ক্রুইফরা তাহলে বসেই থাকবেন?
মাস গেলেই ২৫ লাখ টাকা বেতন। দুই কোচ গুলশানে থাকেন বিশাল দুটি ফ্ল্যাটে। দুই লাখ করে চার লাখ টাকা ভাড়া। গাড়ি-বাড়ি মিলিয়ে মাসিক খরচ প্রায় ৩৫ লাখ টাকা। এত টাকা জোগান দিতে হিমশিম খাচ্ছে বাফুফে। তবে টাকা জোগাড় হলেও দুই ডাচ কোচকে সেভাবে কাজ দেওয়া যাচ্ছে না। তাঁরা কী করবেন, সেটিও আপাতত জানা নেই বাফুফের কর্মকর্তাদের।
বাফুফের জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ বলছেন, ‘একাডেমি তৈরি হলে কোস্টারকে সেই দায়িত্ব দেওয়া যেত। কিন্তু একাডেমি তো এখনো প্রস্তুত নয়। তবে বয়সভিত্তিক দলের কাজ দেওয়া হবে তাঁকে। ক্রুইফকে কী কাজ দেওয়া যায়, সেটি নিয়ে আলোচনা চলছে। কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হবে। জাতীয় দলের খেলা না থাকায় তিনিও আপাতত বয়সভিত্তিক দল নিয়েই সম্ভবত কাজ করবেন। একই সঙ্গে সামনে ঘরোয়া ফুটবলের ম্যাচ দেখাও তাঁর দায়িত্বের মধ্যে পড়ছে।’
গত ৬ সেপ্টেম্বর নেপালে সাফ ফুটবল খেলে আসার পর ক্রুইফ ও কোস্টার অনূর্ধ্ব-১৯ দল নিয়ে যান ইরাক। সেখান থেকে ফেরার পর সপ্তাহ দুয়েক হতে যাচ্ছে দুই কোচ সময় কাটাচ্ছেন নিজেদের মতো করেই। কোস্টার তো পরিবার নিয়ে ব্যাংকক বেড়াতে গেছেন, ক্রুইফেরও পরিবার নিয়ে ব্যাংকক যাওয়া কথা কয়েক দিনের মধ্যে।
কাল যোগাযোগ করা হলে ক্রুইফ টেলিফোনে বললেন, বাফুফেকে দেওয়ার জন্য একটা পরিকল্পনা তৈরি করেছেন। সেটি নিয়ে বাফুফের সঙ্গে আলোচনা করবেন। এখন সময় কীভাবে কাটছে জানতে চাইলে বলেন, ‘এখন তো হরতাল। ফেডারেশনে যাওয়া অসম্ভব। তবে বাফুফের কোচদের নিয়ে কয়েক দিন আগে বসেছিলাম। আপাতত সেই কাজটিই করছি।’
বাফুফের সংশ্লিষ্ট কর্মকর্তারা কোচদের নিয়ে একটা হতাশাও ব্যক্ত করেছেন। এক কর্মকর্তা বললেন, দুই কোচ সাফের ফাইনালে উঠলে এবং চ্যাম্পিয়ন হলে বোনাস পাওয়ার ব্যবস্থা আদায় করে রেখেছিল, কিন্তু সাফ ফুটবলে তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়ায় কোচদের জরিমানা করার বিধান রাখাও উচিত ছিল। একই সঙ্গে পরীক্ষামূলকভাবে মাস তিনেক দুই কোচকে দেখে তবেই দীর্ঘ মেয়াদে রাখা না-রাখার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, বলছেন কেউ কেউ। তবে এক বছর পর চুক্তি পর্যালোচনার সুযোগ আছে।
সাফ ফুটবলের পর কাছাকাছি সময়ে জাতীয় দলের খেলা নেই, তাই বাফুফের ভেতর থেকেই দুই কোচকে বিদায় দেওয়ার একটা কথাবার্তা উঠে গিয়েছিল আড়ালে-আবডালে। সভাপতি কাজী সালাউদ্দিন সেই পথে অবশ্য হাঁটেননি। সালাউদ্দিন আরও দেখতে চান এবং কোচদের পর্যাপ্ত সুযোগ দিয়েই মূল্যায়ন করবেন তাঁদের কাজ।