ক্রুইফের নজরে ওয়াহেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপার কাপের আবিষ্কার ওয়াহেদ আহমেদ জাতীয় দলের জার্সিতেও নজর কাড়লেন। মোহামেডানের এই তরুণ স্ট্রাইকারের ২ গোলে কাল সাফের প্রস্তুতিরত জাতীয় দল অনুশীলন ম্যাচে হারিয়েছে লিগে পঞ্চম হওয়া বিজেএমসিকে (২-০)। এর আগে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা জাতীয় দলের অনুশীলন ম্যাচেও ১ গোল করেছিলেন ওয়াহেদ।স্বাভাবিক কারণেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের পর ওয়াহেদকে নিয়ে আলাদা করে বলতে হলো কোচ লোডভিক ডি ক্রুইফকে। তাতে প্রশংসাই ঝরল, ‘আমাকে সুপার কাপের আগে ওয়াহেদ সম্পর্কে কেউ কিছু বলেনি। সুপার কাপ দেখেই আমি তাকে ক্যাম্পে ডেকেছি। সে উন্নতি করেছে।’খেলোয়াড়দের ফিটনেসেও উন্নতি দেখছেন ডি ক্রুইফ। প্রস্তুতি ম্যাচে সব খেলোয়াড়কে দেখতে পারাটা তাঁর নিজের জন্য বিরাট সুযোগ বলছেন ডাচ কোচ। আগামী শনি-রোববার ৩৫ জন থেকে বেছে নেবেন ২৩ জনের মূল স্কোয়াড। এ প্রসঙ্গে বলেছেন, ‘দলে থাকার জন্য সবার সামনেই দুয়ার খোলা।’ পাশাপাশি এও জানিয়েছেন, থাইল্যান্ডে আগামী সপ্তাহেই প্রস্তুতি ক্যাম্প আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন বাফুফেকে। দলে নতুন যোগ দেওয়া যুক্তরাষ্ট্রপ্রবাসী ফারহান খানকে নিয়ে মন্তব্য, ‘শারীরিকভাবে সে শক্তিশালী।’