ক্লান্তিহীন এক পথিক...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমানুয়েল এমেনিকে নাইজেরিয়ার অন্যতম ভরসা
ইমানুয়েল এমেনিকে নাইজেরিয়ার অন্যতম ভরসা

ইমানুয়েল এমেনিকেকে ব্রাজিলে আসতে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। এই গন্তব্যকে তাঁর কাছে প্রায়ই মনে হয়েছে মরীচিকা। পথে হোঁচট খেয়েছেন বারবার। রাত কাটাতে হয়েছে থানার বন্দী প্রকোষ্ঠেও! এমেনিকের কাঁধে সওয়ার হয়ে আজ বিশ্বকাপ-স্বপ্ন টিকিয়ে রাখার যুদ্ধে ফ্রান্সের মুখোমুখি নাইজেরিয়া। কিন্তু গল্পটা অন্য রকমও হতে পারত।
জাত চিনিয়েছিলেন সর্বশেষ আফ্রিকান নেশনস কাপে। নাইজেরিয়া হলো আফ্রিকা চ্যাম্পিয়ন, এমেনিকে হলেন আফ্রিকার রাজা। প্রতিযোগিতার যৌথ সর্বোচ্চ গোলদাতা হলেন। তার পর থেকেই সাজানো সংসার কেমন করে লন্ডভন্ড হয়ে গেল। চোটের সমস্যায় ভুগছিলেন। কিন্তু কোচ কিংবা নাইজেরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন—কেউই নাকি তা নিয়ে উদ্বিগ্ন নন! কোচ ও বোর্ডের প্রকাশ্যে সমালোচনা করায় বহিষ্কৃত হন দল থেকে। কনফেডারেশনস কাপের দলেও ডাক পাননি। অনেকেই ভেবেছিলেন নাইজেরিয়ার এমেনিকে অধ্যায় শেষ। কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ এমেনিকে যে অপেক্ষা করছিলেন সুযোগের!
নায়ক এলেন, জয়ও করলেন। এমন এক সময়ে জাদুর চেরাগ বের করলেন, যখন সুপার ইগলদের বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়েই ছিল সংশয়। তাঁর গোলেই বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মালাউয়িকে ২-১ গোলে হারায় নাইজেরিয়া। সুযোগ পায় ইথিওপিয়ার বিপক্ষে প্লে-অফ ম্যাচ খেলার। সেটিতে জিতেই আজ নাইজেরিয়া দল ব্রাজিলে। স্টিফেন কেশির দলে অপাঙ্ক্তেয় হয়ে যাওয়া এমেনিকেই এখন কেশির তুরুপের তাস!
ঝঞ্ঝাবিক্ষুব্ধ ক্যারিয়ারে কম চড়াই-উতরাই পেরোতে হয়নি এমেনিকেকে। নাইজেরিয়ার ডেল্টা ফোর্স ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু। বাসা থেকে হেঁটে অনুশীলনে আসা-যাওয়াতেই লেগে যেত দেড় ঘণ্টা। ক্লাবটির সাধ্য ছিল না তাঁকে পারিশ্রমিক দেওয়ার। এমেনিকেরও তাতে কোনো সমস্যা ছিল না, তিনি যে ফুটবলের হাতেখড়ি নিতে এসেছেন! নাইজেরিয়ার সর্বকালের সেরা মিডফিল্ডার জে জে ওকোচা নিশ্চিতভাবেই আজ গর্ববোধ করছেন এমেনিকেকে নিয়ে। এমেনিকে যে স্টেডিয়ামে অনুশীলন করতেন, সেটি যে তাঁর নামেই অলংকৃত!
সেখান থেকে নানা ক্লাব ঘুরে তুরস্কের কারাবুকসপরে পেলেন সুযোগ। ৫০ ম্যাচে গোল করলেন ৩০টি, দলকে জেতালেন দ্বিতীয় বিভাগের শিরোপা। তারপর সুযোগ পেলেন ফেনেরবাচেতে। স্বপ্ন পূরণের পথে যতটা পথ এগোলেন, তার চেয়ে দ্বিগুণ পিছিয়ে পড়লেন এমেনিকে। অভিযুক্ত হলেন ম্যাচ গড়াপেটার ঘটনায়। এক রাত তো হাজতবাস করতে হলো। শেষ পর্যন্ত অভিযোগ থেকে মুক্তি পেলেন, ক্লাবও তাঁকে মুক্তি দিল। এমেনিকে গেলেন রাশিয়ার স্পার্তাক মস্কোতে। সেখানেও বিতর্ক পিছু ছাড়েনি। বর্ণবাদের শিকার হয়েছেন। প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিষিদ্ধও হয়েছেন। তবে নিয়তই আলো ছড়িয়ে গেছেন ক্লাবের হয়ে। দুই বছর বাদে আবার ফিরে এসেছেন ফেনেরবাচেতে। তবে বিশ্বকাপে দারুণ খেলে নজর কেড়েছেন বড় ক্লাবগুলোর। চেলসিতে যোগ দেওয়ার কথা তো প্রায় পাকাপাকি।
সেই লম্বা পথ পাড়ি দিয়ে অনুশীলন করতেন। তার চেয়েও বেশি দূরের পথ পাড়ি দিয়ে এসেছেন ব্রাজিলে। এই ‘পথিকে’র ওপরই নির্ভর করছে আজ নাইজেরিয়ার বিশ্বকাপ-স্বপ্ন। তথ্যসূত্র: এএফপি।