ক্লাব বিশ্বকাপ করিন্থিয়ানসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপ-সেরার মুকুট তাদের মাথায়। চেলসির স্বপ্ন ছিল প্রথমবারের মতো বিশ্বসেরার মুকুটটিও মাথায় তোলার। সেটা হলে দায়িত্ব নেওয়ার শুরুতেই সমালোচনার মুখে পড়া অন্তর্বর্তী কোচ রাফায়েল বেনিতেজও পায়ের তলায় শক্ত জমি পেতেন। কিন্তু তাদের সব আশাই গুঁড়িয়ে দিল করিন্থিয়ানস। কাল চেলসিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে নিল ব্রাজিলিয়ান ক্লাবটিই। ইয়োকোহামার ফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে তারা। করিন্থিয়ানসের জয়ের নায়ক ২৮ বছর বয়সী স্ট্রাইকার পাওলো গুয়েরেরো। ম্যাচের ৬৯ মিনিটে একমাত্র গোল করেছেন পেরুভিয়ান স্ট্রাইকার।এমনিতে হয়তো এই টুর্নামেন্টের তেমন নাম-ডাক নেই। তাতে কী, বিশ্বকাপ তো! বিশ্বকাপ জেতা মানেই বিশ্বসেরা, বিশ্বসেরা ক্লাব! করিন্থিয়ানস সেই সম্মান গায়ে মাখল দ্বিতীয়বারের মতো। ২০০০ সালে ক্লাব বিশ্বকাপের প্রথম আসরেই শিরোপা জিতেছিল করিন্থিয়ানস। নিজেদের মাটিতে সেবারের ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাবটি স্বদেশি ক্লাব ভাস্কো দা-গামাকে হারিয়েছিল টাইব্রেকারে।ফাইনালে চেলসিই ছিল ফেবারিট। গত মৌসুমে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হয়েই প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পায় তারা। আর করিন্থিয়ানস এসেছিল দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন হিসেবে। তা ছাড়া ফাইনালের পথে চেলসি সেমিফাইনালে মেক্সিকোর মনতেরেইকে হারিয়েছিল ৩-১ গোলে। সেখানে অন্য সেমিফাইনালে মিসরের আল আহলিকে হারাতেই ঘাম ছুটে যায় করিন্থিয়ানসের। সব মিলিয়ে এরই মধ্যে ইংলিশ লিগের দৌড় থেকে অনেকটাই ছিটকে পড়া চেলসিও আত্মবিশ্বাসী ছিল, মৌসুমে অন্তত একটা শিরোপা জিততে যাচ্ছে তারা।তাদের সেই আত্মবিশ্বাসের বেলুনটি কী দারুণভাবেই না ফুটো করে দিল করিন্থিয়ানস! ফুটবল দর্শনে কালকের ফাইনালটি ছিল দুটি ধারার লড়াই। ইউরোপের পাওয়ার ফুটবলের সঙ্গে ব্রাজিল বা লাতিন আমেরিকার নান্দনিক ছন্দের প্রদর্শনী। শেষ পর্যন্ত জয় হলো লাতিন আমেরিকার নান্দনিকতারই। চেলসিতেও আছেন তিনজন ব্রাজিলিয়ান, যাঁদের দুজনকেই কাল খেলিয়েছেন বেনিতেজ। কিন্তু ব্রাজিলিয়ান ছন্দ নয়, দলের দর্শন মেনে লুইজ-রামিরেজরা মাঠে নেমে ইউরোপ বা ইংল্যান্ডের পাওয়ার ফুটবলের চর্চাই তো করেন।দুই দলই শুরুতেই খেলতে থাকে আক্রমণাত্মক ফুটবল। গোলের অনেক সুযোগও পেয়েছে দুই দলই। এ রকমই একটা সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের নায়ক করিন্থিয়ানসের গুয়েরেরো। শেষ দিকে করিন্থিয়ানসের জালেও একবার বল জড়িয়েছিলেন চেলসির স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তোরেস। কিন্তু তিনি ছিলেন অফসাইড। শেষ মুহূর্তে নাটকীয়তা হয়েছে আরও। ঠিক ৯০ মিনিটে লাল কার্ড পান চেলসি ডিফেন্ডার গ্যারি কাহিল।খেলা দেখতে ১৫ হাজারেরও বেশি করিন্থিয়ানস সমর্থক এসেছিল জাপানে। তাদের সঙ্গে উৎসব করার আগে গোলদাতা গুয়েরেরোর কণ্ঠে ছিল উচ্ছ্বাস, ‘এটা অবিশ্বাস্য এক অনুভূতি। এত করিন্থিয়ানস সমর্থকের সামনে জেতা, যারা এত পথ পাড়ি দিয়ে এসেছে, সত্যিই অসাধারণ।’চেলসি মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের কণ্ঠে বইছিল ঠিক উল্টো স্রোত, ‘এত দূর এসে জিততে না পারাটা বড় হতাশার।’এ নিয়ে ক্লাব বিশ্বকাপের মোট নয় আসরের মধ্যে চারবারই শিরোপা গেল ব্রাজিলে। এএফপি, রয়টার্স।