ক্লান্তিকে জয় সেরেনার
অলিম্পিকের আগে এর চেয়ে ভালো প্রস্তুতি আর কী হতে পারত? পরশু ডব্লিউটিএ স্ট্যানফোর্ড টুর্নামেন্টের ফাইনালে কোকো ভ্যানডেওয়েকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে শিরোপা জিতেছেন এবারের উইম্বলডন চ্যামিপয়ন সেরেনা উইলিয়ামস। ২০০৬-এর পর এবারই প্রথম কেউ টানা দুবার জিতলেন এই টুর্নামেন্ট। প্রথম সেটে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল সেরেনাকে, পরের সেটটা অবশ্য জেতেন অনায়াসেই। তবে জয়ের পর আনন্দের চাইতে স্বস্তিটাই বড় হয়ে উঠেছে, ‘জয়ের পর আমি খুশি, কিন্তু কাজটা ছিল কঠিন। উইম্বলডন থেকে উড়ে এসে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়েছিল, তার ওপর ছিল জেট ল্যাগ। জয়টা তাই দুর্দান্ত। এখন আমি কিছুদিন দেশে থেকে অলিম্পিকের জন্য প্রস্তুতি নিতে চাই।’ টুর্নামেন্টে খেলারই কথাই ছিল না মার্কিনি ভ্যানডেওয়ের, আরেকজন প্রতিযোগী নাম প্রত্যাহার করে নিলেই সুযোগ মেলে তাঁর। নেটের ওপাশে সেরেনা, ভ্যানডেওয়ে পরিণতিটা যেন জানতেন। ফাইনালে ওঠাটাকেই বিশাল প্রাপ্তি মানছেন তিনি, ‘ফাইনালে ওঠাটা ছিল রোমাঞ্চকর ব্যাপার। আশা করি, বাকি গ্রীষ্মের জন্য এটা ভালো একটা বার্তা। ’এই জয়ে বড় বোন ভেনাস উইলিয়ামসের ৪৩টি ক্যারিয়ার শিরোপার রেকর্ডও ছুঁয়ে ফেললেন সেরেনা। এএফপি।