ক্রুস ভয়ংকর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসছেন জার্মানির লাম, শোয়েনস্টাইগার, স্যামি খেদিরারাও। ফাইনাল শেষে এক পক্ষের হাসিটা আরও চওড়া হবে, অন্য পক্ষের হাসি রূপ নেবে বিষাদে l এএফপি, রয়টার্স
হাসছেন জার্মানির লাম, শোয়েনস্টাইগার, স্যামি খেদিরারাও। ফাইনাল শেষে এক পক্ষের হাসিটা আরও চওড়া হবে, অন্য পক্ষের হাসি রূপ নেবে বিষাদে l এএফপি, রয়টার্স

তাঁর সমস্যা একটাই। আবেগ-অনুভূতি চেহারায় কখনো ফুটে উঠে না। ব্যাপারটা কষ্টের হোক কিংবা আনন্দের, টনি ক্রুসের চেহারা সবসময় ভাবলেশহীন। এই তো বিশ্বকাপের কিছুদিন আগে একবার জিজ্ঞেস করা হয়েছিল, ‘২০১০ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে ওই গোলটা মিস করার পর কেমন লেগেছিল?’ ক্রুসের জবাব, ‘আমি তো শটটা ঠিকই নিয়েছিলাম। গোল না হলে কী করব!’ ভাবখানা এমন যে তার আর কিছুই করার ছিল না।
আসলে করার ছিল। অন্তত সাদা চোখে দেখে সেটাই মনে হয়েছে। ডারবানে সেদিন ৯০ মিনিটে গোল করার মতো ওই একটাই খুব ভালো সুযোগ পেয়েছিল জার্মানি। কিন্তু মাত্র ১৫ গজ দূরে থেকে সেই শটে গোল করার বদলে ক্রুস বলটা যেন তুলে দিয়ে এলেন ইকার ক্যাসিয়াসের হাতে। ১-০ গোলে ম্যাচ হেরে মিক্সড জোনে সতীর্থদের সঙ্গে এমনভাবে হেঁটে গেলেন যেন এ হারে তার কোনো দায় নেই। অথবা যেন বায়ার্নের হয়ে বুন্দেসলিগায় কোনো অ্যাওয়ে ম্যাচ জিতে এসেছেন!
চার বছর পর। আরও একটা বিশ্বকাপের সেমিফাইনাল। এবার জার্মানির প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিল। যে ক্রুসের ভুলে চার বছর আগে সেমিফাইনালে থেকে বিদায় হয়ে গিয়েছিল জার্মানির, এদিন তিনিই নায়ক। বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরাওতে ২৪ ও ২৬ মিনিটে জার্মানির হয়ে দুটি গোল করেছেন, তার আগে মুলারকে দিয়ে করিয়েছেন আরও একটা গোল। যেটি আবার এ বিশ্বকাপে তার চতুর্থ অ্যাসিস্ট। মাঠে তাঁর পারফরম্যান্স দেখার পর বেকেনবাওয়ার বললেন, ‘এই ক্রুসের কোনো তুলনা হয় না।’ অথচ ম্যান অদ দ্য ম্যাচ হওয়ার পর প্রতিক্রিয়ায় ক্রুস শুধু বললেন, ‘এটা হয়তো আমার সেরা ম্যাচগুলোর একটি।’ গলায় কোনো উত্তেজনা নেই, চেহারা সেই ভাবলেশহীন।
ক্রুস এমনই। কিছুতেই যেন তার কিছু যায় আসে না। দেখে বোঝার উপায় নেই, এই বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা জার্মানির অন্যতম নায়ক তিনি। প্রশংসা, স্তবকীর্তন কিংবা সমালোচনা সব দূরে সরিয়ে রেখে উদাসী চোখে ক্রুস শুধু বললেন, ‘ফাইনালেও এই ছন্দটা ধরে রাখতে চাই। আপাতত এটাই লক্ষ্য।’
গত বিশ্বকাপের সেমিফাইনালে সেই ভুলের পরে সমালোচিত হয়েছিলেন ২০১২ ইউরোতেও। সেটা যতটা না তার নিজের কারণে, তার চেয়ে বেশি কোচের ভুল কৌশলের কারণে। ইউরোর বাছাইপর্বেও যিনি খেলেছেন একজন আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে, সেখানে মূল টুর্নামেন্টে গিয়ে কোচ জোয়াকিম লো তাঁকে খেলালেন অনেক পেছনে। ইতালির বিপক্ষে সেমিফাইনালে তাঁকে দেওয়া হয়েছিল আন্দ্রেয়া পিরলোকে মার্কিংয়ের দায়িত্ব। যেটা করতে গিয়ে একেবারেই ব্যর্থ হয়েছিলেন ক্রুস। ফলাফল, ওই ম্যাচে ইতালির কাছে হেরে জার্মানির বিদায়। জার্মান সংবাদমাধ্যম লোয়ের পাশাপাশি ধুয়ে ফেলল ক্রুসকেও। সবকিছুর জবাব দেওয়ার জন্য যেন এই বিশ্বকাপটাকেই বেছে নিয়েছেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার। পর্তুগালের সঙ্গে ৪-০ গোলে জয়ের ম্যাচ থেকে শুরু করে ব্রাজিলকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়া সেমিফাইনাল পর্যন্ত জার্মান দলের সেরা খেলোয়াড় তিনি। শুধু গোল করা কিংবা করানো নয়, নিখুঁত পাসিংয়ের গুণে ক্রুস হয়ে উঠেছেন এই জার্মানির হৃৎপিণ্ড। মনোনয়ন পেয়েছেন ফিফা গোল্ডেন বলের জন্যও। গত বিশ্বকাপ আর ইউরোর পরে যে জার্মান সংবাদমাধ্যম ক্রুসের সমালোচনায় মুখর হয়েছিল, তারাই এখন বলছে— অবশেষে জার্মানরা আরও একজন বিশ্বমানের খেলোয়াড় খুঁজে পেল।
আর এ কারণেই ক্রুসকে নিয়ে আজ বাড়তি দুশ্চিন্তা আর্জেন্টিনারও। মাঝমাঠে তাঁকে বিনা বাধায় নড়াচড়া করার সুযোগ দিলে কী ভয়াবহ পরিণতি হতে পারে, সেটা টের পেয়েছে ব্রাজিল। আজ কি সেই একই ভুল করবে আর্জেন্টিনা? তথ্যসূত্র: এএফপি, গোলডটকম।