ক্লাব আছে ফুটবল নেই!

সুনসান রাস্তার পাশে ক্লাবের বাইরের অংশটা দেখতে ভালোই লাগে। চট্টগ্রাম শহরের হালিশহরের এইচ ব্লকে দাঁড়িয়ে থাকা এই ক্লাবটিকে চেনেন সবাই। ‘আবাহনীর মাঠ’ নামেই বেশি পরিচিত। ক্লাবের ভেতরে ঢুকলেই চোখ যায় সামনের বিস্তৃত মাঠটার দিকে। পরিত্যক্ত মাঠ বলাই ভালো। বড় বড় ঘাস। একপাশে বিশাল অট্টালিকার ছায়াও পড়ে এই মাঠের ওপর।
কিন্তু কিছুটা জীর্ণ টিনশেডের একতলা ক্লাব ভবনের তিন-চারটি কক্ষের দিকে তাকালে যে কারোরই মনটা খারাপ হবে। ফুটবল ক্লাব, কিন্তু ‘ফুটবলই’ নেই। কাল দুপুর ১২টায় সেখানে গিয়ে দেখা গেল, কক্ষগুলোয় তাসের জুয়া চলছে! ক্লাব-সংস্কৃতিতে তাস খেলা নতুন নয়। কিন্তু এখানে নিম্নশ্রেণির লোকজন জুয়া খেলছে। এক রুমে একটা কুকুরের উপস্থিতিও নজর কাড়ে। সিগারেটের ধোঁয়ায় আচ্ছন্ন ওই দিকটায় তাকানোই যাচ্ছিল না। অপরিচ্ছন্ন পরিবেশ।
সাংবাদিকের উপস্থিতি পছন্দ হয়নি কক্ষের মানুষগুলোরও। ফটোসাংবাদিক ছবি তুলতে গেলে একটা রুম থেকে হুড়মুড় করে বেরিয়ে আসেন সবাই। ‘ছবি তুলছেন কেন...কারা আপনারা...অনুমতি নিয়ে এসেছেন...’ নানা প্রশ্ন। দু-একজন মারমুখী হয়ে এগিয়ে আসেন। কয়েকজন তো নিরাপত্তাকর্মীদের ডেকে ‘সাংবাদিক ঢুকল কীভাবে’ জেরা শুরু করে দেন। নিরাপত্তারক্ষীরা পাল্টা উত্তেজিত, ‘আপনারা কে? আপনারা এখানে কী করেন? কে ক্লাবে আসবে আপনাদের জিজ্ঞেস করে আসবে?’
একপর্যায়ে তুমুল ঝগড়া শুরু। সেই ঝগড়ার রেশ থাকতে থাকতেই ক্লাব থেকে বেরিয়ে মনে হলো, এমন একটি ক্লাবের ভেতরের দৃশ্য তো এ রকম হওয়ার কথা নয়। সমস্যাটা কোথায়?
সেটা জানতেই ক্লাবের মহাসচিব সাংসদ সামশুল হক চৌধুরীকে ফোন করা। তিনি অসুস্থ, ঢাকায় আছেন। তবে এই প্রতিবেদকের কাছে ক্লাবে নিম্নশ্রেণির লোকজনের জুয়ার আড্ডার কথা শুনে বললেন, ‘এমন তো হওয়ার কথা নয়। সন্ধ্যা সাতটার পর ক্লাবের কর্মকর্তারা আসেন। সমর্থক গোষ্ঠীর লোকেরা যায় ক্লাবে। দিনের বেলা হয়তো লেবার শ্রেণির লোকজন যেতে পারে, স্টাফরা হয়তো ওদের সুযোগ করে দেয়। এটা তদন্ত করে আমি দেখব।’
পাশের ভাড়া করা আবাসিক ভবনে রাখা হয়েছে খেলোয়াড়দের। কিন্তু ক্লাব ভবনের ভেতরে দিনের বেলা প্রকাশ্যে চলছে জুয়া! এসব দেখে কে বলবে এটি দেশের অন্যতম শীর্ষ ক্লাব হয়ে ওঠার পথে পা বাড়িয়েছে! দেদার টাকা খরচ করে এবার ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হওয়ার আশায় গড়া হয়েছে দল। ফল পাওয়া গেছে মৌসুমের শুরুতেই, প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপেই চ্যাম্পিয়ন।
এই চট্টগ্রাম আবাহনীকে দেখে হিংসা হতে পারে দেশের অনেক ক্লাবেরই। এত বড় জায়গা যে আর কোনো ক্লাবের নেই। এক টুকরো জায়গার জন্য কত হা-হুতাশ অনেক বড় ক্লাবের। নিজেদের মাঠ নেই বলে অনুশীলন করতে পারে না ঢাকা মোহামেডানের মতো ঐতিহ্যবাহী দল। অথচ চট্টগ্রাম আবাহনীর মহাসচিবের এই তথ্যটা আপনাকে অবাক করে দিতে পারে, ‘এখানে ১১ দশমিক ৭০ বিঘা জায়গা আছে। এটা আমাদের ক্লাবের কেনা সম্পত্তি।’
এই সম্পত্তিকে কেন্দ্র করে বিশাল পরিকল্পনার কথা শোনা যাচ্ছে বেশ কিছুদিন থেকেই। কিন্তু এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। তবে ক্লাব মহাসচিবের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ফুটবল কমিটির চেয়ারম্যান তরফদার রুহুল আমিন জানালেন দ্রুতই কাজ শুরু হবে। প্রকল্পটা নাকি ২০০ কোটি টাকার। ক্লাব মহাসচিবের বর্ণনায়, ‘শেখ কামাল অডিটোরিয়াম, খেলোয়াড়দের থাকার জন্য ফাইভ স্টার ডরমিটরি, জিম, সুইমিংপুল, দুটি রেস্টুরেন্ট, ফুটবল স্টেডিয়াম করব আমরা। গ্যালারি করারও ইচ্ছা আছে।’
চীনের একটি প্রতিষ্ঠান নাকি ৩ থেকে সাড়ে ৩ কোটি টাকার মধ্যে গ্যালারি নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে কোনো ধরনের বিপণিবিতান বা বাণিজ্যিক কমপ্লেক্স হবে না বলে দাবি করেছেন সামশুল হক।
এসব শুনতে স্বপ্নের মতোই লাগে। ঢাকা আবাহনী শেখ কামাল কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নিয়েছে প্রায় দেড় যুগ আগে। আজও সেটি ‘পরিকল্পনা’র মধ্যেই পড়ে আছে। চট্টগ্রাম আবাহনীর যাত্রা শুরু ১৯৮২ সালে, এখন সেটি নতুন যুগের অপেক্ষায়। তত দিন পর্যন্ত হালিশহরের ওই ক্লাব ভবনে ফুটবলের পরিবেশটা থাকবে, এটি নিশ্চয়ই চট্টগ্রামবাসীর কাছে খুব বড় চাওয়া নয়।