ক্লাব কাপ হকিতেই বিদেশিদের মিছিল
ক্লাব কাপ দিয়ে আগামীকাল থেকে অবশেষে শুরু হচ্ছে ঘরোয়া হকির মৌসুম। দীর্ঘ দুই মৌসুম পর আবারও একসঙ্গে মাঠে নামছে হকির বড় তিন দল আবাহনী, মোহামেডান ও ঊষা। নতুন নিয়ম অনুসারে এবার প্রতিটি দলে খেলতে পারবেন পাঁচ বিদেশি। টুর্নামেন্টে দুই গ্রুপে খেলবে ৯টি দল।
বিদেশি খেলোয়াড়ের মেলা বসবে এবার লিগে। লিগের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ক্লাব কাপেই বিদেশি খেলোয়াড়দের মিছিলটা দেখা যাবে, যদিও বেশির ভাগ দল এই টুর্নামেন্টে বিদেশিদের বাজিয়েই দেখতে চাইবে। এরই মধ্যে আবাহনী, মোহামেডান ও ঊষা যোগাযোগ করেছে পাকিস্তান ও মালয়েশিয়ার খেলোয়াড়দের সঙ্গে।
মোহামেডান কোচের দায়িত্ব দিচ্ছে পাকিস্তানের জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ আলীকে। সর্বশেষ এসএ গেমসে পাকিস্তানের কোচ ছিলেন তিনি। দলটিতে খেলতে পারেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইমরান, জাতীয় দলে খেলা রিজওয়ান জুনিয়র, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ সালমান ও ওমর ভুট্টো। মোহামেডানের জন্য একটি দুঃসংবাদ, তাদের ডিফেন্ডার ইমরান হাসান পিন্টু কাল অনুশীলনে চোটে পড়েছেন। অনুশীলনের সময় বল লেগে চোখের কোনা কেটে গেছে তাঁর। তাঁকে চিকিৎসা নিতে হয়েছে হাসপাতালে।
আবাহনীর জার্সি গায়ে দেখা যেতে পারে সাফকাত রসুল, কাসিব আলী, মোহাম্মদ তওসিফ ও শাকিল আব্বাসিকে। ঊষা মালয়েশিয়ার জাতীয় ও অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করলেও ক্লাব কাপে তাদের খেলানোর সম্ভাবনা কম বলে জানা গেছে।
পাকিস্তানিদের পাশাপাশি ভারতীয় খেলোয়াড়দের সঙ্গেও যোগাযোগ করেছিল এই তিন বড় দল। কিন্তু আগামী রিও অলিম্পিকের জন্য প্রস্তুতি নিতে থাকা ভারতের জাতীয় দলের খেলোয়াড়দের পাওয়া যাবে না। বাকিরা পারিশ্রমিক হাঁকিয়েছেন প্রায় ৮ হাজার ডলার করে। এ জন্য পাকিস্তানের দিকেই ঝুঁকেছে বেশির ভাগ ক্লাব।
তবে ব্যতিক্রম মেরিনার ইয়াংস ক্লাব। তারা ইউরোপমুখী। জাতীয় দলের সাবেক কোচ জার্মানির গেরহার্ড পিটারকে কোচ করেছে মেরিনার্স। তাঁর সঙ্গে যোগাযোগ করেই জার্মানি অনূর্ধ্ব-২১ দলের ডাম্বো ওয়াসকি হেইঞ্জকে আনছে মেরিনার্স। এ ছাড়া শোনা যাচ্ছে কেনিয়ার লি নাস ও উইলসের নাম।