ক্লান্তি কাটাতে ‘রেড ডেভিলদের’ সময় দেবেন ফার্গুসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়দের অতিরিক্ত ক্লান্তি ও মৌসুম শেষে বিশ্রামহীনতা ইংল্যান্ডের বিশ্বকাপ বিপর্যয়ের সবচেয়ে বড় কারণ—কিছুদিন আগে এমনটাই বলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। আসন্ন ইংলিশ মৌসুম শুরুর প্রাক্কালে তিনি ঠিক করেছেন বিশ্বকাপে খেলা ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের তিনি আরও কিছুদিন বিশ্রাম দেবেন। এই দলে রয়েছেন ইংল্যান্ড, ফ্রান্স, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকো দলের খেলোয়াড়েরা।অ্যালেক্স ফার্গুসন বলেছেন, ‘মৌসুমে ভালো ফলাফল করা যদি লক্ষ্য হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের উচিত খেলোয়াড়দের পূর্ণ বিশ্রাম দেওয়া এবং আঘাত ও অন্যান্য শারীরিক সমস্যা কাটিয়ে উঠার জন্য তাঁদের যথেষ্ট সময় দেওয়া।’ ফার্গুসন আগামী আগস্ট মাস পর্যন্ত খেলোয়াড়দের বিশ্রাম দিতে চান বলে জানিয়েছেন।ফার্গুসন সবচেয়ে বেশি চিন্তিত দলের সেরা স্ট্রাইকার ওয়েন রুনিকে নিয়ে। রুনি এবারের বিশ্বকাপে ছিলেন ফর্মহীন। ইংল্যান্ডের হয়ে গোল করা তো দূরের কথা, মাঠে তাঁর কাছ থেকে একটা ভালো মুভও কেউ দেখেনি। বিশ্বকাপ শেষে ফার্গুসনকে কাছে পেয়ে রুনি ব্যাখ্যা করেছেন বিশ্বকাপে তাঁর বাজে খেলার কারণ। মৌসুম শেষের ক্লান্তি আর আঘাতের কারণেই নাকি বিশ্বকাপে রুনির পারফরম্যান্স এতটা বাজে হয়েছে। ফার্গুসন নিজেও মনে করেন রুনির এখন যথেষ্ট বিশ্রামের প্রয়োজন। তাই তাঁকে নিয়ে এই মুহূর্তে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। ফার্গুসন বলেছেন, ‘আমি চাই পূর্ণ বিশ্রাম নিয়েই রুনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অনুশীলনে যোগ দিক।’ রুনি নাকি এই মুহূর্তে বারবাডোজে ছুটি কাটাচ্ছেন।বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলা খেলোয়াড়দের পাশাপাশি ফার্গুসন যথেষ্ট চিন্তিত ভিনদেশি তারকাদের নিয়েও। ফ্রান্সের অধিনায়ক প্যাট্রিক এভরা বিশ্বকাপের ব্যর্থতা ও অনুশীলন বর্জন করার বিতর্ক নিয়ে মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। দক্ষিণ কোরিয়ার অধিনায়ক জি সুং পার্ক, সার্বীয় তারকা নেমানজা ভিদিচ ও মেক্সিকোর হাভিয়ের হার্নান্দেজ—এঁরা সবাই রয়েছেন বিশ্বকাপ ক্লান্তির মধ্যে। এঁদের ক্লান্তি কাটিয়ে ওঠার ব্যাপারে যথেষ্টই সময় দেবেন কোচ ফার্গুসন।বিশ্বকাপ-পরবর্তী সময়ে নতুন মৌসুম শুরুর প্রাক্কালে দলের খেলোয়াড়দের ইনজুরি সমস্যাও বেশ ভাবাচ্ছে ফার্গুসনকে। গ্যারি নেভিল ভুগছেন কাফ মাসল ইনজুরিতে। রিও ফার্ডিন্যান্দ তো হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপটাই খেলতে পারলেন না। মাইকেল ওয়েনের রয়েছে হ্যামস্ট্রিং সমস্যা। গত মৌসুমের ব্যর্থতা কাটিয়ে উঠতে প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে চান না ফার্গুসন। অথচ মৌসুম শুরুর আগেই গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম ও ইনজুরি কাটিয়ে ওঠার জন্য সময় দেওয়া অবশ্য কর্তব্য হয়ে গেছে ম্যানইউ বসের।