সার্জিও রামোসের মনে হয়, এই তো সেদিনের ঘটনা। অথচ দেখতে দেখতে পার হয়ে গেল এতগুলো দিন। সেদিনের ২২ বছর বয়সী ফুটবলারটি আজ এই সময়ের অন্যতম তারকা। অভিষেকের স্মৃতিতে রামোস হাবুডুবু খাচ্ছেন। আজ যে এক বিশেষ মাইলফলকের সামনে দাঁড়িয়ে স্প্যানিশ ডিফেন্ডার। আজ বিশ্বকাপ বাছাইপর্বে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হবে রামোসের শততম ম্যাচ। স্পেনের হয়ে এর আগে ম্যাচের সেঞ্চুরি ছুঁয়েছেন মাত্র পাঁচজন—দুই রিয়াল সতীর্থ ইকার ক্যাসিয়াস, জাবি আলোনসো; বার্সেলোনার জাভি ও কার্লোস পুয়োল এবং চেলসির ফার্নান্দো তোরেস।উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন রামোস, ‘প্রার্থনা করুন যেন সবকিছু ঠিকমতো হয়। আমি শততম ম্যাচের মাইলফলক ছুঁতে পারি। স্প্যানিশ ফুটবলের ইতিহাসে নাম লেখানো মোটেও সহজ কিছু নয়। এটা হবে আমার জন্য ভীষণ গর্বের।’প্রতিপক্ষ ফিনল্যান্ড। তবে স্পেনের চোখ থাকবে পরের ম্যাচে। উয়েফা অঞ্চলের বাছাইপর্বে ‘আই’ গ্রুপের শীর্ষে আছে ভিসেন্তে দেল বস্কের দল। কিন্তু সমান ৭ পয়েন্ট নিয়ে শুধু গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে ফ্রান্স। দিদিয়ের দেশমের কোচিংয়ে নতুন পথে যাত্রা করা ফ্রান্সই স্পেনের পরবর্তী প্রতিপক্ষ। ২৬ মার্চের ম্যাচটি আবার ফ্রান্স খেলবে নিজেদের মাঠে। দেল বস্ক স্বীকার করেছেন, এই ম্যাচ নিয়ে ভাবতেই হচ্ছে তাঁকে, ‘এই ম্যাচ নিয়ে আমি অবশ্যই সতর্ক। ফ্রান্সের ওপর আমার অনেক সমীহ। তা ছাড়া এই সময়টায় দলগুলোর মধ্যে ব্যবধানও খুব বেশি নয়।’ দেশম অবশ্য বলছেন, এখনই পরের ম্যাচ নিয়ে ভাবতে তিনি রাজি নন। জর্জিয়াকে সহজ প্রতিপক্ষও মানতে তিনি নারাজ।বাছাইপর্বে মাত্র দুটি দল চারটি ম্যাচই জিতেছে—রাশিয়া ও হল্যান্ড। এস্তোনিয়ার বিপক্ষে নিজেদের মাঠে খেলা। ডাচরা তাই শতভাগ রেকর্ড ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী। কিন্তু সান মারিনোর মতো সহজ প্রতিপক্ষের সঙ্গে খেলা হলেও ইংল্যান্ড উদ্বিগ্ন তাদের রক্ষণ নিয়ে। ওদিকে জার্মানির দুশ্চিন্তা তাদের আক্রমণভাগ। এই ম্যাচে একজন স্ট্রাইকারের বদলে ‘ফলস নাম্বার নাইন’ হিসেবে আক্রমণভাগে দেখা যেতে পারে মিডফিল্ডার মারিও গোটশেকে।সুইডেন-আয়ারল্যান্ড ম্যাচ নিয়ে অন্য রকম উত্তাপ ছড়াচ্ছে। হিমাঙ্কের ১০ ডিগ্রি নিচে তাপমাত্রায় ম্যাচটি হওয়ার কথা। ম্যাচ চলার সময় স্টেডিয়ামের ছাদ খোলা রাখা হবে কি না, এ নিয়ে দুই দলের ভিন্নমত। আইরিশ কোচ ত্রাপাত্তনি ছাদ খোলার রাখার পক্ষে। এতে করে দর্শকদের চিল্লাহল্লার গর্জন প্রতিধ্বনিত হয়ে খেলোয়াড়দের মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারবে না। কিন্তু স্বাগতিক সুইডেন তাদের দর্শকদের হিম ঠান্ডায় জমিয়ে রাখতেও রাজি নয়।তবে সার্বিয়া-ক্রোয়েশিয়া ম্যাচ যে উত্তাপ ছড়াচ্ছে, তার সঙ্গে কিছুরই তুলনা চলে না। ১৯৯১-১৯৯৫ পর্যন্ত চলা দুই পক্ষের রক্তক্ষয়ী যুদ্ধে ২০ হাজার মানুষ প্রাণ দিয়েছে। সেই যুদ্ধের পর এই প্রথম মুখোমুখি এই দুই দল। দর্শকদের মধ্যে বেধে যেতে পারে হাঙ্গামা। তটস্থ ক্রোয়েশিয়ার পুলিশ অবশ্য হুঁশিয়ারি দিয়েছে, সামান্য বেগড়বাই দেখলেই বন্ধ করে দেওয়া হবে ম্যাচ! এএফপি, রয়টার্স। আজ মুখোমুখিসার্বিয়া-ক্রোয়েশিয়াচেক প্রজাতন্ত্র-ডেনমার্ককাজাখস্তান-জার্মানিহল্যান্ড-এস্তোনিয়াইসরায়েল-পর্তুগালপোল্যান্ড-ইউক্রেনসান মারিনো-ইংল্যান্ডস্পেন-ফিনল্যান্ডফ্রান্স-জর্জিয়া* প্রথম স্বাগতিক