ক্লাব দলে নাম লেখালেন বলিভিয়ার প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনীতির ময়দানের দক্ষ খেলুড়ে মোরালেস এবার খেলবেন ফুটবলের মাঠে
রাজনীতির ময়দানের দক্ষ খেলুড়ে মোরালেস এবার খেলবেন ফুটবলের মাঠে

তিনি ফুটবলপাগল। খেলাটা ভীষণ ভালোবাসেন। মাঠে কয়েকবার নেমে শখের ফুটবলও খেলেছেন। কিন্তু এ কিন্তু শখের বশে বা কোনো দাতব্য ম্যাচে মাঠে নামা নয়। বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস সত্যি সত্যিই পেশাদারি ফুটবলে নাম লিখিয়েছেন। সেটিও ৫৪ বছর বয়সে এসে। আগামী মৌসুম থেকে বলিভিয়ার প্রথম শ্রেণীর লিগে মাঠে নামবেন লাতিন আমেরিকার জনপ্রিয় এই রাজনীতিবিদ।
খেলাধুলার জগত্ থেকে অনেকেই জড়িয়ে পড়েন রাজনীতিতে। কিন্তু মোরালেস ঘটাতে চলেছেন ঠিক উল্টো ঘটনা। রাজনীতির ময়দান থেকেই পা রাখতে যাচ্ছেন খেলার মাঠে। বিরল এ ঘটনাটির মাধ্যমে নতুন এক রেকর্ডের হাতছানিও আছে মোরালেসের সামনে। আগামী মৌসুমে মাঠে নামার সঙ্গে সঙ্গেই তিনি হয়ে যাবেন সবচেয়ে বেশি বয়সী পেশাদার ফুটবলার। এর আগে এই রেকর্ডটি ছিল স্ট্যানলি ম্যাথুসের দখলে। ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছিলেন ৫০ বছর বয়সে।
আগামী মৌসুমেই প্রথমবারের মতো বলিভিয়ার প্রথম বিভাগের লিগে খেলার সুযোগ পেয়েছে স্পোর্টস বয়েজ ক্লাব। শীর্ষ পর্যায়ের লিগে তারা অংশ নেবে দেশটির প্রেসিডেন্টকে সঙ্গে নিয়েই। স্পোর্টস বয়েজ ক্লাবের ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন মোরালেস। বেতন হিসেবে প্রতি মাসে পাবেন ২১৪ ডলার।
ফুটবল মাঠে মোরালেসকে আগেও বেশ কয়েকবার দেখা গেছে। সাংবাদিক, ইউনিয়ন নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যম হিসেবে বেছে নিতেন বল দখলের লড়াইকে। ২০০৭ সালে ফিফার একটি সিদ্ধান্তের বিরোধিতা করেও মাঠে নেমেছিলেন বলিভিয়ার প্রেসিডেন্ট। সমুদ্রপৃষ্ঠের অনেক ওপরে অবস্থিত হওয়ায় বলিভিয়ায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছিল ফিফা। সেটার বিরোধিতা করে মোরালেস মাঠে নেমেছিলেন সমুদ্রপৃষ্ঠের ১৯ হাজার ফিট উঁচুতে অবস্থিত এক স্টেডিয়ামে।
২০০৬ সালে ফুটবল খেলতে গিয়ে একবার নাকও ভেঙেছিলেন। তবে পেশাদারি ফুটবলে নাম লিখিয়ে আগের সবকিছুকেই ছাড়িয়ে গেছেন মোরালেস।