ক্রোনিয়ে সবচেয়ে কঠিন বোলার: টেন্ডুলকার
আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ২০ বছর অতিবাহিত করলেন শচীন টেন্ডুলকার। বর্ণাঢ্য এই ক্যারিয়ারে অনেক বাঘা বাঘা বোলারের মুখোমুখি হতে হয়েছে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে। কার বল খেলতে বেশি কষ্ট হয়?—এমন প্রশ্নের মুখোমুখি অনেকবারই হতে হয়েছে টেন্ডুলকারকে। সম্প্রতি আবারও এমন প্রশ্নের মুখোমুখি হয়ে অবাক করা জবাব দিয়েছেন লিটল মাস্টার। ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা, মুত্তিয়া মুরালিধরন বা শেন ওয়ার্ন নন, দক্ষিণ আফ্রিকার প্রয়াত সাবেক অধিনায়ক হ্যানসি ক্রোনিয়ের বল খেলতেই নাকি বেশি ঝামেলায় পড়তেন টেন্ডুলকার।২০০০ সালে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার হয়েছিলেন হ্যানসি ক্রোনিয়ে। এর ঠিক দুই বছর পর এক বিমান দুর্ঘটনায় পৃথিবী থেকেই চিরতরে বিদায় নেন তিনি। সম্প্রতি ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে টেন্ডুলকার বলেছেন, ‘হ্যানসির বলেই আমি বেশি আউট হয়েছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার সময় অ্যালান ডোনাল্ড, শন পোলকের চেয়ে আমার হ্যানসির বল খেলাটাই বেশি কঠিন মনে হতো। ডারবানে একবার আমি ডোনাল্ড আর পোলকের বলে বেশ কিছু ভালো শট খেললেও ক্রনিয়ের প্রথম বলেই লেগ-স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছিলাম। তাঁর বল কীভাবে খেলতে হবে, আমি বুঝতেই পারতাম না।’প্রধানত মিডল অর্ডার ব্যাটসম্যান হলেও বল হাতে কার্যকর ভূমিকা পালন করতেন হ্যানসি ক্রনিয়ে। ৬৮টি টেস্টে ৪৩টি আর ১১৪টি ওয়ানডে খেলে নিয়েছিলেন ১৮৮টি উইকেট। টেন্ডুলকারের এই মন্তব্য ক্রোনিয়ের প্রতিভার এক বড় স্বীকৃতি হয়েই রইল। কিন্তু হায়! টেন্ডুলকারকে ধন্যবাদটাও জানাতে পারলেন না তিনি!