ক্লপের কাছে গার্দিওলার হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমের প্রথম শিরোপা, তা-ও আবার বায়ার্ন মিউনিখকে হারিয়ে। জার্মান সুপার কাপ হাতে উত্সবে মাতল বরুসিয়া ডর্টমুন্ড  রয়টার্স
মৌসুমের প্রথম শিরোপা, তা-ও আবার বায়ার্ন মিউনিখকে হারিয়ে। জার্মান সুপার কাপ হাতে উত্সবে মাতল বরুসিয়া ডর্টমুন্ড রয়টার্স

প্রতিশোধ হয়তো বলা যাবে না। চ্যাম্পিয়নস লিগে হারের ঘায়ে কি জার্মান সুপার কাপ প্রলেপ হতে পারে! তার পরও জয় তো। আর সেটা বায়ার্ন মিউনিখের বিপক্ষে বলেই উদ্যাপনে কোনো ঘাটতি রাখেনি বরুসিয়া ডর্টমুন্ড। সিগন্যাল ইডুনা পার্কে তাই আতশবাজি পুড়ল, শ্যাম্পেনের বোতল খোলা হলো, উচ্ছ্বাসে ভাসলেন ডর্টমুন্ডের ফুটবলাররা। ৪-২ গোলের জয় আর জার্মান কাপের শিরোপা—শুধু এসব কারণেই কিন্তু নয়! গত মৌসুমে ট্রেবল জিতে রীতিমতো হাওয়ায় উড়ছিল বায়ার্ন। তার ওপর নতুন কোচ পেপ গার্দিওলা। এবার তো বায়ার্নের শুরু থেকেই অবধ্য দৈত্য হওয়ার কথা! পরশু রাতে সেই বায়ার্নকে স্বপ্নের জগৎ থেকে বাস্তবে ফিরিয়ে আনল ইয়ুর্গেন ক্লপের দল। মৌসুম শুরুর আগে এ আনন্দটা কম কিসে!

উচ্ছ্বাসটা ভেতরে ছিল হয়তো, কিন্তু প্রতিক্রিয়ায় খুব সতর্ক ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপ, ‘দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে। আমার মনে হয় সবাই দেখেছে দুই দলই জয়ের জন্য কতটা মরিয়া ছিল। সুপার কাপের মজাটা হচ্ছে, যারা জেতে তারা খুব খুশি থাকে, যারা হারে তারা খুব একটা পাত্তা দেয় না।’

গার্দিওলার অবশ্য পাত্তা না দিয়ে উপায় নেই। বায়ার্নের কোচ হিসেবে এটাই ছিল তাঁর প্রথম বড় পরীক্ষা। মাঠের খেলাটা যা-ই হোক, স্কোরলাইন অন্তত সে পরীক্ষায় গার্দিওলাকে ‘সাফল্যের সঙ্গে উত্তীর্ণ’ বলবে না। নতুন কোচ অবশ্য ফল নয়, গুরুত্ব দিচ্ছেন মাঠের পারফরম্যান্সকেই, ‘ওরা (ডর্টমুন্ড) জিতেছে। তবে কোন দল বেশি ভালো খেলেছে এটা বিশ্লেষণ করার জন্য আজ আমি এখানে আসিনি। আমি আমার দলের পারফরম্যান্সে সন্তুষ্ট। আমরা খুবই ভালো খেলেছি।’

ভুল নয় কথাটা। ফলে হয়তো বোঝা যাবে না, কিন্তু ডর্টমুন্ডের মাঠে দুই দলের লড়াইটা হয়েছে দারুণ। বায়ার্নের হজম করা ৪ গোলের দ্বিতীয়টি আত্মঘাতী, প্রথমটি স্পষ্টই বায়ার্ন গোলরক্ষক টম স্টার্কের বোকামির খেসারত। চোটের কারণে নিয়মিত গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ছিলেন না, একই কারণে ছিলেন না ফ্রাঙ্ক রিবেরি আর ডর্টমুন্ড থেকে আসা মারিও গোটশেও। আর গার্দিওলার পরীক্ষামূলক ৪-১-৪-১ ছকের সঙ্গে এখনো পুরোপুরি মানিয়ে নিতে পারেননি তাঁর খেলোয়াড়েরা। ৬ মিনিটের মধ্যে ডর্টমুন্ডের মিডফিল্ডার মার্কো রিউসের গোলে পিছিয়ে পড়া বায়ার্ন অবশ্য ৫৪ মিনিটে আরিয়েন রোবেনের গোলে সমতা ফেরায়। কিন্তু ২ মিনিট পরেই ডিফেন্ডার ড্যানিয়েল ফন বাইটেনের আত্মঘাতী গোল, আর এর পরের মিনিটে ইলকায় গুন্ডোগানের শট ডর্টমুন্ডকে এগিয়ে দেয় ৩-১-এ। ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে রোবেন আশা জাগিয়েছিলেন ঘুরে দাঁড়ানোর। কিন্তু ডর্টমুন্ডের ডিফেন্ডাররা ততক্ষণে দুর্গ গড়ে ফেলেছেন। ম্যাচের চার মিনিট বাকি থাকতে আবার রিউসের গোল! ফেরার আর উপায় ছিল না গার্দিওলার দলের।

ইতিহাস গড়ে ট্রেবল জেতা দল রেখে গিয়েছিলেন। সেই দলের এমন হার দেখতে ভালো লাগেনি সাবেক বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কেসের। তাই বলে কিন্তু এত জলদি গার্দিওলার ওপর আস্থা হারাতে মোটেও রাজি নন তিনি, ‘আমি বলব না যে ওদের হারতে দেখে খুব একটা ভালো লেগেছে। এটা তো এখনো আমার দল। তবে সেরাটা দেখাতে ওদের খুব বেশি সময় লাগবে না। পেপ (গার্দিওলা) খুবই ভালো করছে এবং একটা যথাযথ দল পেয়েছে।’ ওয়েবসাইট।