ক্রুইফের ৩৫-এ বিপ্লব
স্থানীয় কোচরা তাঁকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন। কিন্তু লোডভিক ডি ক্রুইফের কাছে উপেক্ষিত থাকেননি বিপ্লব ভট্টাচার্য। সেপ্টেম্বরে সাফ ফুটবলের জন্য জাতীয় দলের ডাচ কোচের ৩৫ জনের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক।
বিপ্লব সর্বশেষ ২০১১ ডিসেম্বরে দিল্লি সাফের দলে ছিলেন। সেটিও অধিনায়ক হিসেবে। কিন্তু সে সময়ের মেসিডোনিয়ান কোচ নিকোলা ইলিয়েভস্কি তাঁকে মাঠেই নামাননি। এরপর এএফসি চ্যালেঞ্জ কাপসহ প্রীতি ম্যাচগুলোয় বিপ্লবকে স্থানীয় কোচরা ডাকেননি তরুণদের সুযোগ দেওয়ার কথা বলে।
অথচ দলে আসার মতো পারফর্ম তিনি করেছেন। একসময় ঢাকা ছিলেন আমিনুলের ছায়ায়। আমিনুল অবসর নিলেও বিপ্লব নিয়মিত হতে পারেননি জাতীয় দলে। সেই বিপ্লবের নেতৃত্বে এবার শেখ রাসেল ট্রেবল জিতেছে। কাল সুপার কাপ জিতলে সংখ্যাটা হবে চার। সুপার কাপ শুরুর আগে সংবাদ সম্মেলনে আবেদন জানিয়েছিলেন, সবার প্রতি যেন সুবিচার করা হয়। সুবিচার তাহলে পেয়েছেন!
দেড় বছর পর জাতীয় দলে ডাক পেয়ে বললেন, ‘কোচ আমার যোগ্যতা দেখেই দলে নিয়েছেন। দলে ফেরার একটা জেদ পুষে রেখেছিলাম। এখন ভালো খেলে মূল দলে জায়গা করে নিতে চাই। এটাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
কাল ঘোষিত জাতীয় দলের এই প্রাথমিক তালিকায় বিপ্লব ছাড়াও দলে ফের ডাক পেলেন শেখ জামালের মিডফিল্ডার অরূপ, আবাহনীর মিডফিল্ডার আরমান আজিজ। দলে একেবারেই নতুন মুখ ছয়জন। তাঁর মধ্যে তিনজন ডিফেন্ডার—শেখ রাসেলের নাহিদ, উত্তম বণিক ও মোহামেডানের তপু বর্মণ। ডাক পেয়েছেন ব্রাদার্সের মিডফিল্ডার সিফাত, বিজেএমসির মিডফিল্ডার ওমর ফারুক ও মোহামেডানের স্ট্রাইকার ওয়াহেদ।
এএফসি চ্যালেঞ্জ কাপের দল থেকে বাদ পড়েছেন চারজন—শেখ জামালের মিডফিল্ডার শাকিল, ফরোয়ার্ড আলমগীর রানা, আবাহনীর মিডফিল্ডার কোমল ও শেখ রাসেলের ডিফেন্ডার মামুন মিয়া। কদিন আগে বাতিল হয়ে যাওয়া ইংল্যান্ড সফরের ৩৪ জনের দলে ডাক পাওয়া রাসেলের ডিফেন্ডার নাসির, রেজাউলও ঠাঁই পাননি সাফের তালিকায়।
ইংল্যান্ড সফরের ওই দলে ডাকা তিন প্রবাসী ফুটবলারকেও সাফের প্রাথমিক দলে রাখা হয়েছে। তাঁরা হলেন আনন্দ রহমান (অস্ট্রেলিয়া), জামাল ভূঁইয়া (ডেনমার্ক) ও রিয়াসাত খাতন (জার্মানি)। এই তিনজনের ব্যাপারে বাফুফের হাতে কোনো তথ্য নেই। কোচই তাঁদের ডেকেছেন।
ডাক পাওয়া খেলোয়াড়দের রিপোর্টিং ২৮ জুন, বাফুফে ভবনে। ১ জুলাই কোচ আসা পর্যন্ত সেখানেই থাকবেন খেলোয়াড়েরা। বাফুফে পরে বিকেএসপিতে দল পাঠাতে চায়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ। উল্লেখ্য, দুই সপ্তাহ এগিয়ে নেপালে অষ্টম সাফ ফুটবল হবে ১-১১ সেপ্টেম্বর।
৩৫ জনের প্রাথমিক দলসোহেল, বিপ্লব, ওমর ফারুক, ওয়ালি, মিশু, প্রাণতোষ, শাহেদ, আরমান আজিজ, শাখাওয়াত রনি, মামুন খান, মেজবাবুল মানিক, সোহেল রানা, তপু বর্মণ, ওয়াহেদ, মোবারক, মাকসুদুর, আরিফুল, নাসির উদ্দিন, রায়হান, অরূপ, ইয়ামিন, লিংকন, উত্তম, মামুনুল, এমিলি, মিঠুন, জাহিদ, নাহিদ, কেষ্ট, তকলিচ, সিফাত, জিয়া, জামাল ভূঁইয়া, আনন্দ ও রিয়াসাত।