ক্রুইফের ক্যাম্পে আরও কয়েকজন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন সফরের জন্য পরশু ঘোষিত জাতীয় দলের ক্যাম্পে ডাকা ২৯ খেলোয়াড়ের মধ্যে তিনজন পুরো ফিট নন। দুজন চিকিৎসার জন্য ভারতে আছেন। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর নিজেই জানতেন না কার ইচ্ছায় কীভাবে এই খেলোয়াড়দের ক্যাম্পে ডাকা হয়েছে। কারণ স্থানীয় খেলোয়াড় নির্বাচনের ব্যাপারে টেকনিক্যাল ডিরেক্টরের একটা ভূমিকা থাকেই।

তবে সংশ্লিষ্ট একজনের দাবি, কোচ ক্রুইফের আগ্রহেই ডিফেন্ডার নাসির, রেজাউল ও গোলরক্ষক মোস্তাককে ক্যাম্পে ডাকা হয়েছে। এই তিনজনকে ক্যাম্পে দেখবেন কোচ। যদিও তাঁদের চূড়ান্ত দলে আসার সম্ভাবনা ক্ষীণ।

ওদিকে ডাক পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত তিন ‘বিদেশি’র ব্যাপারে বাফুফের হাতে তেমন কোনো তথ্যই নেই। তাঁরা ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেবেন নাকি সরাসরি লন্ডন যাবেন সেটিও নিশ্চিত নয়। কোচের সঙ্গে জামাল ভূঁইয়া (ডেনমার্ক), আনন্দ রহমান (অস্ট্রেলিয়া) ও রিয়াসাত (জার্মানি) যোগাযোগ করাতেই তাঁদের ক্যাম্পে ডাকা হয়েছে বলে জানান এক কর্মকর্তা।

এ ব্যাপারে বাফুফের জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদের ভাষ্য, ‘তিন খেলোয়াড়কে নিয়ে কোচের কী পরিকল্পনা, সেটা আমাদের জানাননি তিনি। কাজেই আমরা কিছু বলতে পারব না। কোচ এদের ঢাকায় আনতে বললে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’