ক্লাব ক্রিকেটে ফিরেই মুশফিকের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওল্ড ডিওএইচএস এখনো সবার ওপরেই আছে। ভিক্টোরিয়াও আছে দ্বিতীয় স্থানে। তবে শিরোপার দৌড়ে এগিয়ে থাকা এই দুই দলের হার দিয়েই কাল শুরু হয়েছে প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগ পর্ব। ১৮ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করা ওল্ড ডিওএইচএসকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ভিক্টোরিয়াকে শেখ জামাল ধানমন্ডি হারিয়েছে ৯ রানে। দিনের অন্য ম্যাচে হেরেছে আবাহনীও। তাদের বিপক্ষে ৫ রানে জেতা গাজী ট্যাংকের পয়েন্টও এখন ১৬।এশিয়া কাপের শেষটা হয়েছে বাষ্পরুদ্ধ হতাশায়। বুকের ভেতর এখনো সেই দুঃখের স্রোত বয়ে চললেও মাঠে সেটা ভুলেই থাকলেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ফতুল্লায় উত্তেজনাপূর্ণ ম্যাচে ভিক্টোরিয়ার বিপক্ষে শেখ জামালের জয়টা তাঁর সেঞ্চুরির সৌজন্যেই। ৩৫ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে মাহমুদুল হাসানের সঙ্গে (৭৪) মুশফিকের ২১৯ রানের জুটিতে শেখ জামালের রান হয় ৬ উইকেটে ২৮৭। ১১৮ বলে ১১৪ রানের ইনিংসে দুটি ছক্কা আর ১১টি চার—এশিয়া কাপের আত্মবিশ্বাসই কি ঘরোয়া ক্রিকেটটা এত সহজ করে দিল মুশফিকের জন্য? লিগে চতুর্থ সেঞ্চুরি করা মুশফিক কিন্তু সেটা বলছেন না, ‘খুব যে সহজ মনে হয়েছে তা নয়। উইকেটে ঘাস ছিল, ওদের বোলাররাও ভালো বল করেছে।’ মুশফিকের তৃপ্তিটা অন্য জায়গায়, ‘লিগ পর্ব শেষে আমি তৃতীয় সর্বোচ্চ স্কোরার ছিলাম। আজকের (গতকাল) সেঞ্চুরির পর সর্বোচ্চ স্কোরার হওয়ার সুযোগটা বেড়ে গেল।’ ৫০৪ রান নিয়ে লিগ পর্ব শেষ করা মুশফিক এখন ৬১৮ রান নিয়ে আছেন দ্বিতীয় স্থানে।শেখ জামালে মুশফিক। ভিক্টোরিয়ায় আছেন সাকিব, তামিম, জহুরুলরা। তামিম কালকের ম্যাচটা খেলেননি। আর সাকিব-জহুরুল খেলেও পারেননি শেষ রক্ষা করতে। ৪৯ ওভারে ২৭৮ রানেই অলআউট ভিক্টোরিয়া। কামরান সাজিদের ফিফটির সঙ্গে জহুরুল (৪৪), সাকিবদের (৩৩) মাঝারি ইনিংসগুলো হারের ব্যবধানই কমিয়েছে শুধু।হারলেও সর্বোচ্চ রানের তালিকায় মুশফিকের চেয়ে এখনো এগিয়ে আবাহনীর অধিনায়ক মাহমুদউল্লাহ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল গাজী ট্যাংকের বিপক্ষে করা ৭৮ রান তাঁকে রেখেছে সবার ওপরেই (৬২০)। অলক কাপালির ৭৭ আর উসমান সালাউদ্দিনের ৬৫ রানের সৌজন্যে গাজী ট্যাংক ৫ উইকেটে করেছিল ২৩৯। জবাবে ৪৩ রানে ৩ উইকেট হারানো আবাহনীকে টেনে তোলেন মাহমুদউল্লাহই। নিজে ৭৪ বলে ৭৮ করেছেন, চতুর্থ উইকেটে ৮২ রানের জুটি গড়েছেন ফরহাদ হোসেনের (৫১) সঙ্গে। তবে মাত্র ৪৮ রানে শেষ ৫ উইকেটের পতন তীরে এসে তরী ডুবিয়েছে চ্যাম্পিয়নদের। গাজী ট্যাংকের পেসার আলাউদ্দিন বাবু ৬১ রানে নিয়েছেন ৪ উইকেট।সুপার লিগে ওল্ড ডিওএইচএসের শুরুটাও খারাপ হলো। বিকেএসপিতে ওপেনার জিয়া (৫১), সাঈদ আনোয়ার জুনিয়র (৫২) ও আদনান রাজার (৫১) ফিফটির পরও ৭ উইকেটে ২৫৪ করে তারা। জবাবে ৭ বল বাকি থাকতেই জয় পেয়ে গেছে মোহামেডান। দলের ১৭ রানে ওপেনার ইমতিয়াজ আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার ইমরুল কায়েস (৪৮) আর বাবর আজম (৭২) যোগ করেছেন ৭৬ রান। পরে অধিনায়ক নাঈম ইসলামের অপরাজিত ৬৩ জয়টাকে সহজ করেছে আরও। কালকের ৪৮-এর পর ৫৫৫ রান নিয়ে প্রিমিয়ার লিগে এখন তৃতীয় সর্বোচ্চ রান ইমরুল কায়েসের। মুশফিকের সেঞ্চুরির মতো সুপার লিগের প্রথম দিনে পাওয়া গেল এই সুসংবাদও—এশিয়া কাপটা বসে বসে কাটানোর পরও প্রিমিয়ার লিগের ফর্ম ধরে রেখেছেন ইমরুল।সং ক্ষি প্ত স্কো রআবাহনী-গাজী ট্যাংকগাজী ট্যাংক: ৫০ ওভারে ২৩৯/৫ (অলক ৭৭, উসমান ৬৫, মমিনুল ৩১*, নাজমুল ২৪*, আফাক ২৩; আবুল হাসান ৩/৬৯)। আবাহনী: ৫০ ওভারে ২৩৪ (মাহমুদউল্লাহ ৭৮, ফরহাদ ৫১, আবুল হাসান ২৩; আলাউদ্দিন ৪/৬১, বিশ্বনাথ ২/২৬, আসিফ ২/২৬)। ফল: গাজী ট্যাংক ৫ রানে জয়ী। মোহামেডান-ওল্ড ডিওএইচএসওল্ড ডিওএইচএস: ৫০ ওভারে ২৫৪/৭ (আনোয়ার ৫২, জিয়াউর ৫১, আদনান ৫১, আশরাফুল ৩০, ফয়সাল ২৭; ওয়াহিদ ২/২১, নূর ২/৪০, নাঈম ২/৫৭)। মোহামেডান: ৪৮.৫ ওভারে ২৫৭/৫ (বাবর ৭২, নাঈম ৬৩*, ইমরুল ৪৮, রাজিন ৩৯, মাবুদ ২১*; শুভাগত ২/৩৯)।ফল: মোহামেডান ৫ উইকেটে জয়ী।ভিক্টোরিয়া-শেখ জামালশেখ জামাল: ৫০ ওভারে ২৮৭/৬ (মুশফিকুর ১১৪, মাহমুদুল ৭৪, মেহরাব ৩৯; মোশাররফ ২/৪৮)। ভিক্টোরিয়া: ৪৯.০ ওভারে ২৭৮ (কামরান ৫০, জহুরুল ৪৪, সৈকত ৩৯, সৌম্য ৩৭, সাকিব ৩৩; আরাফাত সানি ৩/৪০, শামসুর ৩/৪২, ডলার ২/৩৭)।ফল: শেখ জামাল ৯ রানে জয়ী।প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিল ম্যাচ জয় হার পয়েন্টডিওএইচএস ১১ ৯ ২ ১৮ভিক্টোরিয়া ১১ ৮ ৩ ১৬গাজী ট্যাংক ১১ ৮ ৩১ ১৬আবাহনী ১১ ৬ ৫ ১২শেখ জামাল ১১ ৬ ৫ ১২মোহামেডান ১১ ৬ ৫ ১২* সূর্যতরুণের বিপক্ষে পাওয়া পয়েন্ট যোগ হয়নি