ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

৭২ থেকে ৮২। ১০ মিনিটে একটা ঝড়ই বয়ে গেছে ক্রোয়েশিয়ার ওপর দিয়ে। এই সময়েই ক্রোয়েশিয়ার জালে তিনবার বল জড়িয়েছেন মেক্সিকোর ফুটবলাররা। ৩-১ গোলের জয় দিয়ে নিশ্চিত করেছে দ্বিতীয় রাউন্ড।
শুরু থেকেই আক্রমণ- পাল্টা আক্রমণ দিয়ে উত্তেজনাকর একটা ম্যাচই উপহার দিয়েছেন মেক্সিকো-ক্রোয়েশিয়ার ফুটবলাররা। কিন্তু গোলের দেখা পেতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে মেক্সিকোকে।
প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে লক্ষ্য খুঁজে পান মেক্সিকোর অধিনায়ক রাফায়েল মার্কেজ। হেক্টর হেরেরার ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার। তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুন করে দেন আন্দ্রেস গুয়ার্দিদো।
মেক্সিকোর গোলক্ষুধা তখনও মেটেনি। ৮২ মিনিটের মাথায় দলের পক্ষে তৃতীয় গোলটি করেন বদলি হিসেবে নামা হাভিয়ের হার্নান্দেজ।
গোল ব্যবধানে এগিয়ে থেকে ব্রাজিলকে টপকে মেক্সিকোই ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে যায় কিনা, এমন ভাবনাও হয়তো এসময় অনেকের মনেই এসেছিল। কিন্তু তেমনটা হয়নি। ৮৭ মিনিটে ক্রোয়েশিয়ার পক্ষে সান্তনাসূচক একটি গোল করতে পেরেছেন ইভান পারিসিচ।
‘এ’ গ্রুপের অপর ম্যাচে ব্রাজিলও ক্যামেরুনকে হারিয়েছে ৪-১ গোলের বড় ব্যবধানে। সেলেসাওরাই হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছে মেক্সিকোও। শেষ ষোলোর লড়াইয়ে তাদেরকে খেলতে হবে দুর্দান্ত ফর্মে থাকা হল্যান্ডের বিপক্ষে।
মেক্সিকোর মার্কেজের গোল দেখুন থ্রিডিতে
মেক্সিকোর গুয়ার্দিদোর গোল দেখুন থ্রিডিতে
থ্রিডিতে দেখুন মেক্সিকোর হার্নান্দেজের গোল
ক্রোয়েশিয়ার পরিসিচের গোল থ্রিডিতে দেখুন