ক্লান্ত বোল্টের জুরিখ জয়
মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর দুই সপ্তাহও পেরোয়নি। শরীরের ধকলটা তাই এখনো কাটেনি। তা যা-ই হোক, ইভেন্টটি যখন ১০০ মিটার স্প্রিন্ট, উসাইন বোল্টকে পেছনে ফেলে সাধ্য কার! কেউ পারেওনি। গত পরশু ঠিকই জুরিখ ডায়মন্ড লিগের ১০০ মিটার জিতে নিয়েছেন ক্লান্ত বোল্ট।ক্লান্তির প্রমাণ দিচ্ছে স্কোরবোর্ডও। বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পুনরুদ্ধার করতে জ্যামাইকান বজ্রবিদ্যুৎ মস্কোতে সময় করেছিলেন ৯.৭৭ সেকেন্ড। সেই বোল্ট জুরিখে সময় করেছেন ৯.৯০ সেকেন্ডে। শুরুটা হয়েছিল যথারীতি ধীরগতিতে। তবে শেষ দিকে গতির ঝড় তুলে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলতে খুব সমস্যা হয়নি। ৯.৯৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন বোল্টেরই স্বদেশি নিকেল অ্যাশমিড। ৯.৯৬ সেকেন্ড সময় করে তৃতীয় মস্কোয় রুপাজয়ী যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন।দৌড় শেষে বোল্টের কথা, ‘আমি ক্লান্ত ছিলাম। তবে ভালো দিকটা হলো, প্রত্যেকেই ক্লান্ত ছিল। আমি খুশি। আমি বিজয়ীর বেশেই এখানে এসেছিলাম এবং জয়যাত্রাটা ধরে রেখেছি।’মস্কোতে ইতিহাস গড়া বোল্টের স্বদেশিনী শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস জয়যাত্রা ধরে রেখেছেন জুরিখেও। মেয়েদের ২০০ মিটার জিতেছেন ২২.৪০ সেকেন্ড সময় করে। মেয়েদের ৫ হাজার মিটার হয়ে উঠেছিল ইথিওপিয়ান লড়াই। যেখানে মস্কোর ১০ হাজার মিটারজয়ী তিরুনেশ দিবাবাকে হারিয়ে সোনা জিতেছেন মেসেরেট ডেফার। মস্কোয় ইতিহাসের প্রথম মহিলা অ্যাথলেট হিসেবে ভ্যালেরি অ্যাডামস একই ইভেন্টে টানা চারটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের রেকর্ড গড়েছেন। কিউই-কন্যা জুরিখে ছিলেন আরও দুর্দমনীয়। মেয়েদের শট পুটে জিতেছেন মিট রেকর্ড ও ব্যক্তিগত সেরা (২০.৯৮ মিটার) পারফরম্যান্স করে। রয়টার্স।