প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল টেস্ট ক্রিকেটে ২০ হাজারতম বলটি খেলে ফেললেন রিকি পন্টিং। অথচ খুব বেশিদিন হয়নি, ব্যাটসম্যানদের বল খেলার হিসাব রাখায় খুব একটা গুরুত্ব ছিল না। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি বল খেলেছেন কে—এই রেকর্ডটিও তাই অসম্পূর্ণ। তবে শীর্ষে যিনি, তাঁর নাম বলা যাবে কোনো ঝুঁকি ছাড়াই। অ্যালান বোর্ডারের খেলা ২৬৫ ইনিংসের চারটির বলের হিসাব পাওয়া যায়নি, তারপরও ২৭০০২ বল খেলে সবার ওপরেই আছেন সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক। ২৬৮৮২টি বল খেলে ফেলেছেন, বোর্ডারকে হয়তো শিগগিরই টপকে যাবেন রাহুল দ্রাবিড়। সতীর্থের চেয়ে ২৭ টেস্ট বেশি খেলেও শচীন টেন্ডুলকার বল খেলেছেন ২৪৭২১টি, তবে তাঁরও একটি ইনিংসের হিসাব পাওয়া যায়নি। সেই ইনিংসে ৯২ মিনিট উইকেটে থেকে ১১ রান করেছেন, দ্রাবিড়ের পেছনে থাকাটা তাই নিশ্চিতই। ২৪৪০২ বল খেলেছেন জ্যাক ক্যালিস, আর স্টিভ ওয়াহ ২২৪৬১টি।