ক্রুইফে পরিবর্তনের হাওয়া
হোটেল রুমের পর্দা সরালেই অভূতপূর্ব দৃশ্য। দূর থেকে দেখা হিমালয়ের গায়ে শ্বেতশুভ্র মেঘের ওড়াউড়ি। বরফ জমে ডাক দিচ্ছে ছুঁয়ে দেখার। কিন্তু এর সৌন্দর্য উপভোগের সময় কোথায় লোডভিক ডি ক্রুইফের?অনুশীলন মাঠ। মিটিং। আর খাওয়া। এই তিনের মধ্যে নিজেকে বন্দী করে ফেলেছেন বাংলাদেশের ডাচ কোচ। নেপাল মানেই ভ্রমণানন্দ—এই প্রচলিত ধারণার সঙ্গে পরিচিত হতে রাজি নন বাংলাদেশের কোচ।কাল বিকেলে বাংলাদেশ দলের টিম হোটেল বসে এই প্রতিবেদন লেখার সময় টিম মিটিং করছিলেন ক্রুইফ। সম্প্রতি ভারতের বিপক্ষে ফিলিস্তিনের ৪-২ গোলে জেতা ম্যাচটার ভিডিও নিয়ে কাটাছেঁড়া করলেন। তাঁর কাছে শুধু কাজ আর কাজ।দুপুরে বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজারের হাতে দেখা গেল এক বান্ডিল সাদা কাগজ। বড় বড় ২৫ টুকরা। বাইরে থেকে কিনে এনেছেন। আজকের মধ্যেই নাকি এগুলো শেষ হয়ে যাবে! কীভাবে? টিম মিটিং ক্রুইফ বোর্ডে সাদা কাগজে পরিকল্পনা এঁকে দেখান। শুধু তা-ই নয়, কখন মিটিং, কখন অনুশীলন, কখনো খাওয়া—সবই চার্ট করে সব খেলোয়াড়ের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। আগামী এক সপ্তাহের অবশ্যকরণীয় তালিকা প্রস্তুত। এর অর্থ, সব গোছানোই চলছে। কোচের নজর কেড়ে একাদশে জায়গা পাওয়া চাই। এমন অলিখিত প্রতিযোগিতাও চলছে উদ্দীপ্ত খেলোয়াড়দের মধ্যে।ক্রুইফের অনুশীলনে থাকছে নতুনত্ব। কাল সকালে পুলিশ হেডকোয়ার্টার্স মাঠের অনুশীলনে জোরের ওপর পাস, প্রেসিং এবং সেট পিচে ভালো করার কৌশলটাই বেশি হলো। খেলোয়াড়দের মধ্যে অনুশীলন ম্যাচ খেলালেন। আগের মতো উল্টোপাল্টা পাস নেই, এ ম্যাচের এটাই বড় বৈশিষ্ট্য। পেসমেকার মামুনুল একটা ভালো ফ্রি-কিক নিলেন। স্ট্রাইকার শাখাওয়াত রনি গোল করলেন দুটি। মিঠুন বেশ কটা সুযোগ নষ্ট করলে তাঁকে হাতে-কলমে দেখিয়ে দেন কোচ। এভাবে প্রতিটি খেলোয়াড় নিয়েই আলাদা কাজ করছেন ক্রুইফ। তাঁকে যোগ্য সহায়তা দিচ্ছেন সহকারী রেনে কোস্টার। রক্ষণ থেকে বল পেলে কীভাবে সামনে যেতে হবে, এটা নিয়েও কাজ হলো অনেক। কোচের মূল কথা, বল হারালেই কেড়ে নাও। প্রতিপক্ষ ৫-৭টি পাস যাতে খেলে ফেলতে না পারে সজাগ থাকো। অধিনায়ক সুজন বলছিলেন, ‘আরও কয়েকটা দিন আগে এই কোচ পেলে খুবই ভালো হতো।’তবু এই অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ দলকে বদলে দিচ্ছেন ক্রুইফ। খেলোয়াড়েরা অনেক বেশি পেশাদারি মনোভাব দেখাচ্ছেন। একই হোটেলে থেকেও হয়তোবা সেটা টের পাচ্ছে না ফিলিস্তিন, নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড। স্বাগতিক নেপাল আছে তাদের ফুটবল একাডেমিতে। আগামীকাল শুরু হয়ে যাবে চার দলের এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে যাওয়ার লড়াই।নেপালের জন্য লড়াইটা একটু অন্য রকম। দেশটার অর্থনীতি বিপর্যস্ত। রাত-দিনে ১২ ঘণ্টা লোডশেডিং থাকে। চার ঘণ্টা বিদ্যুৎ থাকে তো পরের চার ঘণ্টা নেই। আছে পানিসংকট। তবু হিমালয়ের টানে পর্যটক আসছে স্রোতের মতো। এই বিদেশিদের ভিড়ে নিশ্চিত করেই ক্রুইফ আলাদা। তিনি ব্যস্ত দল নিয়ে। দলটাকে কীভাবে খেলাবেন, কী হবে ফর্মেশন—এসবই তাঁর ধ্যানজ্ঞান। কথা কম বলেন, তবে খেলোয়াড়দের সঙ্গে মজাও করেন। যত দূর সম্ভব খেলোয়াড়দের ফুরফুরে রাখার একটা চেষ্টা আছে নতুন কোচের।তবে স্থানীয় জনতাকে চ্যালেঞ্জ কাপের আমন্ত্রণ জানাতে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন খানিকটা চুপচাপই। প্রচারণা চোখে পড়ছে না। ত্রিভুবন বিমানবন্দরে নেমে পর্যটকের বোঝার উপায় নেই ২-৬ মার্চ এখানে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট হচ্ছে। শহরের হূৎপিণ্ডে ঢুকেও পোস্টার-ব্যানারের সন্ধান মেলেনি। তবু মানুষ ফুটবল নিয়ে বেশ আগ্রহী। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের মনে করছে, দশরথ স্টেডিয়ামে লোক আসবে। স্থানীয় টিভিতে সম্প্রচারের স্বার্থে ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে ৩০ মিনিট।কিন্তু দশরথ স্টেডিয়ামের মাঠ দেখে অসন্তুষ্ট জর্ডানের ম্যাচ কমিশনার মুনায়েম ফাকোরি। ‘মাঠটা ভালো না, এই মাঠ ভালোভাবে প্রস্তুত করতে বলেছি আয়োজকদের। আশা করছি, সব ঠিক হয়ে যাবে’—বাংলাদেশি সাংবাদিককে বললেন মুনায়েম। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের খবর নেই। গোছানো নয় আয়োজন। বাংলাদেশ এসব দিক থেকে হাজার গুণ এগিয়ে।মাঠেও এগিয়ে থাকতে পারলে হয়!