ক্লপের দুঃখ গোটশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারিও গোটশের বরুসিয়া ডর্টমুন্ড ছাড়ার ঘোষণা প্রচণ্ড কষ্ট দিয়েছিল কোচ ইয়ুর্গেন ক্লপকে। তিনি এতটাই বেদনাবিধুর ছিলেন যে বাড়ি ফিরে সেদিন তিনি তাঁর স্ত্রীর সঙ্গেও কথা বলেননি।গোটশে ডর্টমুন্ড ছাড়ার ঘোষণাটি দিয়েছিলেন বেশ অসময়ে। ক্লাব তখন ব্যস্ত চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম পর্বের ম্যাচটির প্রস্তুতি নিয়ে। এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে গোটশে বায়ার্ন মিউনিখে চলে যাওয়ার ঘোষণা দেওয়ায় তা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল সমর্থকদের মধ্যে।২০ বছর বয়সী এই প্লে-মেকার তাঁর ছেলেবেলার ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে শেষ ম্যাচটি খেলবেন আগামী রোববার। বরুসিয়াকে বিদায় জানানোর জন্য গোটশের মঞ্চটা অবশ্য অনন্য। ওই ম্যাচটি যে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ঘটনাচক্রে প্রতিপক্ষ হিসেবে তিনি পাবেন তাঁর নতুন ক্লাব বায়ার্ন মিউনিখকে।গোটশের ক্লাব ছাড়ার খবরটি ক্লপের কাছে ‘হার্ট অ্যাটাক’-এর মতোই মনে হয়েছিল। তিনি ওই দিনটির স্মৃতিচারণা করে বলেন, ‘মাত্রই মালাগার বিপক্ষে ৩-২ গোলে জিতে এসেছি। মনটাও ফুরফুরে ছিল। কিন্তু ঠিক ওই সময় খবর পেলাম, গোটশে আর ডর্টমুন্ডে থাকছে না, যাচ্ছে বায়ার্ন মিউনিখে।’ ক্লপ বলেন, ‘ওই রাতে আমার ও আমার স্ত্রীর একটা নিমন্ত্রণ ছিল। আমাদের এক পারিবারিক বন্ধু, বিখ্যাত জার্মান অভিনেতার একটি ছবির প্রিমিয়ার অনুষ্ঠান। স্ত্রী তৈরি হয়ে আমার জন্য অপেক্ষা করছিল। বাড়ি ফিরেই তাঁকে বললাম, “ওসব ভুলে যাও। আজ আমি কোথাও যাচ্ছি না। মন ভালো নেই। কারও সঙ্গে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়।”’দলে থাকার জন্য গোটশেকে বুঝিয়েছিলেন ক্লপ। তিনি বলেন, ‘আমি গোটশেকে এখনই বায়ার্নে না যাওয়ার কথা বলেছিলাম। বলেছিলাম, বায়ার্ন প্রতিবছরই তোমার জন্য প্রস্তাব নিয়ে আসবে। কিন্তু গোটশে আমাকে বলে বায়ার্ন নাকি বলেছে, “এবার সই করলে করো, না হলে আর প্রস্তাব পাবে না”। ২০ বছর বয়সী গোটশে বায়ার্নের কথাই সত্যি মনে করেছে। ’ক্লপ বলেন, ‘গোটশে এমন একজন খেলোয়াড় যে ওর বদলি খুঁজে বের করা সত্যিই খুব কঠিন। তবে আগামী মৌসুমে আমরা অন্যভাবে খেলব। গোটশের অনুপস্থিতি আমাদের ঢেকে ফেলতেই হবে। সময়ই সবকিছু ঠিক করে দেবে বলে আশা করছি।’এই মৌসুম শেষে বরুসিয়ার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ডর্টমুন্ড ছাড়বেন। ব্যাপারটি বেশ কষ্ট দিচ্ছে ক্লপকে। তিনি বলেন, ‘হয়তো তারা তাদের ভবিষ্যৎ অন্য জায়গায় ভালো দেখছে। কিন্তু পুরো ব্যাপারটিই আমার ও বরুসিয়ার জন্য তীব্র হতাশার জন্ম দিয়েছে।