ক্রুইফের সমর্থন সুন্দরের প্রতি
দেশ তাঁর হল্যান্ড। শুধু ডাচ ফুটবল নয়, বিশ্ব ফুটবলের মোড় ঘুরিয়ে দেওয়া একটি অধ্যায়ের জন্ম তাঁর হাত ধরেই। আবার ৩৭ বছর ধরে বার্সেলোনার সঙ্গে যে সম্পর্ক, তাতে স্পেন হয়ে গেছে তাঁর ঘরবাড়ি। ইয়োহান ক্রুইফ তাই ভালোই বিপাকে পড়েছেন—বিশ্বকাপের ফাইনালে সমর্থন দেবেন কাকে? সর্বকালের সেরা ফুটবলারদের একজন কঠিন প্রশ্নটির উত্তর দিয়েছেন কূটনৈতিকভাবে। ‘টোটাল ফুটবলের’ নায়কের সমর্থন সুন্দর ফুটবলের প্রতি!‘আমি কাকে সমর্থন দেব? আমি ডাচ কিন্তু স্পেন যে ফুটবলটা খেলছে, আমি তা সমর্থন করি’—বার্সেলোনাভিত্তিক পত্রিকা এল পেরিওদিকো ডে কাতালোনিয়ায় বৃহস্পতিবার নিজের কলামে লিখেছেন ক্রুইফ। শুধু তা-ই নয়, ফাইনালে ক্রুইফের ফেবারিটও স্পেন, ‘স্পেন এখন দারুণ ফেবারিট। টুর্নামেন্ট যতই এগিয়েছে, দেল বস্কের দল আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং ফাইনালে যাচ্ছে তারা নিজেদের খেলার চূড়ায় থেকে। জার্মানিকে ওরা যেভাবে হারিয়েছে, এতেই বোঝা গেছে ওদের সামর্থ্য। এই স্পেন দল বার্সেলোনার রেপ্লিকা, ফুটবলের সেরা বিজ্ঞাপন। ওরা ভালো খেলে এবং একই সঙ্গে সবার মন ভরাতে চায়। আক্রমণাত্মক ফুটবলের চ্যাম্পিয়ন ওরা। জেতার সম্ভাবনা ওদেরই বেশি।’স্পেন দল নিয়ে ক্রুইফের এত মুগ্ধতা এই দলটা বার্সার মতো মন রাঙানো ফুটবল খেলে বলেই। কাতালান ক্লাব বার্সার সঙ্গে ক্রুইফের হূদয়ের সম্পর্ক। ১৯৭৪ সালে ‘টোটাল ফুটবল’ দিয়ে হল্যান্ডকে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে তুলে আনা ক্রুইফের হাত ধরে অনেক সাফল্য এসেছে বার্সেলোনাতে। ১৯৭৩ থেকে ১৯৭৮, ফুটবল ক্যারিয়ারের সেরা সময়টা ক্রুইফ কাটিয়েছেন বার্সায়। জিতেছেন লা-লিগা ও কোপা দেল রে। দুবার হয়েছেন ইউরোপের বর্ষসেরা ফুটবলার।তবে খেলোয়াড় ক্রুইফ যতটা না, বার্সার ইতিহাসে অনেক বেশি অবিস্মরণীয় হয়ে আছেন ম্যানেজার ক্রুইফ। বার্সার সত্যিকার বিশ্বশক্তি হয়ে ওঠা ক্রুইফের কোচিংয়েই। ১৯৮৮ থেকে ১৯৯৬ পর্যন্ত বার্সাকে কোচিং করিয়েছেন ক্রুইফ। এই সময়ের মধ্যে বার্সা জিতেছে টানা চারটি লা লিগা, তিনটি স্প্যানিশ সুপার কাপ, একবার করে জিতেছে কোপা দেল রে, উয়েফা সুপার কাপ, কাপ উইনার্স কাপ (পরবর্তী সময়ে উয়েফা কাপ, এখন ইউরোপা কাপ)। জিতেছে ক্লাব ইতিহাসের প্রথম ইউরোপিয়ান কাপ (এখনকার চ্যাম্পিয়ন্স লিগ)।কোচিং ছাড়ার পরও কাতালানদের সঙ্গে সম্পর্কটা শেষ হয়ে যায়নি। ক্লাবের উপদেষ্টাদের একজন তিনি। ১৩ বছর পর আবার কোচিংয়ে ফিরেছেন কাতালানদের জন্যই। গত বছর থেকে কাতালানদের জাতীয় দলটার কোচ ক্রুইফ। খেলোয়াড় ও ম্যানেজার হিসেবে অনন্য সাধারণ সব অর্জনের জন্য গত মার্চে বার্সা তাঁকে মনোনীত করেছে ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট। বার্সার প্রতি ক্রুইফের টান তাই অন্য রকম। সেই সূত্রে স্পেনের প্রতিও টান। সেমিফাইনালে স্পেনের সেরা একাদশের সাতজনই ছিলেন বার্সার, বেঞ্চে বসে ছিলেন আরও একজন। পিকে, বুসকেটস, জাভি, ইনিয়েস্তা, পেদ্রো, ফ্যাব্রিগাসরা বার্সার বিখ্যাত যুব প্রকল্পের ফসল। ক্রুইফ নিজেই বলেছেন, এই স্পেন দল যেন বার্সার প্রতিচ্ছবি।স্পেন যখন সুন্দর ফুটবল খেলে মন জয় করেছে সবার, হল্যান্ড অনেকটাই সরে এসেছে ক্রুইফদের সময়ের সুন্দর ফুটবল থেকে। কোচ বার্ট ফন মারউইক তো বলেই দিয়েছেন, সৌন্দর্য নয়, তাঁর কাছে ফলাফলই আসল। এ জন্যই হয়তো নিজ দেশের ফুটবলও টানছে না ক্রুইফকে। তবে স্পেন নয়, পুরো হল্যান্ড যে ফাইনালে জার্মানিকেই চাইছিল, এটা উঠে এসেছে ক্রুইফের লেখায়, ‘হল্যান্ডের প্রতিটি মানুষ ফাইনালে জার্মানিকেই চাইছিল মূলত দুটি কারণে। এক, ১৯৭৪ এর কথা মনে করে এবং দুই, স্পেন প্রতিপক্ষ হিসেবে বেশি কঠিন। হল্যান্ড জার্মানির চেয়ে শারীরিক দিক থেকে একটু পিছিয়ে। স্পেন বল পায়ে রাখতে পছন্দ করে। ডাচরা জানে, ৯০ মিনিট বলের পেছনে ছোটার সামর্থ্য তাদের নেই।’দেখা যাক, ক্রুইফের দেশ না ক্রুইফের হূদয়, আগামীকাল জয় হয় কার! ওয়েবসাইট।