ক্লাইস্টার্সকেই সামনে পেলেন হেনিন
ফেরা—শব্দটা দুজনের বেলায় সমানভাবে প্রযোজ্য। ২০০৭ সালের মে মাসে অবসরের পর স্বপ্নের প্রত্যাবর্তনই হয়েছিল কিম ক্লাইস্টার্সের। গত বছর ফিরেই জিতেছেন ইউএস ওপেন। আর আরেক বেলজিয়ান জাস্টিন হেনিন প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক টেনিসে ফিরে প্রথম টুর্নামেন্টেই উঠে গেলেন ফাইনালে। আজ ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালে স্বদেশি প্রতিদ্বন্দ্বী ক্লাইস্টার্সই তাঁর সামনে।ক্লাইস্টার্সের প্রয়াত বাবা লিও একসময় হেনিন সম্পর্কে বলেছিলেন, ‘এতটুকু ছোট মেয়ে কীভাবে এত শক্তি নিয়ে টেনিস খেলে?’ সেই থেকেই দুজনের সম্পর্কের টানাপোড়েন শুরু। আজ রাতে আবারও মুখোমুখি হওয়ার আগেও কি তেতে রয়েছেন দুজনেই? পরিসংখ্যান অবশ্য এগিয়ে রাখছে হেনিনকেই। দুজনের মোট সাক্ষাতে ১২-১০ ব্যবধানে এগিয়ে হেনিন। আর ডব্লুটিএ ট্যুরে এটি দুজনের ১১তম ফাইনাল। ২০০৬ সালের উইম্বলডন সেমিফাইনালের পর আর দুজনের টেনিস কোর্টে দেখা হয়নি। ফিরেই ফাইনালে ওঠা। টেনিসে আবারও ফেরার সিদ্ধান্ত নিয়ে হেনিন তাহলে ভুল করেননি, ‘অবসর ভেঙে প্রথম টুর্নামেন্টেই ফাইনালে উঠেছি, এর চেয়ে ভালো প্রত্যাবর্তন আর কী হতে পারে! এ এক অন্যরকম অনুভূতি।’ ক্লাইস্টার্সের বিপক্ষে খেলার জন্য উন্মুখ হয়ে আছেন হেনিন, ‘ওর বিপক্ষে খেলাটা সব সময়ই দারুণ আমার জন্য। কারণ সব সময় এই ম্যাচগুলো কঠিন হয়। এবং এটি সব সময়ই চ্যালেঞ্জের ব্যাপার।’ এএফপি। কাল সেমিফাইনালে হেনিন ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন সার্বিয়ার আনা ইভানোভিচকে। অন্য সেমিফাইনালে ক্লাইস্টার্স ৬-৪, ৬-২ গেমে জিতেছেন জার্মানির আন্দ্রে পেতকোভিচের বিপক্ষে।