ক্রুসের পর নাভাসও রিয়ালে?

ভাগ্যিস, রিয়াল মাদ্রিদ বিশ্বকাপের আগেই কথাবার্তা সেরে রেখেছিল। নইলে এই দুর্মূল্যের বাজারে ৩ কোটি ইউরোর কমে টনি ক্রুসকে কীভাবে পায়!
গুঞ্জনটা শোনা যাচ্ছিল বিশ্বকাপের আগে থেকেই। সেটাই সত্যি হলো কাল। জার্মান মিডফিল্ডার ক্রুসকে বায়ার্ন মিউনিখ থেকে দলে ভিড়িয়েছে রিয়াল। আপাতত দুই পক্ষের চুক্তি ছয় বছরের। শুধু ক্রুসই নয়, লেভান্তের কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাসকে রিয়াল নিয়ে এসেছে বলেই জানাচ্ছে স্প্যানিশ প্রচারমাধ্যম। কাল পর্যন্ত অবশ্য এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বিশ্বকাপে ক্রুস যা খেলেছেন, তাতে বড় দলগুলোতে তাঁকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যাওয়াটা স্বাভাবিক। দুটি গোল করেছেন, করিয়েছেন চারটি। ব্রাজিলকে গুঁড়িয়ে দেওয়ার অভিযানে ছিলেন সামনের সারিতে। রিয়াল অবশ্য গত মৌসুম থেকেই ক্রুসকে পেতে ওত পেতে ছিল। আগ্রহী ক্লাবের তালিকায় ছিল ম্যানচেস্টার ইউনাইটেডও। শেষ পর্যন্ত রিয়ালই বাজিমাত করল। ঠিক কত দামে, সেটা রিয়াল-বায়ার্নের কেউই প্রকাশ করেনি। ধারণা করা হচ্ছে, অঙ্কটা ২.৫ থেকে ৩ কোটি ইউরোর মাঝামাঝি। ২৪ বছর বয়সী নজরকাড়া এক খেলোয়াড়, তেমন একজনের জন্য অঙ্কটা কমই বটে!
নিজেদের ওয়েবসাইটে ক্রুসকে নিয়ে রিয়াল লিখেছে, ‘এ মুহূর্তে সে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। সে এমন একজন প্লে-মেকার যেকোনো পরিস্থিতিতে সেরা বিকল্প বের করতে পারে। সতীর্থদের খেলানোর মতো দূরদৃষ্টি আছে তাঁর, বলটাও দারুণ মারে।’ যাঁরা বিশ্বকাপ দেখেছেন, তাঁরা বোধ হয় এই কথার সঙ্গে দ্বিমত করবেন না!
বয়স মাত্র ২৪, অথচ এর মধ্যেই ১১টি ট্রফি জেতা হয়ে গেছে ক্রুসের। বুন্দেসলিগা, চ্যাম্পিয়নস লিগ, জার্মান কাপ থেকে শুরু করে জিতেছেন সম্ভাব্য সবকিছুই। হান্সা রোস্টকের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। ২০০৭ সালে মাত্র ১৭ বছর বয়সে বায়ার্নে অভিষেক। এরপর ১৮ মাসের জন্য ধারে খেলেছিলেন বেয়ার লেভারকুসেনে। ফিরে এসে আবার নিয়মিত হয়েছেন বায়ার্নে। বাভারিয়ান ক্লাবের সভাপতি কার্ল হেইঞ্জ রুমেনিগে বলেছেন, ‘বায়ার্নে আমরা অসাধারণ কিছু সময় কাটিয়েছি। মাদ্রিদে ও এবং তার পরিবারের জন্য আমাদের শুভকামনা রইল।’
কেইলর নাভাসের চুক্তিটা এখনো পাকাপাকি হয়নি বটে, তবে লেভান্তে গোলরক্ষকের রিয়ালে আসাটা সময়ের ব্যাপারই। এই বিশ্বকাপে যা করেছেন, এরপর নাভাসের কোনো বড় ক্লাবে যাওয়াটা ছিল ভবিতব্য। রিয়াল তাই দেরি করল না ২৬ বছর বয়সী গোলরক্ষককে দলে টানতে। শোনা যাচ্ছে, নাভাসকে পেতে ৮০ লাখ থেকে ১ কোটি ইউরোর কাছাকাছি খরচ করতে হয়েছে রিয়ালকে। এএফপি, গোলডটকম।