ক্রুইফের ‘ডাচ স্কুলে’ প্রথম পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফে ভবনের তৃতীয় তলার সভাকক্ষ। বোর্ডের ওপর লেখা ‘ডাচ স্কুল’। নিচে কয়েকটি বাক্য। মানে লোডভিক ডি ক্রুইফ কাল সকালে ঢাকায় নেমেই বিকেলে তাঁর প্রথম পাঠটা দিলেন খেলোয়াড়দের। বাংলাদেশের ফুটবলে শুরু হয়ে গেল ডাচ-অধ্যায়।সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ প্রথম অনুশীলন সেশন শুরু হলো বঙ্গবন্ধু স্টেডিয়ামে। প্রথমে ফিটনেস নিয়ে কাজ করলেন ক্রুইফের সহকারী রেনে কোস্টার, তারপর দুই ভাগ করে ম্যাচ খেলা।রেনের সংক্ষিপ্ত ফিটনেস সেশনটা চোখে পড়ল আলাদা করে। একসঙ্গে সব খেলোয়াড়ের ছোট ছোট দৌড়ের মধ্যেও একটা নতুনত্ব থাকল। যে পদ্ধতিতে রেনে খেলোয়াড়দের বুকডন করালেন, বাংলাদেশের ফুটবলাররা তা করতে অভ্যস্ত নন বলেই মনে হলো।২-৬ মার্চ কাঠমান্ডুতে এএফসি চ্যালঞ্জ কাপ, হাতে সময় একেবারেই কম। এই অল্প সময়ে ক্রুইফ-রেনে জুটি কতটা কী করতে পারবেন, সময়ই বলবে। তবে ফুটবলারদের সঙ্গে বাফুফে ভবনের আধঘণ্টার ‘প্রথম পাঠে’ ক্রুইফ জানিয়ে দিলেন চাওয়াটা। বোর্ডে লেখা প্রথম পয়েন্টটা ছিল, বল নিয়ন্ত্রণে নিয়ে সুযোগ তৈরি করো এবং গোল করো। দুই, নিচ থেকে আক্রমণ গড়ো। তবে কোনো লম্বা বল নয়। তারপর তত্ত্ব-১: বল হারালে দ্রুত তা কেড়ে নাও। তত্ত্ব-২: বল জিতলে ধরে রাখার চেষ্টা করো। ফরমেশন: ১-৪-২-৩-১। সবশেষে লিখেছেন: জেতার জন্য খেলো। এরপর সাংবাদিকদের প্রশ্নে শুরুতেই বললেন, ‘খেলোয়াড়দের সঙ্গে মাত্রই পরিচিত হলাম। সময় খুব অল্প ছিল, তাদের শুধু বলেছি আমরা কীভাবে খেলতে চাই। ডাচ স্কুলে কী টেকনিক শেখানো হয় সেটা নিয়ে তাদের ধারণা দিয়েছি। আমি খেলোয়াড়দের এও বলেছি, আমরা যা-ই করি না কেন, দিন শেষে ফলাফলটাই বড়’। বাংলাদেশের দায়িত্ব নিয়ে আপনার স্বপ্ন কী? এই প্রশ্নে প্রশ্নকর্তা সাংবাদিককেই পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন ক্রুইফ, ‘তোমার স্বপ্ন কী?’ পরক্ষণেই বলে দেন ‘আমরা একটা স্বপ্ন নিয়েই এখানে এসেছি। একটা ভালো দল গড়তে চাই।’ বলতে ভুললেন না, ‘কয়েকজন খেলোয়াড়ের চোট আছে। তাদের নেপাল নেওয়া ঠিক হবে না।’চ্যালেঞ্জ কাপের চ্যালেঞ্জ নিয়েও কথা বললেন, ‘আমরা প্রতিপক্ষ সম্পর্কে তেমন কিছু জানি না। নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড তো একেবারেই অচেনা।’ ক্রুইফের কথায় বোঝা গেল, প্রতিপক্ষ নিয়ে কিছু হোমওয়ার্ক করে এসেছেন। তাঁর কথা, ‘ফিলিস্তিন খুব ভালো দল। তবে আমি মনে করি না ওরা খুব বেশি এগিয়ে। এই পর্যায়ে দলগুলো একে অন্যকে হারানোর ক্ষমতা রাখে। ফিলিস্তিনের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় নোমান বাঁ পাশ দিয়ে উঠে ভেতরে ঢোকে। আমাদের একটা পরিকল্পনা করতে হবে তাদের সঙ্গে লড়াই করার।’দীর্ঘ মেয়াদে ওই পরিকল্পনারই বাস্তবায়ন চান ক্রুইফ। তারই অংশ হিসেবে লন্ডন গিয়েছিলেন এক দিন আগে। প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাই করতে ওখানে একটা ম্যাচও আয়োজন করেন। কোনো খেলোয়াড় কি পছন্দ হলো?ক্রুইফ বললেন, ‘ওখানে আপাতত সে রকম খেলোয়াড় চোখে পড়েনি। তবে কয়েকজনের ব্যাপারে প্রস্তাব এসেছে। ইউরোপে যেহেতু বাংলাদেশি বংশোদ্ভূত বিরাট একটা জনগোষ্ঠী বাস করছে, তাই ভবিষ্যতে ব্যাপারটা দেখা যেতে পারে।’ দেখাই যাক, নতুন মিশনে কত দূর যেতে পারেন দুই ডাচ-গুরু।