ক্লান্ত শ্রীলঙ্কার বিশ্রাম দাওয়াই
চোখ দুটো ঢুলুু ঢুলু, মাত্রই ঘুম থেকে উঠে এসেছেন। স্বভাবমতো অনেক কথাই বললেন, কিন্তু সেই স্বতঃস্ফূর্ত মাহেলা জয়াবর্ধনে যেন নেই। ক্লান্তির ছাপ স্পষ্ট। যেমনটা হওয়ার কথা, শ্রীলঙ্কা অধিনায়ককে পাওয়া গেল ঠিক সেভাবেই! ২৮ ফেব্রুয়ারি হোবার্টে ভারতের বিপক্ষে ম্যাচ থেকে শুরু করে ৮ মার্চ সিবি সিরিজের তৃতীয় ফাইনাল পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা ১০ দিনে। এই ম্যাচ ৫টি খেলতে হয়েছে আবার ৪টি ভিন্ন শহরে। তৃতীয় ফাইনাল শেষ করেই পরদিন ভোরে ধরতে হয়েছে ঢাকার বিমান, এশিয়া কাপের শহরে এসেছেন পরশু রাতে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন না থাকলে কাল সারা দিন জয়াবর্ধনেকে বিছানা থেকে ওঠানোর সাধ্যি কার ছিল!পেশাদার ক্রিকেটারের জীবন। অস্ট্রেলিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছড়ানো এবং দীর্ঘ ও প্রতিদ্বন্দ্বিতামুখর এক সিরিজ শরীরের সবটুকু শুষে নেওয়ার কথা। কিন্তু ওই রেশ কাটতে না-কাটতেই ঝাঁপিয়ে পড়তে হচ্ছে আরেক ক্রিকেট-যুদ্ধে। জয়াবর্ধনে জানালেন, সিবি সিরিজের ‘হ্যাংওভার’ কাটানোর জন্য দলের দাওয়াই বিশ্রাম, ‘লম্বা সিবি সিরিজেও দল ভীষণই একাগ্র ছিল। শেষ পর্যন্ত আমরা শিরোপা জিততে পারিনি। কিন্তু সবার নিবেদন নিয়ে কোনো প্রশ্ন নেই। ছেলেদের আমরা দুটো দিন বিশ্রাম দিয়েছি, যাতে সবাই পূর্ণোদ্যমে আবার মাঠে নামতে পারে। এই দুই দিনে আমরা শরীরটাকে বিশ্রাম দেব, কিন্তু এশিয়া কাপে দলের কৌশল নিয়ে আলোচনা হবে। আর আন্তর্জাতিক ক্রিকেটের ধরনটাই এখন। ধারাবাহিক খেলতে হয়, সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। কাজেই কোনো অভিযোগ নেই!’জয়াবর্ধনের ক্রিকেট-দর্শনই এমন। অভিযোগ করা নয়, তিনি খোঁজেন সমাধান। এই দেখুন না, বিশ্বকাপের পর ধুঁকতে থাকা শ্রীলঙ্কা দলের অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোয় কী দারুণভাবে নেতৃত্ব দিলেন! সাড়ে চার বছর আগে অধিনায়কত্ব ছেড়েছিলেন, দ্বিতীয়বার নেওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু তিলকারত্নে দিলশানের নেতৃত্বে আচমকা পথ হারানো দলের হাল ধরতে দেশের ডাক শেষ পর্যন্ত উপেক্ষা করতে পারেননি। নেতৃত্ব নিয়েই তো দেখিয়ে দিলেন নিজের জাত। সিবি সিরিজের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ছিল জয়াবর্ধনের নেতৃত্ব। দল-অন্তঃপ্রাণ জয়াবর্ধনে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেন দিলশানের নেতৃত্বে নাকি দল খুব একটা খারাপ করেনি। যে তরুণেরা এখন ভালো করছে, দিলশানই তাদের দলে এনেছে ইত্যাদি। কিন্তু বাস্তবতা হলো টানা তিনটি করে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারা দল হঠাৎ পাল্টে গেল তো জয়াবর্ধনে-জাদুতেই! দলকে হারের বৃত্ত থেকে বের করাই শুধু নয়, জয়াবর্ধনের চ্যালেঞ্জ ছিল আরও। বিশ্বকাপের পর থেকেই বেতন-ভাতা পাচ্ছেন না ক্রিকেটাররা। দলের মনোবল এতে ভেঙে পড়ছে না? জয়াবর্ধনের উত্তর, ‘আমার মনে হয়, প্রশ্নটার জবাব আমরা অস্ট্রেলিয়াতেই দিয়ে দিয়েছি!’এটা নিশ্চিত, আপাতত সঠিক হাতেই পড়েছে শ্রীলঙ্কার নেতৃত্ব।