ক্লাব কিনছেন বেকহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে দীর্ঘ পাঁচ বছর কাটিয়েছেন। সেই মার্কিন ফুটবলেই আবার ফিরতে পারেন ডেভিড বেকহাম। না, খেলোয়াড় হিসেবে আর নয়। অবসর মানে চূড়ান্ত অবসরই। তবে বেকহাম ফিরতে পারেন মালিকের ভূমিকায়। মেজর লিগ সকারের (এমএলএস) কোনো একটা দল কেনার ব্যাপারে বেকহাম যে আগ্রহী, সেটা মোটামুটি পরিষ্কার। কারণ এরই মধ্যে তাঁর প্রতিনিধি এমএলএস কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন। এমএলএসের শীর্ষ কর্মকর্তা ড্যান কোর্টমানশে নিশ্চিত করেছেন এই খবর।১৯ দলের এমএলএসে আরেকটি নতুন দল যুক্ত হওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে। সেই নতুন ফ্যাঞ্চাইজির ব্যাপারে আগ্রহী ম্যানচেস্টার সিটির মালিক শেখ মনসুরের মতো ধনকুবেররা। যথেষ্ট অর্থবিত্ত থাকলেও বেকহাম হয়তো তাঁদের সঙ্গে লড়াইয়ে পেরে উঠবেন না। তবে তার পরও তিনি এগিয়ে আছেন। কারণ ২০০৭ সালে এলএ গ্যালাক্সির সঙ্গে চুক্তির সময়ই একটা শর্ত ছিল, বেকহাম চাইলে এরপর এমএলএসে একটি ফ্রাঞ্চাইজির মালিকানার অংশীদার হতে পারবেন। অন্যদের তুলনায় কম অর্থ বিনিয়োগেই ফ্রাঞ্চাইজির মালিকানা দেওয়া হবে তাঁকে। বেকহামকে গুনতে হবে আড়াই কোটি ডলার, অন্যদের জন্য যে অঙ্কটি এর চেয়ে অনেক বেশি।বেকহাম ক্লাব কিনছেন কি না, তাঁর অবসর-পরবর্তী জীবন কী হবে, এসব নিয়েও অনেকের মধ্যে চরম কৌতূহল রয়েছে। যদিও বেকহাম বা তাঁর মুখপাত্রদের কেউই মুখ খুলছেন না। আপাতত পূর্বঘোষিত কিছু প্রতিশ্রুতি পালন করবেন। এর মধ্যে আছে চীনে ফুটবলের প্রচারণা বাড়ানো। তবে তারও আগে বেকহামকে খেলতে হবে মাঠেই। গতকাল পিএসজির একটি ম্যাচ হয়ে গেছে। লিগে ম্যাচ বাকি আছে আর একটি। বেকহামকে শেষবারের মতো প্রতিযোগিতামূলক ফুটবলে দেখার জন্য তাঁর ভক্তরা নিশ্চয়ই উন্মুখ থাকবে। এই সুযোগে অ্যাডিডাস তাঁর জন্য বানিয়ে দিয়েছে বিশেষ বুট। সেই বুটে গতকালের তারিখটি অঙ্কিত আছে, কারণ এদিনই পিএসজির হয়ে ঘরের মাঠে সর্বশেষ খেলেছেন বেকহাম। আর আছে তাঁর স্ত্রী ও সন্তানদের নামের আদ্যাক্ষর। রয়টার্স, ওয়েবসাইট।