ক্রোয়েশিয়ার এমন জয়!
এমন একপেশে ম্যাচ হবে, সেটা বোধহয় ক্রোয়েশিয়া কোচ স্লাভেন বিলিচও কখনো ভাবেননি। আয়ারল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে বিলিচের দল কোয়ার্টার ফাইনালের পথে বড় একটা পা ফেলল। ইতালি-স্পেন ড্র করায় এখন তারাই গ্রুপ ‘সি’-এর শীর্ষে। উচ্ছ্বসিত বিলিচের অভীষ্ট লক্ষ্য এখন পরের পর্বে যাওয়া, ‘আমরা দেখিয়েছি আমরাও পারি। একদম প্রথম মিনিট থেকেই মনে হচ্ছিল আমরাই শ্রেয়তর দল। তিন পয়েন্ট নিয়ে গ্রুপে এখন আমরা সবার ওপরে, আর একটা জয় হলেই আমরা কোয়ার্টার ফাইনালে চলে যেতে পারি।’ ক্রোয়েশিয়া যোগ্যতর দল হিসেবেই জিতেছে আয়ারল্যান্ডের বিপক্ষে। ম্যাচের শুরুতেই মানজুকিচের গোলে পিছিয়ে পড়ে আয়ারল্যান্ড, এরপর সেন্ট লেজার সমতা ফেরালেও আক্রমণাত্মক ক্রোয়েশিয়ার সঙ্গে আর পেরে ওঠেনি আইরিশরা। প্রথমার্ধেই ফর্মে থাকা স্ট্রাইকার ইয়েলাভিচ হেড করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন আবার। বিরতির পর মানজুকিচ তাঁর দ্বিতীয় গোল করে আয়ারল্যান্ডের ম্যাচে ফেরার আশা শেষ করে দেন। এএফপি, রয়টার্স।