ক্লাবগুলোকে আর বোর্ডের অনুদান নয়?
দেশের ক্রিকেটে কোনো ক্লাব কিংবা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মানেই এখন ক্রিকেটারদের সম্মানী নিয়ে টানাহেঁচড়া। আরেকটি টুর্নামেন্ট শুরুর আগেও যথারীতি উঠল এই প্রসঙ্গ। ঢাকা প্রিমিয়ার লিগে সম্মানী পুরোপুরি না দেওয়ার অভিযোগ আছে যে দুই ক্লাবের বিরুদ্ধে, সেই আবাহনী-মোহামেডান যে খেলছে এই আম্বার বিজয় দিবস টি-টোয়েন্টিতেও!
প্রসঙ্গটা ওঠায় ছোটখাটো একটা নাটকও হয়ে গেল। সংবাদ সম্মেলনে বোর্ডপ্রধান নাজমুল হাসান মঞ্চ থেকেই সাংবাদিকদের পাশে বসা আবাহনীর কর্মকর্তা (যিনি আবার বোর্ড পরিচালকও) ইসমাইল হায়দার মল্লিকের কাছে জানতে চাইলেন, ‘কী মল্লিক, আবাহনী টাকা পায়নি কেন?’ ইসমাইল হায়দারের জবাব, ‘আমরা বোর্ডের কাছে ১০ লাখ টাকা পাই। প্লেয়ার পেমেন্ট আমাদের বাকি আছে ১৮ লাখ টাকা। বোর্ডের কাছ থেকে টাকাটা পেলে দিয়ে দেব।’ বোর্ড প্রেসিডেন্টের পাল্টা কথা, ‘তোমরা আগে টাকা দিয়ে দাও, পরে নিয়ো বোর্ডের কাছ থেকে।’
—নাহ, আগে বোর্ড দিক...।
—বোর্ড কেন আগে দেবে...?
—খেলা শেষ হয়ে গেছে, বোর্ড টাকাটা দিলেই হয়!
—শোনো, এখন পেমেন্টের দায়িত্ব বিসিবির, কোনো বোর্ড পরিচালক কিন্তু ডিফল্টার হতে পারবে না!
হাস্যরসে কথা চালাচালি হলেও বোর্ড কর্তাদের সরাসরি সাংঘর্ষিক দ্বৈতচরিত্রের জটিলতা ফুটে ওঠে এতেই। ক্লাব কর্তারাই বোর্ড পরিচালক। ক্লাবের পক্ষ হয়ে বোর্ডের কাছ থেকে অনুদান বের করেন, বোর্ডের পক্ষ হয়ে আবার সেটা অনুমোদন করে, ক্লাবের পক্ষ নিয়ে আবার বোর্ডের টাকা না পাওয়ার অনুযোগ করেন!
বাংলাদেশের ক্রিকেটের যে চরিত্র বা কাঠামো, তাতে নিকট ভবিষ্যতে এটার পরিবর্তনের ন্যূনতম সম্ভাবনা নেই। তবে একটা স্বস্তির খবর অন্তত মিলেছে কাল, বোর্ড ও ক্লাবের আর্থিক লেনদেনের ব্যাপারটি আর থাকছে না। বোর্ডপ্রধান নাজমুল হাসান দিলেন সেই ঘোষণা, ‘ক্লাব টুর্নামেন্টগুলোর টাকা নিয়ে আগে কখনো অভিযোগ সেভাবে শোনা যায়নি। ৯০ ভাগ টাকা দিয়ে দেওয়া হতো। বিপিএল আসার পর পেমেন্ট নিয়ে ঝামেলা শুরু হলো। আর বোর্ড এখানে যেভাবে জড়াল, তার জন্য দায়ী আমি। তখন (গত বিপিএলের আগে) ক্লাবগুলোর পক্ষে বোর্ডের সঙ্গে আলাপ করে আমিই অনুদানের ব্যবস্থা করেছিলাম। সেটা করেছিলাম একবারের জন্যই। কিন্তু এখন মনে হচ্ছে রেওয়াজ গেছে! ভবিষ্যতে বোর্ড কোনো টুর্নামেন্টে ক্লাবগুলোকে এক পয়সাও দেবে না। যদিও সভায় দু-একজন আপত্তি জানিয়েছেন, তার পরও আমি এটাই চাই।’
বোর্ড পরিচালক খালেদ মাহমুদ নিশ্চিত করলেন, এই আম্বার বিজয় দিবস টি-টোয়েন্টিতে ক্রিকেটারদের সম্মানীর ব্যাপারটিও বোর্ড দেখবে।