ক্লাব কাপের সেরা আনসারের মেয়েরা
আনসার ও ভিডিপি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের কেউ ব্যাগ থেকে আনসারের পতাকা বের করে দৌড় দিলেন, কেউ ছবি তুললেন ডিজিটাল ক্যামেরায়। মেয়েদের ক্লাব কাপ ক্রিকেটের ফাইনালে কাল গতবারের চ্যাম্পিয়ন মোহামেডানকে ৮ উইকেটে হারিয়ে জয়োত্সবই করল আনসার।মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে মোহামেডান। শুরুটা তাদের ভালো হয়নি, ১০ রানে হারিয়ে ফেলে ওপেনার শুকতারাকে। কিন্তু অবস্থার আর উন্নতি ঘটাতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে, তারা ৩৬.৪ ওভারেই গুটিয়ে যায় ১০৭ রানে। অধিনায়ক সালমা খাতুনই যা মান রেখেছেন, বাকি সবাই যোগ দেন ব্যর্থতার মিছিলে। সর্বোচ্চ ২৭ রান করেন সালমা। জবাবে ওপেনার আয়েশা আক্তারের অপরাজিত হাফ সেঞ্চুরিতে (৫৪*) ৩৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আনসার। আনসারের উইকেটই পড়ে মাত্র দুটি। পাপিয়া ও রুমানা নিয়েছেন ১টি করে উইকেট।এই মোহামেডানের কাছেই গত ক্লাব কাপের ফাইনালে হেরেছিল আনসার। এবার তাহলে প্রতিশোধই নেওয়া হলো? কোচ ফরিদা বেগম হাসতে হাসতে বললেন, ‘ক্রিকেটে প্রতিশোধ বলে কিছু নেই। এবার আমরা ভালো খেলেছি বলেই চ্যাম্পিয়ন হয়েছি। তা ছাড়া আমাদের খেলোয়াড়েরা এবার অনেক ভালো খেলেছে। দলের সবার পরিশ্রমের ফল এটা।’ ফাইনালে হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন মোহামেডান কোচ ইমতিয়াজ হোসেন, ‘আমাদের ব্যাটাররা কেউই রান পায়নি। ওরা পুরো ফ্লপ ছিল। ওখানেই আসলে হেরে গেছি আমরা।’ ম্যাচসেরা হয়েছেন জয়ী দলের আয়েশা আক্তার, টুর্নামেন্ট-সেরা মোহামেডানের রুমানা আহমেদ।সংক্ষিপ্ত স্কোর:মোহামেডান: ৩৬.৪ ওভারে ১০৭ (সালমা ২৭, পাপিয়া ২১, রুমানা ১০; তিথি ২/২২, মাহমুদা ২/১৩, শরীফা ১/৭, লতা ১/১৪, পান্না ১/১৩)। আনসার: ৩৫ ওভারে ১০৮/২ (আয়েশা ৫৪*, পান্না ২৫*, লতা ১৯; পাপিয়া ১/১৮, রুমানা ১/৩৫)। ফল: আনসার ৮ উইকেটে জয়ী।