ড্রিবলিং, গোলমুখে তত্পরতা, বুলেট শট—এসবই আক্রমণভাগের একজন আদর্শ সেনানীর তূণের তির। ডান পাশের উইং দিয়ে এমন একজন খেলোয়াড় যে কোনো প্রতিপক্ষের রক্ষণের জন্যই হয়ে উঠতে পারেন মূর্তিমান ত্রাস। টোটাল ফুটবলের উত্তরাধিকার হল্যান্ডের কমলা শিবিরে এমনই একজন খেলোয়াড় আছেন, যিনি কিনা নান্দনিক ফুটবলের পাশাপাশি কার্যকর ফুটবলেও পারঙ্গম।
রোবেনের ক্যারিয়ারের আসল উড়ান শুরু আসলে পিএসভি আইন্দহোফেনে। গাস হিডিংকের অধীনে খেলেছেন মার্ক ভন বোমেল, জি সুং পার্কের মতো খেলোয়াড়দের সঙ্গে। আইন্দহোফেনের সঙ্গে প্রথম মৌসুমেই লিগ জেতেন। শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল রোবেনের। স্বাভাবিকভাবেই তাঁকে দলে ভেড়াতে আগ্রহী হয়ে উঠে বেশ কটি শীর্ষ দল। আলোচনার পাদপ্রদীপে চলে আসেন ২০০৪ সালে চেলসির সঙ্গে এক কোটি ৮০ লাখ ইউরোতে চুক্তিবদ্ধ হয়ে।
চেলসি নয়, তাঁর ঠিকানা হয়তো হতে পারত ম্যানচেস্টার ইউনাইটেড। তবে রোবেনকে কিনতে দর কষাকষির লড়াইটায় হেরে যান অ্যালেক্স ফার্গুসন। প্রথমে তিনি কত দর প্রস্তাব করেছিলেন জানেন? ৭ মিলিয়ন ইউরো! জবাবে পিএসভির সভাপতি বলেছিলেন, ‘এই টাকায় ইউনাইটেড শুধু রোবেনের অটোগ্রাফ-সংবলিত টি-শার্টই পেতে পারে!’
পরিসংখ্যান বলবে, চেলসির হয়ে বেশ সফল ছিলেন। টানা দুবার লিগ শিরোপা জেতার পাশাপাশি তিন মৌসুমে জিতেছেন ছয়টি শিরোপা। কিন্তু বাস্তবতা হচ্ছে, ইংল্যান্ডের গা জোয়ারি ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে না পারা, ক্রমাগত ইনজুরি ভবিষ্যত্টাই শঙ্কার মধ্যে ফেলে দিয়েছিল তাঁর। রোবেনকে রিয়াল মাদ্রিদে বিক্রি করে দেয় চেলসি। সেখানে গিয়েও নিজেকে হারিয়ে খুঁজেছেন। এক সময় মনে হচ্ছিল নিজেকে ফিরে পাচ্ছেন। কিন্তু রোনালদো ও কাকাকে কেনার স্বার্থে শেষ পর্যন্ত বলি হতে হয় রোবেনকে। রোবেন যোগ দেন বায়ার্ন মিউনিখে।
বায়ার্নেই রোবেন ফুল হয়ে ফুটেছেন। সৌরভ ছড়াচ্ছেন এখনো। এই তো গতকালও তাঁর গোলে জার্মান কাপ জিতল বায়ার্ন। রোবেন কিছুদিন আগে মজা করে বলেছেন, বায়ার্ন আর বার্নাদিয়েন (তাঁর কৈশোরের প্রেমিকা ও স্ত্রী) তাঁর জীবনের সেরা সিদ্ধান্ত। আগের মৌসুমেই ট্রেবল জিতেছেন বায়ার্নের হয়ে। এই মৌসুমেও বায়ার্ন জিতেছে চারটি শিরোপা।
ক্যারিয়ারের সেরা ফর্মে থেকেই বিশ্বকাপে যাচ্ছেন। গত বিশ্বকাপেও হল্যান্ডকে নিয়ে গিয়েছেন ফাইনালে। ছিলেন টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় হওয়ার দৌড়েও। সন্দেহ নেই এবারের বিশ্বকাপেও হল্যান্ডের আশার সারথি রোবেনই।
তবে রোবেনকে প্রায়ই স্বার্থপর খেলোয়াড়ের তকমা পেতে হয়। গোলমুখে সতীর্থ খেলোয়াড়কে সহজ পাস না দিয়ে নিজেই দুরূহ কোণ থেকে শট নেওয়ার জন্য সমালোচিতও হয়েছেন বেশ কয়েকবার। ‘স্বার্থপর’ এই খেলোয়াড়টি ক্যারিয়ার-জুড়ে শুধু গোল করেননি, করিয়েছেনও। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান কাপের পরিসংখ্যানসহ ক্যারিয়ার জুড়ে গোল করেছেন ১৭০টি গোল, করিয়েছেন ১৪২টি।
একটা সময় ছিল যখন রোবেনকে বলা হত বড় ম্যাচের ‘চোকার’। দারুণ একজন প্রতিভাবান খেলোয়াড়, কিন্তু বড় ম্যাচে নিজের স্নায়ু ধরে না রাখার জন্য কম সমালোচিতও হননি। ধীরে ধীরে এই অপবাদ থেকে নিজেকে মুক্ত করে এনেছেন রোবেন। গতবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ডর্টমুন্ডকে হারিয়ে বায়ার্ন শিরোপা জেতে রোবেনের গোলেই। আরেকটি পরিসংখ্যান রোবেনের হয়েই কথা বলবে। বায়ার্নের হয়ে এ পর্যন্ত করা ১৬টি চ্যাম্পিয়নস লিগ গোলের ১২টিই করেছেন নকআউট রাউন্ডেই।
একটি পরিসংখ্যানে জানা গেছে, বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর ৮৮ দশমিক ৩ শতাংশ গোলই এসেছে এই জাদুকরী পা থেকে! আবার বাঁ পা-ই তাঁর ভরসা হলেও ক্রস করার সময় বেশি ব্যবহার করেন দুর্বল ডান পা-টিই!
ফুটবল বিশ্ব যে আজ এই তারকার অসাধারণ পারফরমেনস উপভোগ করছে, একটু সচেতন না হলে হয়তো আজ তিনি বেঁচে থাকতেও না পারতেন! মাত্র ২০ বছর বয়সেই প্রাণঘাতী ক্যানসার সংক্রমণের কথা জানা গিয়েছিল রোবেনের। তবে দ্রুত ও সঠিক চিকিত্সা নতুন জীবন দেয় রোবেনকে।
ঘন ঘন ইনজুরিতে পড়া, স্বার্থপরের মত গোল করতে চাওয়া, মাঠে কড়া ট্যাকল করা, প্রতিপক্ষের ডি-বক্সে ডাইভ দেওয়া, কোচ মাঠ থেকে তুলে নিতে চাইলে প্রতিবাদ জানানো—বোঝাই যাচ্ছে ফুটবলের বর্ণিল চরিত্রের একজন। হয়তো সমর্থকদের কাছে খুব জনপ্রিয়ও নন। বোধ হয় জনপ্রিয় তিনি হতেও চান না। সবাইকেই যে জনপ্রিয় হতে হবে এমনতো কোন কথা নেই!