ক্লাব কিনছেন বেকহাম!

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) সামনের মৌসুমে আরেকটি নতুন ফ্র্যাঞ্চাইজির যুক্ত হওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে। সেটির ব্যাপারে আগ্রহী ম্যানচেস্টার সিটির মালিক শেখ মনসুরের মতো ধনকুবেররা। তবে তাঁদের চেয়ে বেকহাম এগিয়ে আছেন। কারণ ২০০৭ সালে এলএ গ্যালাক্সির সঙ্গে চুক্তির সময় একটা শর্ত ছিল, বেকহাম চাইলে এরপর এমএলএসে একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানার অংশীদার হতে পারবেন এবং সেটা তাঁকে দেওয়া হবে অন্যদের তুলনায় কম অর্থ বিনিয়োগে। সুযোগটা কাজে লাগাতেই আটঘাট বেঁধে নেমেছেন বেকহাম। পরশু মায়ামি সফরেও গেছেন সেই উদ্দেশ্যেই। বলিভিয়ান ধনকুবের মার্সেলো ক্লাউরেকে নিয়ে ঘুরে দেখেছেন মায়ামির সানলাইফ ও ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্টেডিয়াম দুটি। ক্লাউরে নিজেও চান বেকহামের সঙ্গে মিলে একটি ফ্র্যাঞ্চাইজি কিনবেন। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যে খুব বেশি দেরি করবেন না, সেটাও বেকহাম জানিয়ে দিয়েছেন একটা টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে, ‘আমার মনে হয় মায়ামির মানুষ ক্রীড়াপ্রেমী এবং তারা জিততে চায়। এখান থেকে মেজর লিগ সকারে একটা দল রাখতে পারা হবে দারুণ রোমাঞ্চকর।’ এএফপি।