ক্রুইফের হাতে চোটগ্রস্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তুই না খেললে আমি কাকে বল বানিয়ে দেব’—স্ট্রাইকার এমিলিকে হাসতে হাসতে বললেন বন্ধু জাহিদ। এমিলির বুকে ব্যথা। যিনি বললেন তাঁর পায়ে চোট। উইঙ্গার জাহিদ শেষ পর্যন্ত কাঠমান্ডুর চ্যালেঞ্জ কাপে খেলতে পারবেন কি না, নিশ্চিত নয়। তবে এমিলির না খেলার আশঙ্কাই বেশি। ৩৩ জন খেলোয়াড়কে প্রাথমিক ক্যাম্পে ডেকে কাল বিকেলে প্রথম অনুশীলনও হলো। প্রথম দিনে পাওয়া গেছে ৩০ জনকে। এই খেলোয়াড়দের ভিড়ে বাফুফে ভবনে আবাসিক ক্যাম্পে পা রেখেই পাওয়া গেল দুশ্চিন্তার পূর্বাভাস। এমিলি, জাহিদ, মামুনুল একই কক্ষে উঠেছেন। বিকেএসপি থেকেই এঁরা তিনজন একসঙ্গে থাকেন। এই কক্ষে বসে এমিলি কাল বিকেলে বলছিলেন, ‘মোহামেডান ম্যাচে মোহামেডানের গোলরক্ষক মামুনের পায়ের আঘাত লেগেছে বুকে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এক্স-রে করাব একটু পর। মনে হচ্ছে না চ্যালেঞ্জ কাপে খেলতে পারব।’এমিলির ভাই মিডফিল্ডার শাকিলেরও পায়ে চোট আছে। হাঁটুর চোটের কারণে এরই মধ্যে দল থেকে বিদায় নিয়েছেন ডিফেন্ডার রেজাউল ও গোলরক্ষক মোস্তাক। সর্বশেষ অধিনায়ক সুজনেরও চোট আছে। তাঁর হাঁটু ফুলে গেছে। সব মিলিয়ে চোটে জেরবার বাংলাদেশ দল। সহকারী কোচ গোলাম জিলানি মনে করেন, ‘ডিফেন্স লাইনেই বেশি সমস্যা।’ ফিজিও দলিলুর রহমানের ভাষ্য, ‘এমিলি-জাহিদের সিটি স্ক্যান করানো হয়েছে। কাল (আজ) বোঝা যাবে ওদের অবস্থাটা আসলে কেমন।’শেষ পর্যন্ত এই খেলোয়াড়েরা কাঠমান্ডু যেতে না পারলে সেটি দলের জন্য একটা বড় ধাক্কাই হবে। প্রতিদ্বন্দ্বিতামুখর লিগের খেলা ছেড়ে এখন জাতীয় দলে কতটা মনোযোগ দিতে পারবেন খেলোয়াড়েরা সেটাও প্রশ্ন। তবে মিডফিল্ডার প্রাণতোষ বলছেন, ‘লিগে হার না-মানার মানসিকতা রপ্ত করেছি আমরা। জাতীয় দলে সেটি দেখাতে পারলে ভালো হবে।’ মামুনুলের আশা, ‘নতুন কোচকে ভালো কিছু উপহার দিতে চাই। ঘরোয়া ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। জাতীয় দলের জার্সি গায়ে এটা আমাদের অনেক সাহায্য করবে।’ নতুন কোচ লোডভিক ডি ক্রুইফ আগামীকাল ঢাকা আসছেন। এসেই চোটে আক্রান্ত দল পাচ্ছেন, যার অর্থ শুরুটা সেরা দল নিয়ে করতে পারছেন না। এটা তাঁর জন্যও একটা ধাক্কা।এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশকে ডাচ-দর্শনে গড়ে তুলবেন। ঢাকায় তিনি কথা বলেছিলেন ডিফেন্ডার ওয়ালি ফয়সালের সঙ্গে। কাল আবাহনী অধিনায়ক সেটি মনে করলেন, ‘কোচ আবাহনীর ম্যাচ দেখে আমাকে ডেকে বললেন, তোমার খেলা আমার ভালোই লেগেছে। ছোট ছোট পাসে তোমরা ভালোই খেলছ। তবে তোমাদের বড় সমস্যা পাওয়ার নেই। এই পাওয়ার ফুটবলই নিয়ে তোমাদের সঙ্গে বেশি কাজ করব।’ওদিকে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন আজ দুপুরে খেলোয়াড়দের নিয়ে বসছেন। নিজেই জানালেন, ‘জাতীয় দল ফল না পেলে আমাদের সব কাজই বৃথা যাবে। কাজেই খেলোয়াড়দের ওপরই নির্ভর করছে সব। ওদের মানসিকভাবে উজ্জীবিত করব।’ফিলিস্তিন, নেপাল ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের সঙ্গে বাংলাদেশের তিনটি ম্যাচ ২, ৪ ও ৬ মার্চ। আগামী বছর মালদ্বীপে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বের টিকিট পেতে চায় বাফুফে। কিন্তু চোটের কারণে দলই তো তৈরি নয়!