ক্লাবগুলোর ভাগ্যের খেলা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সুবাদে খেলোয়াড় নিলামের সঙ্গে পরিচয় ঘটেছে বাংলাদেশের ক্রিকেটের। এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দিচ্ছে অভিনব খেলোয়াড়-লটারির অভিজ্ঞতাও। আজ বিকেলে রাজধানীর রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠেয় এই খেলোয়াড়-লটারির নাম দেওয়া হয়েছে ‘প্লেয়ার বাই চয়েস’। নিলামের জয়-পরাজয় নির্ভর করে টাকার জোরের ওপর, ‘প্লেয়ার বাই চয়েস’ পুরোটাই ভাগ্যের খেলা।খেলোয়াড়-লটারি হবে মোট ১৬ রাউন্ডে। ‘এ+’ শ্রেণীর রাউন্ড চলবে এই শ্রেণীভুক্ত চার খেলোয়াড় বিক্রি হওয়া পর্যন্ত। এ ছাড়া ‘এ’ থেকে ‘ডি’ শ্রেণীর জন্য ১১ রাউন্ড ও ‘ই’ শ্রেণীর জন্য ৪ রাউন্ড লটারি হবে। অনুষ্ঠানের শুরুতেই লটারির মাধ্যমে নির্ধারিত হবে ১২ ক্লাবের কোনটি কখন খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পাবে। ধরুন, ক্লাবগুলোর লটারিতে ‘এ’ শ্রেণীর জন্য ‘ক’ ক্লাব হলো ১ নম্বর। ‘এ’ শ্রেণীর লটারিতে প্রথমে তারা খেলোয়াড় বাছাইয়ের সুযোগ পাবে। তবে তারা ‘এ’ শ্রেণীর কোনো খেলোয়াড় না নিতে চাইলে ওই ডাকে অন্য শ্রেণীর খেলোয়াড়ও নিতে পারে। লটারি অনুষ্ঠান হবে রুদ্ধদ্বার। ক্লাব, বিসিবি ও সিসিডিএমের বাইরে ভেতরে থাকবেন না কেউ।গত প্রিমিয়ার লিগের ফলাফল অনুযায়ী ক্লাবগুলোর বাছাই তালিকা করা হয়েছে। চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ক্রম ঠিক করার লটারিতে প্রথম কুপন তুলবে। প্রিমিয়ার লিগে এবার কে কেমন দল করবে, সেটা অনেকটাই নির্ভর করছে এই ক্রম ঠিক করার লটারির ওপর। এমনও হতে পারে গতবার পয়েন্ট তালিকায় অনেক পেছনে থাকা দলটি এবার হয়ে গেল কাগজে-কলমে সেরা। আবার ওপরের দিকে থাকা কোনো দল হয়ে গেল আন্ডারডগ। অবশ্য প্রিমিয়ার লিগের খেলোয়াড়-লটারির এই পদ্ধতি শুধু এই মৌসুমের জন্যই বলে এক দিন আগে জানিয়েছেন সিসিডিএম প্রধান জালাল ইউনুস, ‘এই নিয়ম শুধু এই মৌসুমের জন্যই প্রযোজ্য। আগামী মৌসুম থেকে আবার পুরোনো পদ্ধতিতে দলবদল হবে।’লটারিতে প্রতিটি ক্লাব ‘এ’ শ্রেণী থেকে সর্বোচ্চ ২ জন, ‘বি+’ থেকে সর্বোচ্চ ৩ জন, ‘বি’ শ্রেণী থেকে সর্বোচ্চ ৪ জন, ‘সি’ শ্রেণী থেকে সর্বোচ্চ ৩ জন, ‘ডি’ শ্রেণী থেকে সর্বোচ্চ ৪ জন ও ‘ই’ শ্রেণী থেকে সর্বোচ্চ ৪ জন করে ক্রিকেটার নিতে পারবে। এর মধ্যে ‘ই’ শ্রেণী থেকে অন্তত একজন খেলোয়াড় নেওয়া বাধ্যতামূলক। লটারি অনুষ্ঠানের কমিশনার বিসিবির অস্থায়ী কমিটির সদস্য মাহবুবুল আনাম বলেছেন, ‘এ থেকে ডি শ্রেণীতে থাকা সব খেলোয়াড়েরই লিগে খেলার সুযোগ থাকবে, কারণ প্রত্যেক দলকে এই শ্রেণীগুলো থেকে ১১ জন খেলোয়াড় নিতে হবে।’লটারিতে ক্লাব না-পাওয়া এবং লটারির তালিকায় না-থাকা খেলোয়াড়েরা ‘মুক্ত’ খেলোয়াড় হিসেবে বিবেচিত হবেন এবং পরবর্তী সময়ে যেকোনো ক্লাবে খেলার জন্য নিবন্ধন করতে পারবেন। লিগ চলাকালে জাতীয় দায়িত্ব পালনের জন্য আগের মতোই খেলোয়াড়দের ছাড়তে বাধ্য ক্লাবগুলো। অক্টোবরেই নিউজিল্যান্ড সিরিজ বলে জাতীয় দলের খেলোয়াড়েরা লিগে ৩-৪টার বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না। সে ক্ষেত্রে যে যতটা ম্যাচ খেলবেন, টাকা পাবেন সে কটি ম্যাচেরই। আজ ‘প্লেয়ার বাই চয়েস’ অনুষ্ঠান হয়ে যাওয়ার পর শুরু হবে লিগ শুরুর অপেক্ষা। ৩ সেপ্টেম্বর থেকে খেলা শুরুর কথা থাকলেও ক্লাবগুলোর দাবির মুখে সিসিডিএমকে এবারও সম্ভবত পিছু হটতে হচ্ছে। একটি সূত্রে জানা গেছে, আগামী ১৫ সেপ্টেম্বরের আগে লিগ শুরুর সম্ভাবনা কমই। আর লিগ শুরু হলেও মাঠ-সংকট এবারের লিগকে ভালোই ভোগাবে মনে হচ্ছে। নাম ঢাকা প্রিমিয়ার লিগ হলেও প্রাথমিকভাবে বগুড়া, রাজশাহী আর বিকেএসপিকেই ধরা হচ্ছে লিগের মূল ভেন্যু। মাঠ পাওয়া সাপেক্ষে ভেন্যু তালিকায় যোগ হতে পারে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামও।