ক্লাব বিশ্বকাপে মেসির আশা
প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে তিন বছর পর লিগ শিরোপা হারানোর শঙ্কায় পড়ে গেছে বার্সেলোনা। একটি ম্যাচ বেশি খেলেও ৩ পয়েন্ট পেছনে কাতালান ক্লাবটি। আগামী শনিবার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হেরে গেলেই ঘটবে টানা চতুর্থ লিগ স্বপ্নের সমাধি। আর এল ক্লাসিকো খেলেই কিনা জাপানে ছুটতে হচ্ছে লিওনেল মেসির দলকে, যেখানে বসছে ক্লাব বিশ্বকাপ ফুটবলের আসর। এটা এমনই এক প্রতিযোগিতা যেটা অনেকের কাছেই উটকো ঝামেলা।তবে বার্সা তারকা মেসির কাছে ক্লাব বিশ্বকাপ অবাঞ্ছিত নয়। বরং কোচ পেপ গার্দিওলাকে ১৩তম শিরোপা উপহার দেওয়ার উপলক্ষই মনে করছেন এই টুর্নামেন্টকে। ২০০৯ সালে ক্লাব বিশ্বকাপ জেতা বার্সেলোনা তারকা বলেছেন, ‘ক্লাব বিশ্বকাপে খেলাটা দারুণ ব্যাপার এবং এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাও। শেষবার এতে খেলার স্মৃতিটা আমাদের কাছে চমৎকার। ওই অভিজ্ঞতা আবারও পাওয়ার সময় গুনছি। আমরা সেবারের মতোই উৎসব করতে চাই।’ওই বছর ছয়টি শিরোপা জেতা বার্সেলোনা ক্লাব বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনার এস্তুদিয়ান্তেসকে ২-১ গোলে হারিয়ে। এবারের প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ থেকেই। তবে সরাসরি সেমিফাইনালে খেলবে বার্সা, ১৫ ডিসেম্বর। আফ্রিকার তিউনিসিয়ান ক্লাব এসপারেন্স ও এশিয়ার কাতারি ক্লাব আল সাদের মধ্যকার বিজয়ীরাই দাঁড়াবে বার্সেলোনার সামনে। সরাসরি সেমিফাইনালে খেলবে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন ব্রাজিলের সান্তোসও। তাই চোখ রাখুন ১৮ ডিসেম্বর ইয়োকোহামার ফাইনালে। কোনো অঘটন না ঘটলে দ্বৈরথটা হবে বার্সা-সান্তোসে, অন্যভাবে দেখলে মেসি-নেইমারে। এএফপি।