ক্রোয়েশিয়ার ‘পিরলো’ লুকা মডরিচ
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দুটি গোল করে ম্যাচসেরা হয়েছিলেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মারিও মান্দজুকিচ। আজ ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতেও তাঁর দিকেই অনেকের নজর থাকবে—এ কথা নিঃসন্দেহেই বলা যায়। তবে ইতালিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হলে জ্বলে উঠতে হবে মাঝমাঠের প্রধান খেলোয়াড় লুকা মডরিচকে—এমনটাই মনে করছেন ক্রোয়েশিয়ার সাবেক ফুটবলার বোবান। মডরিচকে ইতালির মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোর সমকক্ষ বলেও বিবেচনা করছেন তিনি।ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসরটা দুর্দান্তভাবেই শুরু করেছে ক্রোয়েশিয়া। প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে তারা। আজ দ্বিতীয় ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ ইতালির বিপক্ষে মাঠে নামবে ক্রোটরা। আর আজ জয়ের স্বাদ পেতে হলে মডরিচকেই প্রধান ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন বোবান। তিনি বলেছেন, ‘মডরিচের ওপরই দৃষ্টি রাখতে হবে। যদি পিরলো ইতালির জন্য গুরুত্বপূর্ণ হয়, তাহলে আমি মডরিচ ছাড়া ক্রোয়েশিয়ার জয়ের কথা ভাবতেই পারি না। সে খুবই দুর্দান্তভাবে দলকে এগিয়ে নিয়ে যায়। আর তার মধ্যে দলকে নেতৃত্ব দেওয়ার একটা দায়িত্ববোধও আছে।’২০০৬ সালে ক্রোয়েশিয়ার জাতীয় দলে অভিষেক হয় মডরিচের। তারপর ৫৬টি ম্যাচ খেলে আটটি গোল করেছেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার। তবে গোল করার বল জোগান দেওয়ার ক্ষেত্রেই মূল ভূমিকা পালন করতে দেখা যায় তাঁকে। ক্রোয়েশিয়ার সমর্থকেরা নিশ্চিতভাবেই আজ ইতালির বিপক্ষে ম্যাচটির সময় তাকিয়ে থাকবে মডরিচের দিকে। ইএসপিএন।