ক্রুইফকে মরিনহোর খোঁচা
এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদ দলে তাঁদেরই তৈরি খেলোয়াড়ের সংখ্যা মাত্র চারজন। তাঁদের মধ্যে সেরা একাদশে একজনেরই জায়গা পাকা—ইকার ক্যাসিয়াস। অন্যদিকে বার্সেলোনা দলে যুব একাডেমি থেকে উঠে আসা খেলোয়াড় ১৪ জন। তাঁদের মধ্যে সাত-আটজনই থাকেন একাদশে। বার্সা তাই সুযোগ পেলেই রিয়ালের দুর্বল জায়গাটি নিয়ে খোঁচা দেয়। খেলোয়াড় কেনার পেছনে রিয়ালের কাঁড়ি কাঁড়ি টাকা ঢালা নিয়ে নেতিবাচক সমালোচনাও হয়। সর্বশেষ এই খোঁচাটাই দিয়েছেন বার্সার সাবেক খেলোয়াড় ও কোচ ইয়োহান ক্রুইফ।কিন্তু কোনো খোঁচাই চুপ করে হজম করার লোক হোসে মরিনহো অন্তত নন। ডাচ কিংবদন্তিকে মোক্ষম একটা তিরই ছুড়েছেন রিয়ালের কোচ। ১৯৯২ সালে কোচ ক্রুইফের ‘ড্রিম টিম’ বার্সাকে এনে দিয়েছিল প্রথম ইউরোপিয়ান কাপের ট্রফি। আর সেই শিরোপা জয়ে বড় ভূমিকা রাখা রোমারিও, মাইকেল লাউড্রপ, রিস্তো স্তয়চকোভ, রোনাল্ড কোম্যানরা বার্সার যুব একাডেমির ছিলেন না। এই তথ্যই মরিনহো মনে করিয়ে দিয়েছেন মরিনহো-সুলভ খোঁচায়, ‘সেদিন একজন বললেন, খেলোয়াড় কেনে এমন ক্লাবের চেয়ে তিনি নাকি নিজেরাই খেলোয়াড় তৈরি করে এমন ক্লাবকেই বেশি পছন্দ করেন। এই লোকটাই যখন ইউরোপিয়ান কাপ জিতলেন রোমারিও, লাউড্রপ, স্তয়চকোভ আর কোম্যানের মতো চারজন দুর্দান্ত খেলোয়াড়কে নিয়ে; এরা তো তাঁর যুব একাডেমি থেকেই উঠে এসেছিল!’মরিনহোর এই যুক্তির মধ্যেই কিন্তু আবার বার্সার পক্ষের যুক্তিও আছে। ১৯৯২ সালের চ্যাম্পিয়ন সেই দলের এই চারজন হয়তো বার্সার যুব একাডেমি থেকে উঠে আসেননি। কিন্তু বাকি সাতজনই ক্লাবটির বিখ্যাত খামারবাড়ির উৎপাদন। এই তথ্য মরিনহো জানেন না? নাকি চেপে গেছেন!পর্তুগিজ এই কোচ অবশ্য এটা স্বীকার করেছেন, খেলোয়াড় কেনার চেয়ে কিশোর প্রতিভাদের উঠিয়ে আনাই রিয়ালের জন্য হবে শ্রেয়, ‘যত বেশি তরুণ খেলোয়াড় আমরা পাব, আমাদের জন্য সেটা ততটাই মঙ্গলকর। যত বেশি “মেড ইন মাদ্রিদ” খেলোয়াড় থাকবে, আমাদের জন্য সেটা ততটাই ভালো।’ আপাতত সেটা সম্ভব হচ্ছে না। ‘আমদানি’ করেই তাই তৃপ্ত থাকতে হচ্ছে মরিনহোকে। রিয়াল কোচ এদিন আরেকটি প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। লিগের প্রথম ম্যাচের প্রথম একাদশে ছিলেন গঞ্জালো হিগুয়েইন। পরের ম্যাচে স্প্যানিশ সুপার কাপের একাদশে আবার খেলেছেন করিম বেনজেমা। তাহলে কি এক ম্যাচে হিগুয়েইন অন্য ম্যাচে বেনজেমা—এই আবর্তন নীতি নিয়েছেন মরিনহো? ‘স্পেশাল ওয়ান’ অবশ্য দিলেন অন্য উত্তর, ‘হিগুয়েইন আর বেনজেমার বেলায় আমরা স্রেফ আবর্তনের জন্য আবর্তন করব না। দুজন একসঙ্গেও খেলতে পারে, গত মৌসুমেও যেমন খেলেছে। তবে দুজনের মধ্যে যদি শুধু একজনকেই খেলাতে হয়, সে ক্ষেত্রে বিভিন্ন বিষয় ভেবে সিদ্ধান্ত নিতে হবে। আমি খেলোয়াড়ের ফর্ম, নির্দিষ্ট প্রতিপক্ষের সঙ্গে কে বেশি মানানসই সেটা ভেবেই সিদ্ধান্ত নেব।’ এএফপি।