ক্লপ যেন এক ‘রবিনহুড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলের জগতে শেরউডের জঙ্গল নেই। বিত্তশালীদের সম্পদ কেড়ে নিয়ে গরিবের মাঝে বিলিয়ে দেওয়ার ব্যাপার-স্যাপারও নেই। তার পরও আবির্ভূত হলেন রবিনহুড। একজন নয়, এক দল রবিনহুড!দাবিটা এক ‘রবিনহুডের’। রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করার পর উচ্ছ্বসিত ইয়ুর্গেন ক্লপ স্কাই স্পোর্টসকে বললেন, ‘অবিশ্বাস্য একটা দল এটা...আমরা রবিনহুডের মতো।’ ইংরেজি ভাষায় দখল খুব ভালো নেই বলে ব্যাখ্যাটা অবশ্য দিতে পারেননি ডর্টমুন্ড কোচ। তবে অনুমান করা যায়, বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব রিয়ালের বিপক্ষে এমন বিজয়ের দিকেই ইঙ্গিত করেছেন। উচ্ছ্বাসটাকে অবশ্য আকাশ ছুঁতে দেননি ক্লপ। দ্রুতই সামলে বলেছেন, জিতেছি কেবল প্রথম ভাগ!হোসে মরিনহো আবার খুঁজে বেড়াচ্ছেন অন্ধকার সুড়ঙ্গের মাথায় আলোর রেখা। কোচদের কাজটাই এমন। ধ্বংসস্তূপের মাঝে মাথা তুলে দাঁড়ানোর পথ খুঁজতে হয়, প্রবল বিরুদ্ধ স্রোতে বাইতে হয় নৌকা। মরিনহো বলছেন, বার্নাব্যুতে ৩-০ সম্ভব, ‘এই আঙিনায় পথ চলে আমি শিখেছি যে ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। কাজটা কঠিন হবে, তবে মঙ্গলবার আমরা প্রমাণের চেষ্টা করব যে ফুটবলে অসম্ভব বলে কিছু নেই।’মজার ব্যাপার হলো, প্রতিপক্ষ কোচও মরিনহোর সঙ্গে একমত! সতর্কতায় হোক অথবা বিনয়ী হয়ে, এখনো নিজেদের এগিয়ে রাখছেন না ক্লপ, ‘মনে হচ্ছে আমরা ফেবারিট নই (ফাইনালে ওঠায়), দারুণ একটি দলের বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচ খেলেছি আমরা। কিন্তু এর চেয়ে বাজে ফল হতে পারে। মাদ্রিদে যেতে হবে আমাদের। এখনো কিছুই চূড়ান্ত নয়, আমরা কেবল প্রথম ভাগ জিতেছি। এই পর্যায়ে খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই আমাদের, মাদ্রিদেও আমাদের অবিশ্বাস্য ভালো খেলতে হবে।’কাজ এখনো বাকি আছে জানেন বলেই রিয়াল-দৈত্যকে সহজে বধ করার মন্ত্র খোলাসা করেননি এখনই, ‘ট্যাকটিকস নিয়ে আমি এখনই কিছু বলব না, আবার ওদের বিপক্ষে খেলতে হবে। বিস্তারিত কিছু বলতে চাই না। আমাদের পরিকল্পনা আজ কাজে লেগেছে, এটা নিজেদের কাছেই রাখতে চাই।’ তবে রিয়ালের জন্য একই সঙ্গে শঙ্কা ও আশার কথা, ৩ গোলে এগিয়ে থাকলেও নিজের দর্শনের সঙ্গে আপস করবেন না ক্লপ, ‘একটা ব্যাপার আমি নিশ্চিত বলতে পারি, আমরা ওখানে গিয়ে শুধু রক্ষণ সামলাব না।’শুধু আশার বাণী নয়, মরিনহোর কণ্ঠে ছিল নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশাও, ‘আমার প্রচণ্ড রাগ হচ্ছিল, কারণ গোলগুলো হয়েছে আমাদের ভুলেই। লেভানডফস্কির সবকিছুই আমাদের জানা ছিল, সবকিছুই। খুব ভালোভাবে বিশ্লেষণ করা হয়েছিল ওর খেলা। কিন্তু আমরা ওকে তিনটি গোল করতে দিয়েছি, পেনাল্টির কথা বলছি না। এটাই হতাশার। আমি সত্যিই জানি না। ভালো খেলেও যখন হারি, আমি সেটাকে নাটকীয়তা বলতে পারি। কিন্তু বাজে খেলে হারলে সেটা মেনে নিতে পারি না।’নিজেদের পারফরম্যান্স কাটাছেঁড়া করে মরিনহোর বিশ্লেষণ, ‘১-১ কীভাবে ৪-১ হয়ে গেল, আমি সত্যিই জানি না। সহজেই বলের নিয়ন্ত্রণ হারিয়েছি আমরা, ওদের প্রতি-আক্রমণ সামলাতে পারিনি। ছেলেদের অনেকেই খেলতে পারেনি।’আত্মোপলব্ধি, আশার আলো, বিশ্বাস যতই থাকুক, ওয়েম্বলির ঠিকানা খুঁজে পেতে হলে মঙ্গলবার ‘স্পেশাল ওয়ানের’ দলকে করতে হবে ‘স্পেশাল’ কিছু। এএফপি, রয়টার্স।