ক্রুয়েফ বনাম বেকেনবাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭০ সালের বিশ্বকাপের পর হঠাৎ করেই ফুটবল বিশ্বে বড় ধরনের একটি পরিবর্তন সাধিত হয়। ফুটবলে এই পরিবর্তনটি নিয়ে আসে নির্দিষ্টভাবে দুটি দেশ। এই দেশ দুটির একটি নেদারল্যান্ড ও অন্যটি পশ্চিম জার্মানি। তারা ‘টোটাল ফুটবল’ নামের এক নতুন ঘরানার ফুটবলের প্রবর্তন করে। টোটাল ফুটবলের আবির্ভাবের পর ছোট ছোট পাসের লাতিন ফুটবল, ইতালির রক্ষণাত্মক পদ্ধতির খেলা ও ইংলিশদের ‘হিট অ্যান্ড রান’ পদ্ধতির ফুটবল জলুস হারাতে থাকে। বিশ্বব্যাপী সব ধরনের দর্শকের কাছেই জনপ্রিয় হয়ে ওঠে এই নতুন ধরনের আধুনিক ফুটবল ‘টোটাল ফুটবল’।টোটাল ফুটবল প্রবর্তন করে মূলত নেদারল্যান্ড। ইয়োহান ক্রুয়েফ নামের এক অসাধারণ প্রতিভাবান ফুটবলারের মস্তিষ্কপ্রসূত এই ঘরানার ফুটবল খেলে নেদারল্যান্ড এই বিশ্বকাপে হয়ে ওঠে রীতিমতো অপ্রতিরোধ্য। টোটাল ফুটবলে পজিশনভিত্তিক ফুটবলকে দূরে ঠেলে দিয়ে সেই জায়গায় দলের প্রতিটি খেলোয়াড়কেই প্রতিটি জায়গার জন্য সমানভাবে পরদর্শী করে তোলা হয়। টোটাল ফুটবলের অধীনে গোলরক্ষক বাদে সব খেলোয়াড়কেই সব পজিশনের দায়িত্ব পালন করতে হতো। কোনো খেলোয়াড় আক্রমণে গেলে আরেকজন খেলোয়াড় সেই খেলোয়াড়টির জায়গা পূরণ করত। ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের নেতৃত্বাধীন পশ্চিম জার্মানিও একই ধরনের ফুটবল খেলে সাড়া ফেলে দেয় ফুটবল দুনিয়ায়। তবে নেদারল্যান্ডের সঙ্গে পশ্চিম জার্মানির ‘টোটাল ফুটবলে’ কিছুটা পার্থক্য ছিল। নেদারল্যান্ড খেলত টোটাল ফুটবলের আদলে অল আউট ফুটবল, আর জার্মানরা এর মধ্যে সংমিশ্রণ ঘটিয়েছিল কিছুটা রক্ষণশীলতা।১৯৭৪ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হয় পশ্চিম জার্মানিতে। বিশ্বকাপের ঠিক দুবছর আগে ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে বেশ কয়েকজন ইসরায়েলি ক্রীড়াবিদ নিহত হওয়ায় এই প্রথমবারের মতো বিশ্বকাপের আসরে নিরাপত্তার ডামাডোল পরিলক্ষিত হয়। আয়োজক জার্মানি মিউনিখ অলিম্পিকের মতো দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রতিটি স্টেডিয়ামে সেনা মোতায়েন করে। অনেক স্পর্শকাতর এলাকায় সেনাবাহিনীর সাঁজোয়া যানেরও উপস্থিতি দেখা যায়।১৯৭৪ সালের বিশ্বকাপে ফরম্যাটে কিছুটা পরিবর্তন আসে। ১৬টি দলকে চারটি গ্রুপে বিভক্ত করে প্রথম রাউন্ড অনুষ্ঠিত হলেও কোয়ার্টার ফাইনালের বদলে আটটি দলকে দুই গ্রুপে ভাগ করে দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়। দুই গ্রুপে শীর্ষ দুই দল শিরোপার জন্য ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। এই বিশ্বকাপে কোনো সেমিফাইনাল অনুষ্ঠিত হয়নি। দ্বিতীয় রাউন্ডে দুই গ্রুপের রানার্সআপ দল তৃতীয় ও চতুর্থস্থান নির্ধারণী খেলায় অংশগ্রহণ করে।এই বিশ্বকাপে পোল্যান্ড চমক সৃষ্টি করে। ফুটবল পরাশক্তি ব্রাজিল, ইতালি প্রমুখ দলকে পরাজিত করে শেষ পর্যন্ত দলটি তৃতীয় স্থান অধিকার করে। পোলিশ স্ট্রাইকার লাতো সাত গোল করে এই আসরের সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন। ১৯৭৪ সালের বিশ্বকাপেই এক ম্যাচে সর্বোচ্চ ব্যবধানে জয়-পরাজয়ের রেকর্ড হয়। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে যুগোস্লাভিয়া ৯-০ গোলে জায়ারকে পরাজিত করে। বিশ্বকাপের ইতিহাসে সেই ম্যাচেই সর্বোচ্চ ব্যবধানে জয়-পরাজয়ের নিষ্পত্তি হয়। ১৯৭৪ সালের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয় পশ্চিম জার্মানি ও নেদারল্যান্ড। ফাইনাল খেলাটিকেই এই প্রতিযোগিতার সবচেয়ে শ্বাসরুদ্ধকর ও চিত্তাকর্ষক খেলা হিসেবে অভিহিত করা হয়। খেলায় পশ্চিম জার্মানি ১-০ গোলে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয় করে। খেলার শুরুতেই পশ্চিম জার্মানির খেলোয়াড়েরা কোনো কিছু বুঝে ওঠার আগেই নেদারল্যান্ডের ইয়োহান ক্রুয়েফ বিদ্যুত্ গতিতে একটি বল নিয়ে জার্মান রক্ষণসীমায় পৌঁছে যান। এ সময় কয়েকজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে তিনি বল বাড়ান পেনাল্টি বক্সের মধ্যে। পুরো ঘটনাটিই ঘটে ম্যাচের একদম শুরুতে এবং জার্মান খেলোয়াড়েরা বলে পা লাগানোর আগেই। পেনাল্টি বক্সের মধ্যে বার্টি ভোক্টস বল পেলে তাঁকে ফাউল করেন জার্মান ডিফেন্ডার। রেফারি বাজান পেনাল্টির বাঁশি। পেনাল্টি থেকে গোল করে ডাচদের এগিয়ে নেন জোহান নিসকেনস। গোল খেয়ে পিছিয়ে পড়ে আসল খেলা শুরু করে পশ্চিম জার্মানি। পুরো জার্মান দলকে উজ্জীবিত করে তোলেন অধিনায়ক ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। পশ্চিম জার্মানির আক্রমণে এলোমেলো হয়ে যায় নেদারল্যান্ডের ঘর। খেলার ২৫ মিনিটেই পশ্চিম জার্মানি খেলায় সমতা ফিরিয়ে নিয়ে আসে। জার্মানির মধ্য মাঠের খেলোয়াড় বার্নড হোলজেনবেইন দ্রুত গতিতে ডাচ রক্ষণভাগে ঢুকে পড়লে বক্সের মধ্যে তাকে ট্যাকল করেন উইম জানসেন। কিন্তু ইংল্যান্ডের রেফারি জ্যাক টেইলরের কাছে সেই বাধা বিধিসম্মত মনে হয়নি। তিনি পেনাল্টির নির্দেশ দেন। যদিও নেদারল্যান্ডের খেলোয়াড়েরা এই পেনাল্টির প্রতিবাদ করেন, কিন্তু রেফারি তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। পশ্চিম জার্মানির পক্ষে পেনাল্টি থেকে গোল করেন পল ব্রেইটনার। প্রথমার্ধের ৪৩ মিনিটে রেইনার বনহফের একটি ক্রস থেকে বল পেয়ে দ্বিতীয় গোলটি করেন জার্মান গোল মেশিন জার্ড মুলার। খেলার দ্বিতীয়ার্ধে নেদারল্যান্ড খুব শক্তভাবে খেলায় ফিরে আসার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে ফাঞ্জ বেকেনবাওয়ার বোতলবন্দী করে ফেলেছেন ডাচ আক্রমণের নিউক্লিয়াস ইয়োহান ক্রুয়েফকে। জার্ড মুলারের গোলে আর ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের নেতৃত্বে ১৯৫৪ সালের পর আবার বিশ্বকাপ শিরোপা জেতে পশ্চিম জার্মানি। সেই সঙ্গে নতুন নির্মিত ফিফা বিশ্বকাপকেও চ্যাম্পিয়ন হিসেবে প্রথম স্পর্শ করার অনন্য গৌরবের অধিকারী হন ‘কাইজার’ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।