ক্রোটদের হৃদয় ভাঙল স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু একটা গোল। নির্ধারিত সময়ের দুই মিনিট আগের একটা গোল উল্টে দিল সব হিসাব-নিকাশ। মুহূর্তে বদলে গেল অনুভূতিগুলোও। দম বন্ধ করা ৮৮ মিনিটের পর জেসাস নাভাসের গোল গ্দানস্কে যেন মুক্তির আনন্দে ভাসাল স্পেনকে। প্রায় আড়াই শ মাইল দূরে পোজনানে ইতালির জন্যও সেই গোল আনল স্বস্তির বৃষ্টি। আর মুহূর্তেই ভেঙে গেল বলকান-স্বপ্ন। টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ক্রোয়েশিয়া। অথচ বাদপড়ার শঙ্কা কিন্তু কিছুটা হলেও ঘিরে ধরেছিল স্পেনকে। আয়ারল্যান্ডের বিপক্ষে ইতালির জয় মানে ক্রোয়েশিয়ার কাছে হারলেই বাদ পড়ে যাবে স্পেন। পাল্টা আক্রমণে কয়েকবার হুমকিও হয়ে উঠেছিল ক্রোটরা। কিন্তু খুলতে পারেনি গোলমুখ। নার্ভাস স্পেনকে বাঁচিয়েছে নাভাসের ওই গোল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে উঠেছে বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নরা। আইরিশদের হারিয়ে ‘সি’ গ্রুপ থেকে তাদের সঙ্গী সাবেক ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।আইরিশদের বিপক্ষের বিধ্বংসী স্পেনকে খুঁজে পাওয়া যায়নি। দেখা যায়নি স্পেনের সেই ছন্দময় ও নান্দনিক ফুটবল। স্পেনকে স্পেন হয়ে উঠতে দেয়নি আসলে ক্রোয়েশিয়াই। ম্যান টু ম্যান মার্কিং করে পুরো সময়ই স্প্যানিশদের চাপে রেখেছে ক্রোটরা, গুছিয়েই উঠতে দেয়নি। যথারীতি বল দখলের লড়াইয়ে যোজন যোজন এগিয়ে ছিল স্পেন। প্রথম ২০ মিনিটে বল পায়ে রেখেছিল প্রায় ৮০ ভাগ, ৬০ ভাগের নিচে নামেনি কখনোই। কিন্তু সংঘবদ্ধ আক্রমণে উঠতে পেরেছে কমই। বরং ক্রোট ডিফেন্স ছিল দারুণ সংঘবদ্ধ। জাভি-ইনিয়েস্তা-আলোনসোরা তবু কিছু সুযোগ সৃষ্টি করতে পেরেছেন। কিন্তু সেভাবে তোরেস-সিলভাদের বিপদই ছড়াতে দেয়নি ক্রোট ডিফেন্স। প্রথমার্ধে বলার মতো কোনো সুযোগই পায়নি স্পেন। রামোস-পিকে-জাভিরা তাই বক্সের বাইরে থেকেই শট নিয়েছেন গোলে। জায়গা না পেয়ে বাধ্য হয়ে মাঝে মাঝে লম্বা পাসের পথও বেছে নিতে হয়েছে স্প্যানিশদের।আগের ম্যাচের দুই গোল করে আলো ছড়ানো তোরেস পরশু আবার ছিলেন নিষ্প্রভ। তোরেসের বদলি হিসেবে নামা নাভাসই মান বাঁচিয়েছেন বিশ্বসেরাদের। নাভাস ও ডেভিড সিলভার বদলে ফ্যাব্রিগাস নামার পর আক্রমণের ধার কিছুটা বাড়ে স্পেনের। একমাত্র গোলটিতেও ছিল ফ্যাব্রিগাসের অবদান। অফসাইড ফাদ ভেঙে বার্সা সতীর্থের দারুণ এক চিপ ধরে ইনিয়েস্তা বাড়িয়ে দেন গোলমুখে ফাঁকা দাঁড়ানো নাভাসকে। সেভিয়া উইঙ্গার সারেন গোলের আনুষ্ঠানিকতা। স্প্যানিশদের আটকানোর পাশাপাশি পাল্টা আক্রমণে বেশ কয়েকবারই বিপজ্জনক হয়ে উঠেছে ক্রোটরা। কিন্তু গোলবারের নিচে ছিলেন চিরবিশ্বস্ত ইকার ক্যাসিয়াস! ম্যাচের সেরা সুযোগটা পেয়েছিল ক্রোয়েশিয়াই। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা লুকা মদ্রিচের দারুণ এক পাসে গোলের খুব কাছ থেকে তীব্র গতিতে হেড করেছিলেন ইভান রাকিটিচ। অসাধারণ রিফ্লেক্সে সেটি ফিরিয়েছেন ‘সন্ত ইকার।’ ম্যাচ শেষেও রাকিটিচ ভুলতে পারছিলেন না ওই মিস, ‘ওই গোলটি করতে না পারার আক্ষেপে আমার নির্ঘুম কিছু রাত কাটবে নিশ্চিত। তবে আমরা হূদয় উজাড় করে খেলেছি। মাঠ ছাড়ছি মাথা উঁচু করেই।’শেষ হয়েছে কোচ হিসেবে স্লাভেন বিলিচের ছয় বছরের অভিযানও। ১৯৯৮ বিশ্বকাপে তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া দলের সদস্য দুষছেন ভাগ্যকেই, ‘আমার ছেলেরা বীরের মতো লড়েছে। কিন্তু আমরা সুযোগগুলো নিতে পারিনি। আর ভাগ্যটাও আমাদের সঙ্গ দেয়নি।’ স্বস্তি পেলেও ভিসেন্তে দেল বস্ক স্বীকার করেছেন, এই ম্যাচ তাঁদের জন্য একটা সতর্কবার্তা, ‘ম্যাচটা খুব কঠিন ছিল। রক্ষণে ওরা ছিল দুর্দান্ত আর আমাদের জায়গা দেয়নি একটুও। শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমরা কোয়ার্টারে উঠেছি, এটাই আসল। তবে এটা বলতেই হবে, আমরা খুব ভালো খেলতে পারিনি। এটা অবশ্যই চিন্তার।’ এএফপি, রয়টার্স।শনিবার শেষ চারে ওঠার লড়াইয়ে স্পেনের প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপের রানার্সআপ ফ্রান্স।